ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ) বলেছেন, সুন্দর ও সুষ্ঠুভাবে হাজীদের সেবা দিলে এজেন্সিকে পুরস্কৃত করা হবে। হাজীদের কষ্ট দিলে শাস্তি পেতে হবে।

গতকাল শনিবার সন্ধ্যায় রাজধানীর রমনায় পুলিশ কনভেনশন হলে পবিত্র মাহে রমযান উপলক্ষে হজ¦ এজেন্সিজ এসোসিযেশন অব বাংলাদেশ (হাব) আয়োজিত আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ধর্মমন্ত্রী বলেন, হজ¦যাত্রীরা হলেন আল্লাহর মেহমান। তাদের সর্বোত্তম সেবা দিতে হবে। তাদের সাথে ভালো আচরণ করতে হবে। তাদের সাথে কোনো অন্যায় করা যাবে না।

ইফতারের গুরুত্ব তুলে ধরে মন্ত্রী বলেন, ইফতার আল্লাহর হুকুম। এ হুকুম সঠিক সময়ে পালন করতে হবে।

নিজেকে খাদেম আখ্যায়িত করে কায়কোবাদ বলেন, খাদেম হিসেবে আল্লাহর সন্তুষ্টির জন্য আপনাদের সেবা করার চেষ্টা করে যাব। আপনাদের সন্তুষ্টির জন্য নয়, আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করার চেষ্টা করব। প্রধানমন্ত্রী তারেক রহমান আমাকে যে দায়িত্ব দিয়েছেন, আমি আল্লাহর সন্তুষ্টির জন্য সে দায়িত্ব পালনের চেষ্টা করে যাব।

অনুষ্ঠানে ভিডিওকলে বিশেষ অতিথির বক্তব্যে বেসামরিক বিমান পরিবহনমন্ত্রী আফরোজা খানম রিতা বলেন, হজ¦যাত্রীরা যাতে সুন্দর অবস্থানে থাকেন, এ জন্য তাদেরকে একটি কমফোর্ট জোনে রাখার ব্যবস্থা করা হবে। গতবার হজ¦ ব্যবস্থা সুন্দর হয়েছে, এবার আরো সুন্দর ও ভালো হবে বলে তিনি উল্লেখ করেন।

হাবের সভাপতি সৈয়দ গোলাম সরওয়ারের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ধর্ম মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মোঃ আয়াতুল ইসলাম। অনুষ্ঠান পরিচালনা করেন হাবের মহাসচিব ফরিদ আহমদ মজুমদার। অনুষ্ঠানে হাবের বর্তমান ও সাবেক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।