নবম জাতীয় পে-স্কেলের গেজেট প্রকাশ ও বাস্তবায়নের এক দফা দাবিতে আন্দোলনরত সরকারি কর্মচারীদের মিছিলে পুলিশ বাধা দিয়েছে। ব্যারিকেড ভেঙে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার দিকে অগ্রসর হতে গেলে পুলিশ জলকামান ব্যবহার করে তাদের ছত্রভঙ্গ করে দেয়।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে হোটেল ইন্টারকন্টিনেন্টালের পাশের সড়কে পুলিশের বসানো ব্যারিকেড ভেঙে যমুনার দিকে যাওয়ার চেষ্টা করেন কর্মচারীরা। এ সময় পুলিশ তাদের আটকে দেয়। বাধা উপেক্ষা করে মিছিলটি সামনে এগোতে চাইলে জলকামান থেকে পানি ছিটিয়ে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করা হয়।

পরবর্তীতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার প্রবেশমুখে অবস্থান নেন সরকারি কর্মচারীরা। সেখানে তারা বিভিন্ন স্লোগান দিয়ে তাদের দাবি আদায়ের আহ্বান জানান।

আন্দোলনরত নেতারা জানান, দাবির বিষয়ে সরকারের পক্ষ থেকে কোনো দৃশ্যমান অগ্রগতি না থাকায় সারা দেশে একযোগে কর্মবিরতি পালন করা হয়েছে।

সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের মুখ্য সমন্বয়ক ওয়ারেছ আলী বলেন, কর্মচারীরা শান্তিপূর্ণভাবে এবং কর্মচারী শৃঙ্খলাবিধির মধ্য থেকেই আন্দোলন চালিয়ে যাচ্ছেন।

তিনি বলেন, সরকার ৩১ জানুয়ারির মধ্যে নবম জাতীয় বেতন কমিশনের গেজেট প্রকাশ করবে বলে প্রত্যাশা করা হয়েছিল। কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে গেজেট প্রকাশ না হওয়ায় কর্মসূচি আরও জোরদার করা হয়েছে।

এর আগে, সকালে ৯ম পে-স্কেলের গেজেট প্রকাশ ও বাস্তবায়নের দাবিতে ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হন সরকারি চাকরিজীবীরা। এরপর সেখান থেকে যমুনা অভিমুখে যাত্রা করেন তারা।