রাজধানীর রমনা কমপ্লেক্সের দ্বিতীয় তলা থেকে অচেতন অবস্থায় পড়ে থাকা এক বৃদ্ধের ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে মৃত্যু হয়েছে। তাৎক্ষণিকভাবে ওই বৃদ্ধের পরিচয় জানাতে পারেনি পুলিশ। নিহত ব্যক্তির আনুমানিক বয়স ৯০ বছর। গতকাল শনিবার বেলা সাড়ে ৩টার দিকে অচেতন অবস্থায় ওই বৃদ্ধকে উদ্ধার করা হয়। পরে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হলে যাচাই-বাছাই শেষে জরুরি বিভাগের চিকিৎসক ওই ব্যক্তিকে মৃত ঘোষণা করেন।

রমনা থানার এসআই আওলাদ হোসেন বলেন, খবর পেয়ে রমনা কমপ্লেক্সের দ্বিতীয় তলা থেকে ওই বৃদ্ধকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। পরে দ্রুত ঢাকা মেডিক্যালে নিয়ে গেলে চিকিৎসক জানান তিনি আর বেঁচে নেই।

তিনি বলেন, আশপাশের লোকদের জিজ্ঞাসাবাদ করেও ওই বৃদ্ধের পরিচয় জানা যায়নি। লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজের মর্গে রাখা হয়েছে। প্রযুক্তির সহায়তায় বৃদ্ধের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।