জাতিসংঘসহ বিভিন্ন দেশের শান্তি বজায় রাখার আহ্বান
পাকিস্তানের সামরিক অভিযানে ২৭৪ আফগান তালেবান সেনা ও জঙ্গী নিহত হয়েছে বলে দাবি করেছে পাকিস্তান। এছাড়া আফগানিস্তানের ক্ষমতাসীন তালেবান সরকারের সর্বোচ্চ ধর্মীয় নেতা হিদাতুল্লাহ আখুন্দজাদা নিহত হয়েছেন। এদিকে জাতিসংঘ মহাসচিবসহ বিশ্বের বিভিন্ন দেশ উত্তেজনা কমিয়ে শান্তি বজায় রাখার আহ্বান জানিয়েছে। এএফপি, আল-জাজিরা, এপি, বিবিসি, আল-আরাবিয়া, ডন।
পাকিস্তানের সামরিক অভিযানে এখন পর্যন্ত ২৭৪ জন আফগান তালেবান সেনা ও জঙ্গী নিহত হয়েছে বলে দাবি করেছে পাকিস্তান। এ ছাড়া অভিযানে ৪ শতাধিক আফগান সেনা আহত হয়েছেন, ৭৩টি চৌকি ধ্বংস করা হয়েছে এবং ১৭টি চৌকি নিয়ন্ত্রণে নেওয়া হয়েছে। পাকিস্তানের দৈনিক ডন জানায়, গতকাল শুক্রবার ইসলামাবাদে এক সংবাদ সম্মেলনে পাকিস্তানের আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী এসব দাবি করেন। জেনারেল আহমেদ শরীফ চৌধুরী আরও জানান, প্রাথমিক হিসাব অনুযায়ী আফগান বাহিনীর অন্তত ১১৫টি ট্যাংক, সাঁজোয়া যান এবং কামান ধ্বংস করা হয়েছে।
পাকিস্তানের ১২ সেনা নিহত
এ পর্যন্ত ১২ পাকিস্তানি সেনা নিহত ও ২৭ সেনা আহত হয়েছে বলে জানিয়েছেন পাকিস্তানের আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী। গতকাল শুক্রবার ইসলামাবাদে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।
পাকিস্তান ‘বারবার’ যুদ্ধবিরতির অনুরোধ জানিয়েছিল বলে দাবি করেছেন আফগান সরকারের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ। গতকাল শুক্রবার এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। তিনি বলেন, আফগানিস্তান সংলাপের মাধ্যমে সমাধান চায়।
জাবিউল্লাহ মুজাহিদ বলেন, পাকিস্তান হামলা চালিয়ে যেতে থাকলে তার কঠোর জবাব দেওয়ার সামর্থ্য আফগানিস্তানের আছে। তিনি আরও বলেন, ‘আমরা পাকিস্তানের গুরুত্বপূর্ণ সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছি। এতে বার্তা দেওয়া হয়েছেÑ আমাদের হাত তাদের গলা পর্যন্ত পৌঁছাতে পারে।’
জাবিউল্লাহ মুজাহিদ আরও বলেন, তেহরিক ই তালেবান পাকিস্তানের (টিটিপি) বিষয়টি এই অঞ্চলে অস্থিতিশীলতা সৃষ্টির একটি ‘পূর্বপরিকল্পিত অজুহাত’। আর এ বিষয়টি পাকিস্তানের ‘অভ্যন্তরীণ বিষয়’। তিনি বলেন, ‘ভারতের সঙ্গে আমাদের ভালো সম্পর্ক রয়েছে, কিন্তু এটি কখনোই পাকিস্তানের বিরুদ্ধে নয়।’
আফগান সরকার পাকিস্তানের সঙ্গে সংলাপের মাধ্যমে চলমান পরিস্থিতির সমাধান করতে চায় বলেও উল্লেখ করেন জাবিউল্লাহ মুজাহিদ। তিনি বলেন, ‘আমরা বারবার শান্তিপূর্ণ সমাধানের ওপর জোর দিয়েছি এবং এখনও সমস্যা সংলাপের মাধ্যমে সমাধান চাই।’
পাকিস্তানের তিন শহরে ড্রোন হামলা করেছে আফগানিস্তান
পাকিস্তানের তিন শহরে ড্রোন হামলা চালানো হয়েছে বলে দাবি করেছেন দেশটির তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার। এ হামলার জন্য সরাসরি আফগানিস্তানের তালেবান সরকারকে দায়ী করেছে ইসলামাবাদ। খবর আল-জাজিরার।
তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার বলেছেন, পাকিস্তানের অ্যাবোটাবাদ, সোয়াবি ও নওশেরা শহরে ছোট পরিসরে ড্রোন দিয়ে হামলা চালানো হয়। তবে পাকিস্তানি বাহিনী ড্রোনগুলো ভূপাতিত করতে সক্ষম হয়েছে। ড্রোন হামলায় এখন পর্যন্ত কোনো প্রাণহানির ঘটেনি।
উত্তেজনা কমিয়ে শান্তি বজায় রাখার আহ্বান জাতিসংঘ মহাসচিবের
আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে ক্রমবর্ধমান সীমান্ত সংঘর্ষ ও সহিংসতা বেড়ে যাওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। গতকাল শুক্রবার এক বিবৃতিতে জাতিসংঘ মহাসচিব দুই দেশকেই উত্তেজনা কমিয়ে শান্তি বজায় রাখার আহ্বান জানান।
জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক বলেন, আন্তোনিও গুতেরেস সীমান্তে দুই দেশের পাল্টাপাল্টি হামলার খবরগুলো নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন। তিনি উভয় পক্ষকে আন্তর্জাতিক আইন কঠোরভাবে মেনে চলার তাগিদ দিয়েছেন।
গুতেরেস বলেন, চলমান এই সংঘাতের মধ্যে বেসামরিক নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করার বিষয়টিকে উভয় পক্ষের সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া উচিত। গত কয়েক দিন ধরে চলা এই রক্তক্ষয়ী সংঘর্ষের ফলে সীমান্তে সাধারণ মানুষের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে।
পাকিস্তান ও আফগানিস্তানকে আলোচনায় বসার আহ্বান চীনের
আফগানিস্তান-পাকিস্তান সীমান্তে চলমান উত্তেজনা নিয়ে গভীর উদ্বেগ জানিয়েছে চীন। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় উভয় পক্ষকে ‘সংলাপ ও আলোচনার মাধ্যমে সমাধান করার’ আহ্বান জানিয়েছে। চীন আরও বলেছে, তারা নিজস্ব মাধ্যমগুলো ব্যবহার করে মধ্যস্থতার জন্য কাজ করছে। পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে উত্তেজনা কমানো এবং দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নে সক্রিয় ভূমিকা পালন করতে তারা প্রস্তুত আছে। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং বলেন, ‘প্রতিবেশী ও বন্ধু দেশ হিসেবে চীন উত্তেজনা বৃদ্ধির বিষয়ে গভীরভাবে উদ্বিগ্ন এবং সংঘাতের কারণে হতাহতের ঘটনায় দুঃখিত। যে কোনো উত্তেজনাই উভয় পক্ষের ক্ষতিসাধন করবে।’ বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘সংঘাত থামানোর বিষয়টি উভয় দেশ ও জনগণের মৌলিক স্বার্থের সঙ্গে সম্পর্কযুক্ত। এটি অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে সাহায্য করবে।’
আফগানিস্তান ও পাকিস্তানকে লড়াই বন্ধের আহ্বান রাশিয়ার
আফগানিস্তান ও পাকিস্তানকে আন্তঃসীমান্ত হামলা বন্ধ এবং কূটনৈতিক উপায়ে বিদ্যমান বিরোধ নিষ্পত্তি করার আহ্বান জানিয়েছে রাশিয়া। খবর আল–জাজিরার। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে সংবাদ সংস্থা আরআইএ গতকাল শুক্রবার এ তথ্য জানিয়েছে।
রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় আরও বলেছে, দুই দেশ যদি অনুরোধ করে তবে মস্কো মধ্যস্থতা করার বিষয়টি বিবেচনা করবে।
উত্তেজনা কমাতে সৌদি আরব ও পাকিস্তানের মধ্যে আলোচনা
সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান আল সৌদ পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ফোনে কথা বলেছেন। সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় আজ শুক্রবার এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে।
বিবৃতিতে বলা হয়েছে, সৌদি পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান আল সৌদ পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের সঙ্গে ‘আঞ্চলিক পরিস্থিতির উন্নয়ন’ ও ‘উত্তেজনা কমানোর উপায়’ নিয়ে আলোচনা করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের সরকারি অ্যাকাউন্টে বিবৃতিটি প্রকাশ করা হয়েছে।
পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার বর্তমানে সরকারি সফরে সৌদি আরবে আছেন।
সংলাপের মাধ্যমে কাবুল-ইসলামাবাদকে বিরোধ মেটানোর আহ্বান ইরানের
আফগানিস্তান ও পাকিস্তানকে তাদের মধ্যকার বিদ্যমান মতপার্থক্য সংলাপ এবং সুপ্রতিবেশীসুলভ আচরণের মাধ্যমে সমাধান করার আহ্বান জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। পবিত্র রমজান মাসের সংযম ও ইসলাম ধর্মের সংহতির গুরুত্ব তুলে ধরে ইরানি পররাষ্ট্রমন্ত্রী এ আহ্বান জানান।
শুক্রবার ভোরে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে আরাগচি এই প্রক্রিয়ায় ইরানের পক্ষ থেকে পূর্ণ সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেন। আরাগচি বলেন, কাবুল ও ইসলামাবাদের মধ্যে গঠনমূলক সংলাপ সহজতর করতে, পারস্পরিক বোঝাপড়া গভীর করতে এবং সহযোগিতা বৃদ্ধিতে তেহরান যেকোনো প্রয়োজনীয় সহায়তা দিতে প্রস্তুত রয়েছে।
পাকিস্তানের আগ্রাসনকে অগ্রহণযোগ্য বলেছে তালেবান
সামরিক প্রতিক্রিয়ার মাধ্যমে পাকিস্তানের বিমান হামলার জবাব দেওয়া হবে বলে জানিয়েছেন আফগানিস্তানের তালেবান সরকারের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ। তিনি পাকিস্তানের পদক্ষেপকে ‘অমার্জনীয়’ আখ্যা দিয়ে বলেছেন, এ ধরনের হামলা দুই দেশের সম্পর্ককে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করবে। সংবাদমাধ্যম দেওয়া এক সাক্ষাৎকারে মুজাহিদ বলেন, প্রতিক্রিয়ার ধরন ‘গোপনীয়’ রাখা হবে, তবে আফগানিস্তান তার সার্বভৌমত্ব রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। তিনি বিভিন্ন দেশ, বিশেষ করে ইসলামি দেশগুলোর প্রতি আহ্বান জানান, যেন তারা পাকিস্তানকে আফগানিস্তানের ওপর হামলা থেকে বিরত রাখতে ভূমিকা রাখে।
মুজাহিদ বলেন, “আমরা চাই আঞ্চলিক ও ইসলামি দেশগুলো এ বিষয়ে তাদের দায়িত্ব বুঝুক এবং পাকিস্তানকে তাদের নীতি পরিবর্তনে উৎসাহিত করুক। আফগানিস্তান ও পাকিস্তান দুটি ঘনিষ্ঠ দেশ, যাদের মধ্যে বহু অভিন্ন স্বার্থ রয়েছে।”
পাকিস্তানের অভিযোগÑ আফগান ভূখণ্ডে তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) আশ্রয় নিয়ে দেশটিতে হামলা চালাচ্ছে। তবে এই অভিযোগ নাকচ করে মুজাহিদ বলেন, টিটিপির আফগানিস্তানে কোনো উপস্থিতি নেই। তার দাবি, গোষ্ঠীটি পাকিস্তানের অভ্যন্তরেই বিস্তীর্ণ এলাকা নিয়ন্ত্রণ করে এবং তাদের আফগান ভূখণ্ডের প্রয়োজন নেই।
তিনি বলেন, “দুর্ভাগ্যজনকভাবে পাকিস্তানে যখনই কোনো হামলা ঘটে, তারা প্রমাণ ছাড়াই আফগানিস্তানকে দায়ী করে। আমরা এই অভিযোগ প্রত্যাখ্যান করছি। আফগান মাটি কারও বিরুদ্ধে ব্যবহার করা হয় না।”
অন্যদিকে পাকিস্তান–এর প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (সাবেক টুইটার)-এ পোস্ট দিয়ে তালেবান সরকারের বিরুদ্ধে ‘প্রকাশ্য যুদ্ধ’ ঘোষণা করেছেন। তিনি দাবি করেন, পাকিস্তান সরাসরি ও বন্ধুত্বপূর্ণ দেশগুলোর মাধ্যমে পরিস্থিতি শান্ত রাখার সর্বোচ্চ চেষ্টা করেছে এবং পূর্ণাঙ্গ কূটনৈতিক উদ্যোগ নেওয়া হয়েছে। কিন্তু ‘ধৈর্যের বাঁধ ভেঙে গেছে’- এখন এটি দুই দেশের মধ্যে প্রকাশ্য সংঘাতে রূপ নিয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম প্রতিবেদনে বলা হয়েছে, আফগান বাহিনী পাকিস্তানি সেনাদের ওপর হামলা চালানোর পর সীমান্তবর্তী এলাকায় উত্তেজনা তীব্র আকার ধারণ করে। আফগানিস্তানের প্রধান শহরগুলোতেও ধারাবাহিক হামলার খবর পাওয়া গেছে।
পাকিস্তান বাহিনী যেকোনো আগ্রাসন প্রতিহত করতে সম্পূর্ণ সক্ষম
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বলেছেন, তার দেশের বাহিনীগুলো যেকোনো ধরনের আগ্রাসী পরিকল্পনা প্রতিহত করতে পুরোপুরি সক্ষম। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পাকিস্তান সরকারের অ্যাকাউন্টে দেওয়া পোস্ট থেকে এমনটা জানা গেছে। খবরে বলা হয়, শাহবাজ শরিফ বলেছেন, ‘প্রিয় মাতৃভূমির প্রতিরক্ষার ক্ষেত্রে কোনো আপস করা হবে না। যথাযথ ও শক্তভাবে প্রতিটি আগ্রাসনের জবাব দেওয়া হবে।’ শাহবাজ আরও বলেন, পুরো জাতি পাকিস্তানের সশস্ত্র বাহিনীর পাশে আছে। পাকিস্তান সরকারের ওই এক্স অ্যাকাউন্ট থেকে একাধিক পোস্ট দেওয়া হয়েছে। সীমান্তে হামলা চালিয়ে সেনাদের হত্যা এবং কয়েক জন সেনাকে অপহরণের জবাবে আফগানিস্তানের বিরুদ্ধে ‘অপারেশন গজব লিল হক’ শুরু করেছে পাকিস্তান। এ অভিযানের অংশ হিসেবে পাকিস্তানের বিমান বাহিনীর (পিএএফ) হামলায় ইতোমধ্যে কমপক্ষে ১৩৩ আফগান সেনা নিহত হয়েছেন এবং আহত হয়েছেন প্রায় দুই শতাধিক। এ ছাড়া আফগানিস্তানের সেনাবাহিনীর গোলাবারুদের একটি বড় ডিপোও ইতোমধ্যে ধ্বংস করা করা হয়েছে।