নতুন সরকারের শপথ অনুষ্ঠান ঘিরে জাতীয় সংসদ ভবন এলাকা পরিহার করে যানবাহন চলাচলের নির্দেশনা দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। গতকাল সোমবার ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ মঙ্গলবার শপথ ঘিরে সংসদ ভবন এলাকায় বিপুল লোকসমাগম হবে। সেজন্য সকাল ৮টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত যানজট এড়াতে যানবাহনগুলোকে বিকল্প পথ ব্যবহারের অনুরোধ করা হচ্ছে।

শপথ অনুষ্ঠান চলার সময়ে খেজুর বাগান ক্রসিং থেকে মানিক মিয়া অ্যাভিনিউ এবং জুলাই স্মৃতি জাদুঘর (গণভবন ক্রসিং) থেকে উড়োজাহাজ ক্রসিং পর্যন্ত লেকরোডে যান চলাচল সীমিত করা হবে। এই সময়ে ডাইভারশনের মাধ্যমে যানবাহন চলাচলের ব্যবস্থা করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ।

যে পথ ধরে চলবে যানবাহন: মিরপুর রোড হয়ে উত্তর দিক থেকে আসা ফার্মগেট-সোনারগাঁও অভিমুখী যানবাহন প্রতিরক্ষা গ্যাপ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র-উড়োজাহাজ ক্রসিং-বিজয় সরণি ক্রসিংয়ে ডানে মোড় নিয়ে ফার্মগেটের দিকে যাবে। ধানমন্ডি ২৭ থেকে আসা যানবাহন আসাদগেট-প্রতিরক্ষা গ্যাপ দিয়ে ডানে মোড় নিয়ে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র-উড়োজাহাজ ক্রসিং-বিজয় সরণি ক্রসিং-ডানে মোড় নিয়ে ফার্মগেট ক্রসিংয়ের দিকে আসা-যাওয়া করবে। আসাদগেট থেকে ফার্মগেট ক্রসিংয়ের দিকে যানবাহনগুলো আসাদগেট থেকে বামে মোড় নিয়ে গণভবন ক্রসিং (জুলাই স্মৃতি জাদুঘর)-প্রতিরক্ষা গ্যাপ-ডানে মোড় নিয়ে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র-উড়োজাহাজ ক্রসিং-বিজয় সরণি ক্রসিং থেকে ডানে মোড় নিয়ে ফার্মগেট ক্রসিংয়ের দিকে যাবে। এলিভেটেড এক্সপ্রেসওয়ে-ইন্দিরা রোড থেকে আসা যানবাহন খেজুর বাগান ক্রসিং-ডানে মোড় নিয়ে উড়োজাহাজ ক্রসিং-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র-বামে মোড় নিয়ে প্রতিরক্ষা গ্যাপ থেকে বামে মোড় নিয়ে আসাদগেট হয়ে ধানমন্ডির দিকে যাবে। মানিক মিয়া অ্যাভিনিউ থেকে ব্লকেড সরিয়ে ফেলা হবে। সে কারণে মিরপুর রোড হতে দক্ষিণমুখী যানবাহন শ্যামলী-শিশুমেলা-গণভবন (জুলাই স্মৃতি জাদুঘর)-আসাদগেট হতে সোজা ধানমন্ডি ২৭ নম্বরের দিকে আসা-যাওয়া করবে। শপথগ্রহণ অনুষ্ঠান চলাকালে যানজট ও দুর্ভোগ এড়াতে ফার্মগেট এক্সিট র‌্যাম্প ব্যবহারের পরিবর্তে এফডিসি (হাতিরঝিল) র‌্যাম্প সচল থাকবে। যানবাহন চলাচল নিয়ন্ত্রণে নগরবাসীর সহযোগিতা কামনা করেছে ডিএমপি।