সফলভাবে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনের জন্য বাংলাদেশের জনগণকে অভিনন্দন এবং নির্বাচনে এগিয়ে থাকার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে (বিএনপি) শুভেচ্ছা জানিয়েছে চীন। গতকাল শুক্রবার বেলা ১১টার দিকে নিজেদের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্ট থেকে এক পোস্টে এ শুভেচ্ছাবার্তা দেয় ঢাকার চীনা দূতাবাস।
এতে বলা হয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও সফলভাবে সম্পন্ন করার জন্য বাংলাদেশের জনগণ এবং নির্বাচনে এগিয়ে থাকার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে অভিনন্দন। আমরা বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে একসাথে কাজ করার এবং চীন-বাংলাদেশ সম্পর্কের নতুন অধ্যায় লেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি। এর আগে সফল নির্বাচনের পর বাংলাদেশের জনগণ এবং বিজয়ের জন্য বিএনপি ও তারেক রহমানকে অভিনন্দন জানায় দেয় ঢাকার মার্কিন দূতাবাস।
গতকাল শুক্রবার সকালে মার্কিন দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে বলা হয়েছে, একটি সফল নির্বাচন আয়োজনের জন্য বাংলাদেশের জনগণকে অভিনন্দন। বিএনপি এবং তারেক রহমানকে তাদের ঐতিহাসিক বিজয়ের শুভেচ্ছা। আমাদের দুই দেশের সমৃদ্ধি ও নিরাপত্তার অভিন্ন লক্ষ্য বাস্তবায়নে আপনাদের সঙ্গে কাজ করার জন্য যুক্তরাষ্ট্র আগ্রহী। এদিকে বিজয়ের জন্য তারেক রহমান এবং বিএনপিকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও।
সামাজিক মাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে মোদি বলেছেন, ‘বাংলাদেশের সংসদীয় নির্বাচনে বিএনপিকে এক বড় বিজয়ে নেতৃত্ব দেওয়ার জন্য আমি তারেক রহমানকে আমার উষ্ণ অভিনন্দন জানাই। ভারতের প্রধানমন্ত্রী পোস্টে আরও বলেন, ‘এ জয় আপনার নেতৃত্বের ওপর বাংলাদেশের জনগণের আস্থার প্রতিফলন। ভারত ‘গণতান্ত্রিক, প্রগতিশীল এবং অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশের প্রতি সমর্থন’ অব্যাহত রাখবে বলেও বাংলাদেশের আসন্ন সরকারকে আশ্বস্ত করেছেন মোদি।
তিনি আরও বলেন, ‘আমাদের বহুমুখী সম্পর্ক জোরদার করতে এবং আমাদের সাধারণ উন্নয়ন লক্ষ্যগুলোকে এগিয়ে নিতে আপনার সাথে কাজ করার জন্য আমি উন্মুখ।’
যুক্তরাজ্য: নির্বাচনে বিজয়ী হওয়ায় তারেক রহমান এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে অভিনন্দন জানিয়েছে যুক্তরাজ্য। দেশটি একটি নতুন অধ্যায়ে প্রবেশ করায় বাংলাদেশের জনগণকেও অভিনন্দন জানায় ব্রিটেন। গতকাল শুক্রবার ঢাকাস্থ ব্রিটিশ হাইকমিশনের অফিসিয়াল ফেইসবুক পেইজে এক বার্তায় এই অভিনন্দন জানায়। ঢাকাস্থ ব্রিটিশ হাইকমিশনের অফিসিয়াল ফেইসবুক পেইজে আরু জানায়, আমরা আমাদের অভিন্ন অগ্রাধিকার: অর্থনৈতিক প্রবৃদ্ধি, অভিবাসন, জলবায়ু এবং নিরাপত্তার উপর একসাথে কাজ করার জন্য উন্মুখ।
বাংলাদেশের নতুন নেতৃত্বের সঙ্গে কাজ করার অপেক্ষায় আছি-শাহবাজ শরিফ: তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি ও দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। একই সঙ্গে তারা সফলভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় বাংলাদেশর জনগণকেও শুভেচ্ছা জানান।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় শাহবাজ শরিফ বলেন, বাংলাদেশের নতুন নেতৃত্বের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার অপেক্ষায় রয়েছি, যাতে আমাদের ঐতিহাসিক, ভ্রাতৃত্বপূর্ণ ও বহুমাত্রিক দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করা যায় এবং দক্ষিণ এশিয়া ও তার বাইরে শান্তি, স্থিতিশীলতা ও উন্নয়নের অভিন্ন লক্ষ্য এগিয়ে নেওয়া যায়।
এর আগে বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভূমিধস জয় পাওয়ায় তারেক রহমান ও তার দল বিএনপিকে অভিনন্দন জানিয়েছে পাকিস্তান। গতকাল শুক্রবার সকালে পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি অভিনন্দন জানান।
পাকিস্তানের প্রেসিডেন্ট বলেন, নির্বাচন কমিশন এখনো চূড়ান্ত ফলাফল প্রকাশ না করলেও বিএনপি ও তাদের মিত্ররা জয়ের পথে এগিয়ে। বাংলাদেশের গণতান্ত্রিক আকাক্সক্ষার প্রতি পাকিস্তানের সমর্থন অব্যাহত থাকবে ও নতুন সরকারের সঙ্গে বাণিজ্য, প্রতিরক্ষা ও সাংস্কৃতিক সহযোগিতা জোরদার করতে তার দেশ আগ্রহী। পাকিস্তানের প্রেসিডেন্ট আশা প্রকাশ করে বলেন, ঢাকার নতুন রাজনৈতিক পরিবেশ আরও ভারসাম্যপূর্ণ, স্বাধীন ও পারস্পরিক শ্রদ্ধাপূর্ণ আঞ্চলিক সম্পর্ক গঠনে সহায়ক হবে।
তারেক রহমানকে মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জুর অভিনন্দন: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি জোটের নিরঙ্কুশ বিজয়ে দলটির চেয়ারম্যান তারেক রহমানকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু। গতকাল শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক বার্তায় তিনি এ অভিনন্দন জানান।
অভিনন্দন বার্তায় মালদ্বীপের প্রেসিডেন্ট বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভ করায় আমি তারেক রহমানকে উষ্ণ শুভেচ্ছা জানাচ্ছি। মালদ্বীপ ও বাংলাদেশের মধ্যে বিদ্যমান দীর্ঘদিনের বন্ধুত্ব ও সহযোগিতার সম্পর্ককে আরও সুসংগত ও গভীর করতে আমি একসঙ্গে কাজ করার অপেক্ষায় রয়েছি। প্রেসিডেন্ট মুইজ্জু আরও যোগ করেন, আমি অত্যন্ত আত্মবিশ্বাসী, আমাদের এই দ্বিপাক্ষিক অংশীদারিত্ব আগামী বছরগুলোতে দুই দেশের পারস্পরিক উন্নয়নের সুযোগ বৃদ্ধির পাশাপাশি সম্পর্ককে আরও শক্তিশালী করবে।
বিএনপিকে অভিনন্দন জানালেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বড় বিজয়ের জন্য বিএনপি ও তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। তিনি গণতান্ত্রিক প্রক্রিয়া সুষ্ঠুভাবে এগিয়ে নেওয়ার জন্য প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের প্রতিও কৃতজ্ঞতা জানিয়েছেন।
গতকাল শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের এক পোস্টে লিখেছেন, আমি তারেক রহমান এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে তাদের বড় নির্বাচনী বিজয়ের জন্য আন্তরিক অভিনন্দন জানাই। এটি গণতন্ত্রের বিজয়। বাংলাদেশের জনগণ কঠিন চ্যালেঞ্জের সময় ব্যালট বাক্সে তাদের কথা বলেছে। আনোয়ার ইব্রাহিম লিখেছেন, আমি আমার প্রিয় বন্ধু ডক্টর মুহাম্মদ ইউনূসের কাছেও কৃতজ্ঞতা জানাতে চাই, এই গুরুত্বপূর্ণ ক্রান্তিকালে প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনের জন্য এবং গণতান্ত্রিক প্রক্রিয়া সুষ্ঠুভাবে এগিয়ে চলা নিশ্চিত করার জন্য। তিনি লিখেছেন, আমাদের দ্বিপাক্ষিক সম্পর্কের নতুন উদ্যম আনতে নতুন নেতৃত্বের সঙ্গে কাজ করার জন্য মালয়েশিয়া উন্মুখ।
তারেক রহমানকে অভিনন্দন জানালেন নেপালের প্রধানমন্ত্রী: বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির বড় জয়ে দলটির চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী সুশীলা কারকি। একই সঙ্গে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারের প্রত্যাশা ব্যক্ত করেছেন তিনি। গতকাল শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের একটি পোস্টে তিনি লিখেছেন, ‘নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে অসাধারণ বিজয়ে নেতৃত্ব দেওয়ার জন্য আমি তারেক রহমানকে আন্তরিক অভিনন্দন জানাই। তিনি আরও উল্লেখ করেন, ‘আমাদের প্রতিবেশী সম্পর্ক জোরদার করতে এবং পারস্পরিক স্বার্থের ক্ষেত্রে সহযোগিতা সুসংহত করতে আপনার সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার জন্য আমি উন্মুখ।’
তারেককে ‘ভাই’ সম্বোধন করে অভিনন্দন মমতার: বিএনপি ও দলটির চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। গতকাল শুক্রবার দুপুর ১টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে তিনি এ অভিনন্দন জানান।
নিজের পোস্টে মমতা ব্যানার্জি বলেন, ‘বাংলাদেশের সকল ভাইবোনকে, জনগণকে, জানাই আমার শুভনন্দন, আমার আগাম রমজান মোবারক। বাংলাদেশের এই বিপুল জয়ের জন্য অভিনন্দন জানাই আমার তারেক ভাইকে, তার দলকে ও অন্যান্য দলকে। সবাই ভালো থাকুন, সুখী থাকুন।’তিনি আরও বলেন, ‘আমাদের সঙ্গে সবসময় বাংলাদেশের সুসম্পর্ক বজায় থাকবেÑএটাই আমরা কামনা করি।’ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি জোট ২১২টি আসন পেয়ে বিজয়ী হয়েছে।
বাংলাদেশের সঙ্গে অংশীদারিত্ব শক্তিশালী করতে প্রস্তুত চীনা মুখপাত্র: জাতীয় সংসদ নির্বাচনের পর অংশীদারিত্বকে আরও শক্তিশালী করতে বাংলাদেশের সঙ্গে কাজ করতে প্রস্তুত বলে জানিয়েছে চীন।
গতকাল শুক্রবার বাংলাদেশের সাধারণ নির্বাচনের ফলাফল সম্পর্কে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এ কথা বলেন। বাংলাদেশের ১৩তম জাতীয় সংসদ নির্বাচন ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয়েছে। প্রাথমিক ফলাফলে দেখা গেছে যে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সরাসরি নির্বাচিত ২৯৭টি আসনের মধ্যে ২০৯টি আসন জিতেছে, যার অর্থ বিএনপি নির্বাচনে জয়লাভ করেছে।
চীনের মন্তব্য কী? এমন প্রশ্নের উত্তরে মুখপাত্র বলেন, চীন উল্লেখ করেছে যে বাংলাদেশে একটি স্থিতিশীল এবং মসৃণ সাধারণ নির্বাচন হয়েছে। এই নির্বাচনে জয়লাভের জন্য বিএনপিকে অভিনন্দন জানাচ্ছে। বাংলাদেশের ঐতিহ্যবাহী বন্ধু এবং প্রতিবেশী হিসেবে চীন বাংলাদেশকে তার অভ্যন্তরীণ রাজনৈতিক এজেন্ডা এগিয়ে নিতে সমর্থন করে। ‘সময়ের সম্মানিত বন্ধুত্বকে এগিয়ে নিতে, উচ্চমানের বেল্ট অ্যান্ড রোড সহযোগিতা এবং বিভিন্ন ক্ষেত্রে ব্যবহারিক সহযোগিতা আরও গভীর করতে এবং চীন-বাংলাদেশ ব্যাপক কৌশলগত সহযোগিতামূলক অংশীদারত্বকে আরও শক্তিশালী করতে বাংলাদেশের সঙ্গে কাজ করতে প্রস্তুত’, যোগ করেন চীন সরকারের মুখপাত্র।