বাহরাইন, ইরাক, জর্দান, কুয়েত, কাতার, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতসহ মধ্যপ্রাচ্যের বেশ কিছু দেশের সার্বভৌমত্ব লঙ্ঘনের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ। গতকাল রোববার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো বিবৃতিতে এই আনুষ্ঠানিক অবস্থান জানানো হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ইরানে সাম্প্রতিক হামলার পরিপ্রেক্ষিতে ওই অঞ্চলে বসবাসরত প্রবাসী বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তা নিয়ে সরকার গভীরভাবে উদ্বিগ্ন। বাংলাদেশ স্পষ্ট করে বলেছে, এই যুদ্ধাবস্থা অব্যাহত থাকলে আঞ্চলিক শান্তি, স্থিতিশীলতা এবং সাধারণ বেসামরিক জনগণের কল্যাণ চরমভাবে বিপন্ন হবে। উদ্ভূত পরিস্থিতিতে মতপার্থক্য নিরসনে সংশ্লিষ্ট সব পক্ষকে সর্বোচ্চ সংযম প্রদর্শনের অনুরোধ জানানো হয়েছে। একই সঙ্গে সামরিক তৎপরতা বন্ধ করে দ্রুত আলোচনার টেবিলে অর্থাৎ কূটনীতিতে ফিরে আসার আহ্বান জানিয়েছে বাংলাদেশ।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে আরো বলা হয়, বাংলাদেশ আশা করে, যত দ্রুত সম্ভব শান্তি বিরাজ করবে এবং এই অঞ্চলে শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা শিগগিরই ফিরিয়ে আনা হবে। ওই বিবৃতিতে সার্বভৌমত্ব লঙ্ঘনের ক্ষেত্রে সাতটি দেশের নামোল্লেখ করা হলেও সে তালিকায় ইরানকে রাখা হয়নি।

উল্লেখ্য, শনিবার ইরানজুড়ে বড় ধরনের সামরিক অভিযান শুরু করে ইসরাইল ও যুক্তরাষ্ট্র। হামলায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি, তার কন্যা, জামাতা ও নাতিও প্রাণ হারিয়েছেন। ইরানি রেড ক্রিসেন্ট বলেছে, সেখানে দুইশর বেশি মানুষ নিহত হয়েছে, যাদের মধ্যে কয়েক ডজন নেতাও রয়েছেন।

ওমান প্রবাসীদের জন্য দূতাবাসের জরুরি নির্দেশনা

এদিকে উপসাগরীয় এলাকায় উদ্ভূত আঞ্চলিক যুদ্ধ পরিস্থিতির প্রেক্ষাপটে ওমানে বসবাসরত বাংলাদেশি নাগরিকদের জন্য বিশেষ নিরাপত্তাজনিত সতর্কবার্তা জারি করেছে মাস্কাটে অবস্থিত বাংলাদেশ দূতাবাস। রবিবার এক নির্দেশনামূলক বিজ্ঞপ্তিতে প্রবাসীদের ওমানি কর্তৃপক্ষ ও দূতাবাসের সব পরামর্শ কঠোরভাবে মেনে চলার অনুরোধ জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বর্তমান আঞ্চলিক পরিস্থিতির কারণে ওমানে বসবাসকারী সব বাংলাদেশি নাগরিকদের সতর্কতা অবলম্বন করার এবং ওমানি কর্তৃপক্ষ এবং মাস্কাটে অবস্থিত বাংলাদেশ দূতাবাস কর্তৃক জারি করা সব সুরক্ষা নির্দেশাবলী এবং পরামর্শ কঠোরভাবে অনুসরণ করার পরামর্শ দেওয়া হচ্ছে। বিড়ম্বনা পরিহারে বিমানবন্দরে যাওয়ার আগে সব যাত্রীদের তাদের বিমান সংস্থা বা ট্রাভেল এজেন্টের সঙ্গে তাদের ফ্লাইটের হালনাগাদ তথ্য যাচাই করার পরামর্শ দেওয়া হচ্ছে।

ওমানে অবস্থানরত কোনও বাংলাদেশি নাগরিক জরুরি প্রয়োজনে বা কোনও সমস্যায় পড়লে দূতাবাসের নিম্নলিখিত নম্বরগুলোতে যোগাযোগ করতে বলা হয়েছেÑ জরুরি হটলাইন ১: +৯৬৮ ৯১৯৮০৬২১/ জরুরি হটলাইন ২: +৯৬৮ ৯১৯৯৭৮৫২।