অমর একুশের বইমেলা ২০২৬, শুরু হচ্ছে ২১ ফেব্রুয়ারি। প্রধানমন্ত্রী তারেক রহমান বই মেলার উদ্বোধন করবেন। মেলা কমিটির সদস্য সচিব ড. সেলিম রেজা দৈনিক সংগ্রামকে নিশ্চিত করেছেন। জানতে চাইলে তিনি দৈনিক সংগ্রামকে গতকাল সন্ধ্যায় জানান, বাংলা একাডেমি আনুষ্ঠানিক চিঠি পায়নি। তবে প্রধানমন্ত্রী ২১ ফেব্রুয়ারি বইমেলা উদ্বোধনের সম্মতি দিয়েছেন।
প্রসঙ্গত ২০ ফেব্রুয়ারির ২০২৬ সালের বই মেলা শুরু হওয়ার কথা ছিল। তবে প্রধানমন্ত্রীর শিডিউল না মেলায় বইমেলা পেছানোর কথা জানাল অমর একুশে বইমেলা ২০২৬ পরিচালনা কমিটি। জানা গেছে, স্টল নির্মাণ, সোহরাওয়ার্দী উদ্যানের অবকাঠামোগত প্রস্তুতি, নিরাপত্তা পরিকল্পনা, আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানসূচি, অতিথি আমন্ত্রণ -সবকিছুই প্রায় চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। অংশগ্রহণকারী প্রকাশকদের স্টল বরাদ্দও সম্পন্ন হয়েছে। রমযান মাসকে সামনে রেখে ইফতার ও নামাযের ব্যবস্থাসহ প্রয়োজনীয় লজিস্টিক প্রস্তুতিও নেওয়া হয়েছে।
সূত্র জানিয়েছে, প্রধানমন্ত্রী তারেক রহমানের শিডিউল না পাওয়ায় শেষ মুহূর্তে এসে উদ্বোধনী অনুষ্ঠান ও অমর একুশে বইমেলা ২০২৬ শুরু হওয়ার দিন একদিন পিছিয়ে ২১ ফেব্রুয়ারি বেলা ১১ টায় উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হতে যাচ্ছে। শনিবার সকাল ১১ টায় প্রধানমন্ত্রী তারেক রহমান এবারের বইমেলা উদ্বোধন করবেন।