মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুরের সঙ্গে বৈঠক করেছে বিএনপির প্রতিনিধি দল। বৃহস্পতিবার রাজধানীর গুলশানে অবস্থিত মার্কিন রাষ্ট্রদূতের বাসভবনে বৈঠকটি অনুষ্ঠিত হয়। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন।
বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খানের নেতৃত্বে পাঁচ সদস্যের প্রতিনিধি দল অংশ নেয়। প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেনÑব্যারিস্টার নওশাদ জমির, ডা. মাহবুবুর রহমান, নায়েবা ইউসুফ এবং ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট নিপুণ রায় চৌধুরী।
বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ড. আব্দুল মঈন খান বলেন, যুক্তরাষ্ট্র সবসময় বাংলাদেশের একজন অত্যন্ত শুভাকাক্সক্ষী রাষ্ট্র হিসেবে আমাদের সহযোগিতা করেছে। আজকে নতুন সরকার আসার পর স্বাভাবিকভাবেই তারা আমাদের নীতিমালা, ভবিষ্যৎ কর্মপন্থা এবং পারস্পরিক সম্পর্ক; বিশেষ করে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক নিয়ে আলোচনা করতে এসেছে।
ড. মঈন খান আরও বলেন, আজকের বৈঠকে যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের কূটনৈতিক সম্পর্ক, বৈদেশিক সম্পর্ক এবং অর্থনৈতিক সম্পর্ক নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।
ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ : প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা। গতকাল বৃহস্পতিবার সকালে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
বৈঠক সূত্রে জানা গেছে, সাক্ষাৎকালে বাংলাদেশ ও ভারতের মধ্যকার বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় এবং দ্বিপাক্ষিক সহযোগিতা আরও জোরদার করার উপায় নিয়ে ফলপ্রসূ আলোচনা অনুষ্ঠিত হয়। এ সময় দুদেশের ঐতিহাসিক বন্ধুত্ব, আঞ্চলিক স্থিতিশীলতা, বাণিজ্য, যোগাযোগ ও উন্নয়ন সহযোগিতা প্রসঙ্গেও মতবিনিময় করেন তারা।
বৈঠকে উভয় পক্ষ বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান ঘনিষ্ঠ সম্পর্ককে ভবিষ্যতে আরও সম্প্রসারণ করার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন। পাশাপাশি পারস্পরিক শ্রদ্ধা, আস্থা ও সহযোগিতার ভিত্তিতে দুদেশের জনগণের কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়।