পানিবদ্ধতা নিরসনে ছয়টি পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আব্দুস সালাম। নগর সংস্থার দায়িত্ব নেওয়ার পর এক মাসের কার্যক্রম ও পদক্ষেপ তুলে ধরতে গতকাল বৃহস্পতিবার দুপুরে নগর ভবনে সাংবাদিক সম্মেলনে আসেন তিনি।
প্রশাসকের নেওয়া পদক্ষেপের মধ্যে রয়েছে, হটস্পট চিহ্নিতকরণ: পানিবদ্ধতার মোট ৩৩টি হটস্পট চিহ্নিত করা হয়েছে। এসব জায়গায় দ্রুত পানি নিষ্কাশনের জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। ইমার্জেন্সি রেসপন্স টিম: প্রতিটি এলাকার জন্য জরুরি সাড়াদানকারী দল বা ইআরটি প্রস্তুত রাখা হয়েছে। পোর্টেবল পাম্প: অতিবৃষ্টিতে জমে থাকা পানি দ্রুত অপসারণের জন্য নতুন ছয়টি পোর্টেবল পাম্প প্রস্তুত রাখা হয়েছে। এছাড়া করপোরেশনের দুটি স্থায়ী পাম্প স্টেশনকে সম্পূর্ণ সচল করা হয়েছে। নতুন আউটলেট নির্মাণ: ডিএসসিসি এলাকার পানি নির্গমনের জন্য টিটিপাড়া, ধোলাইখাল ও হাতিরঝিল এলাকায় মোট তিনটি আউটলেট রয়েছে, যা প্রয়োজনের তুলনায় অপ্রতুল। দ্রুত পানি নির্গমনে নিউ মার্কেট ও পুরান ঢাকার সোয়ারীঘাট এলাকায় দুটি নতুন আউটলেট নির্মাণের প্রস্তাব অনুমোদিত হয়েছে, যা দ্রুত বাস্তবায়ন করা হবে। মাস্টারপ্ল্যান রিভিশন: ঢাকা ওয়াসার কাছ থেকে পাওয়া ড্রেনেজ ব্যবস্থার মহাপরিকল্পনা আধুনিকায়নের জন্য পরামর্শকপ্রতিষ্ঠান নিয়োগ দেওয়া হয়েছে, যাদের সুপারিশ অনুযায়ী দীর্ঘমেয়াদী কাজ পরিচালনা করা হবে। খাল পুনরুদ্ধার: জিরানি, শ্যামপুর, কালুনগর ও মান্ডাচারটি খালের প্রবাহ সচল ও নান্দনিক পরিবেশ সৃষ্টিতেপ্রকল্প চলমান রয়েছে।
বিকল্প ব্যবস্থা ছাড়া হকার উচ্ছেদ নয় : হুটহাট করে ফুটপাতের হকার উচ্ছেদ ও অটোরিকশা বন্ধের পক্ষে নন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আব্দুস সালাম। তিনি বলেছেন, ফুটপাত থেকে হকার ও অটোরিকশা হুট করে উচ্ছেদ করা যাবে না। তাদের জন্যে বিকল্প ব্যবস্থা নিশ্চিত করতে হবে।