২০২৪ সালের জুলাই-আগস্টে সংঘটিত ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতনের প্রায় দেড় বছর পর বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশের ১৩তম জাতীয় সংসদ নির্বাচন। একই সঙ্গে রাষ্ট্র সংস্কারের কিছু মৌলিক প্রশ্নে হচ্ছে গণভোট। নির্বাচন ঘিরে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো গুরুত্ব সহকারে সংবাদ ও লাইভ আপডেট প্রকাশ করেছে।
ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স ‘জেন-জি বিপ্লবের পর ঐতিহাসিক নির্বাচন’ শিরোনামে প্রতিবেদনে জানায়, ভোট শুরুর আগেই রাজধানী ঢাকাসহ বিভিন্ন স্থানে ভোটারদের দীর্ঘ সারি দেখা গেছে। অনেক ভোটার একে গণতন্ত্র পুনরুদ্ধারের প্রতীক হিসেবে দেখছেন। প্রতিবেদনে কয়েকজন ভোটারের বক্তব্যও তুলে ধরা হয়েছে।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা বাংলাদেশের নির্বাচন নিয়ে লাইভ সম্প্রচার করছে। তাদের প্রতিবেদনে বলা হয়েছে, প্রায় ১২ কোটি ৭০ লাখ ভোটার ভোটাধিকার প্রয়োগ করছেন। ২০২৪ সালের আগস্টে ছাত্র-নেতৃত্বাধীন অভ্যুত্থানের পর এই নির্বাচনকে গণতন্ত্রে প্রত্যাবর্তনের গুরুত্বপূর্ণ পরীক্ষা হিসেবে দেখা হচ্ছে।
আল জাজিরা আরও জানায়, বিএনপি ও জামায়াতে ইসলামীসহ ১১টি দলের জোটের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে। জাতিসংঘ নারীর ওপর সহিংসতা ও হয়রানি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে বলেও উল্লেখ করা হয়েছে।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিও লাইভ আপডেট দিচ্ছে। তারা জানিয়েছে, সকাল সাড়ে ৭টায় ভোটগ্রহণ শুরু হয়েছে। বিবিসির বিশ্লেষণে বলা হয়েছে, কয়েক দশকের মধ্যে এই প্রথমবার শেখ হাসিনা ও খালেদা জিয়া কেউ-ই নির্বাচনে নেই। আওয়ামী লীগ নিষিদ্ধ থাকায় রাজনৈতিক সমীকরণে বড় পরিবর্তন এসেছে এবং একটি ইসলামপন্থি দল বড় শক্তি হিসেবে আবির্ভূত হয়েছে। একই সঙ্গে সাংবিধানিক গণভোটে ‘জুলাই সনদ’ বাস্তবায়নের প্রশ্নেও ভোট দিচ্ছেন নাগরিকরা। প্রবাসীদের পোস্টাল ভোটের বিষয়টিও তুলে ধরা হয়েছে।
‘বৃহস্পতিবারের নির্বাচন ঘিরে বাংলাদেশের তরুণ ভোটারদের নানা দাবি’ শিরোনামে প্রতিবেদন প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সংবাদমাধ্যম দ্য নিউইয়র্ক টাইমস। প্রতিবেদনের শুরুতে বলা হয়, তরুণ ভোটারদের অনেকেই ২০২৪ সালে সরকার পতনের আন্দোলনে অংশ নিয়েছিলেন। তাদের আশা, আসন্ন নির্বাচন দেশের জন্য নতুন দিকনির্দেশনা বয়ে আনবে।
তুর্কিভিত্তিক টিআরটি ওয়ার্ল্ড জানিয়েছে, আওয়ামী লীগ ছাড়া এটিই প্রথম জাতীয় নির্বাচন। ছাত্র-নেতৃত্বাধীন আন্দোলনের পর রাজনৈতিক বাস্তবতায় বড় পরিবর্তনের প্রেক্ষাপটে এই ভোট অনুষ্ঠিত হচ্ছে।
জার্মান সংবাদমাধ্যম ডয়চে ভেলে বিশ্লেষণে বলেছে, এই নির্বাচন সাম্প্রতিক ইতিহাসের অন্য যে কোনো নির্বাচনের চেয়ে ভিন্ন। ইসলামপন্থি দলগুলোর প্রভাব বৃদ্ধি এবং নতুন রাজনৈতিক জোটের উত্থান দেশের ভবিষ্যৎ রাজনৈতিক গতিপথে প্রভাব ফেলতে পারে।
পাকিস্তানের সংবাদমাধ্যম দ্য ডন সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া তথ্য ও অপপ্রচারের বিস্তার নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। তাদের প্রতিবেদনে বলা হয়েছে, নির্বাচনকে ঘিরে বিভ্রান্তিকর তথ্য, বিকৃত ছবি ও মিথ্যা উদ্ধৃতি ছড়িয়ে পড়ছে, যা জনমত প্রভাবিত করার আশঙ্কা তৈরি করেছে।
ভারতের একাধিক গণমাধ্যমও নির্বাচন নিয়ে লাইভ আপডেট প্রকাশ করছে। এনডিটিভি বলেছে, শেখ হাসিনা ও খালেদা জিয়ার অনুপস্থিতিতে এই নির্বাচন বিশেষ তাৎপর্যপূর্ণ। তারেক রহমানের অংশগ্রহণকে রাজনৈতিক শূন্যতা পূরণের প্রচেষ্টা হিসেবে উল্লেখ করা হয়েছে। দ্য হিন্দু জানিয়েছে, অর্ধেকের বেশি ভোটকেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে এবং সিসিটিভি ও বডি ক্যামেরার মাধ্যমে নজরদারি জোরদার করা হয়েছে।
সব মিলিয়ে, বাংলাদেশের এবারের জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে আন্তর্জাতিক অঙ্গনে ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। রাজনৈতিক পালাবদল, নতুন শক্তির উত্থান এবং সাংবিধানিক সংস্কারের প্রশ্ন সব মিলিয়ে এ নির্বাচনকে দেশের ভবিষ্যৎ নির্ধারণে একটি গুরুত্বপূর্ণ মোড় হিসেবে দেখছে বিশ্ব গণমাধ্যম।