ফেনী-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও অবসরপ্রাপ্ত তিন তারকা জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরীকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার (২৩ মার্চ) গভীর রাতে রাজধানীর বারিধারা ডিওএইচএস এলাকার নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের প্রধান শফিকুল ইসলাম জেনারেল মাসুদকে গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, সোমবার গভীর রাতে তাকে ধরতে ঢাকায় অভিযান চালায় ডিবি।
মাসুদের বিরুদ্ধে প্রায় পাঁচটি মামলা রয়েছে বলে উল্লেখ করলেও তাৎক্ষণিকভাবে মামলাগুলোর বিস্তারিত জানাতে পারেননি তিনি।
উল্লেখ্য, ২০০৭ সালে সেনাবাহিনীর নবম ডিভিশনের জিওসি হিসেবে দায়িত্ব পালন করেন মাসুদ উদ্দিন চৌধুরী। ওই বছরের ‘এক-এগারোর’ পটপরিবর্তনের প্রেক্ষাপটে গঠিত গুরুতর অপরাধ দমন-সংক্রান্ত জাতীয় সমন্বয় কমিটির সমন্বয়কের দায়িত্বেও ছিলেন তিনি। পরবর্তীতে ২০০৮ সালের জুনে তাকে অস্ট্রেলিয়ায় বাংলাদেশের হাই কমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পরও ২০১১ সালের জুন পর্যন্ত তিনি ওই দায়িত্বে বহাল ছিলেন।
রাজনীতিতে সক্রিয় হয়ে ২০১৮ সালে জাতীয় পার্টিতে যোগ দেন মাসুদ। একই বছর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনী-৩ (সোনাগাজী ও দাগনভূঞা) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। এর আগে তিনি ওই আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ছিলেন। তবে মনোনয়ন ফরম সংগ্রহের কয়েক দিনের মধ্যেই জাতীয় পার্টিতে যোগ দিয়ে দলটির সভাপতিমণ্ডলীর সদস্য হন।