আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে বাংলাদেশে অবস্থানরত মার্কিন নাগরিকদের জন্য বিশেষ নিরাপত্তা সতর্কবার্তা জারি করেছে ঢাকার মার্কিন দূতাবাস। গতকাল শুক্রবার দূতাবাসের ওয়েবসাইট ও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক এবং এক্সে প্রকাশিত সতর্কবার্তায় জানানো হয়, বাংলাদেশে আগামী ১২ ফেব্রুয়ারি একযোগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও একটি জাতীয় গণভোট অনুষ্ঠিত হবে। নির্বাচনকালীন সময়ে রাজনৈতিক সহিংসতা কিংবা চরমপন্থী হামলার ঝুঁকি থাকতে পারে, যা সমাবেশ, ভোটকেন্দ্র এবং ধর্মীয় স্থাপনাকে লক্ষ্যবস্তু করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সতর্কবার্তায় মার্কিন নাগরিকদের বিক্ষোভ ও রাজনৈতিক সমাবেশ এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে। একই সঙ্গে যেকোনো বড় জনসমাগমের আশপাশে অতিরিক্ত সতর্কতা অবলম্বনের আহ্বান জানানো হয়েছে। দূতাবাসের ভাষ্য অনুযায়ী, শান্তিপূর্ণ উদ্দেশ্যে আয়োজিত বিক্ষোভ বা সমাবেশও হঠাৎ সংঘাতময় হয়ে উঠতে পারে এবং সহিংসতায় রূপ নেওয়ার ঝুঁকি থাকে।

এদিকে বাংলাদেশ সরকার নির্বাচন উপলক্ষে ১০ ফেব্রুয়ারি থেকে মোটরসাইকেল চলাচলের ওপর নিষেধাজ্ঞা এবং ১১ ও ১২ ফেব্রুয়ারি সব ধরনের যান চলাচলের ওপর বিধিনিষেধ আরোপের ঘোষণা দিয়েছে। এই পরিস্থিতিতে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস ১১ ও ১২ ফেব্রুয়ারি সীমিত পরিসরে সশরীরে কনস্যুলার সেবা প্রদান করবে বলে জানিয়েছে। সতর্কবার্তায় মার্কিন নাগরিকদের করণীয় হিসেবে বড় জনসমাগম ও বিক্ষোভ এড়িয়ে চলা, সব সময় আশপাশের পরিস্থিতি সম্পর্কে সচেতন থাকা, স্থানীয় সংবাদ ও পরিস্থিতি নিয়মিত পর্যবেক্ষণ করা, অপ্রয়োজনে দৃষ্টি আকর্ষণ এড়িয়ে চলা এবং জরুরি যোগাযোগের জন্য চার্জযুক্ত মোবাইল ফোন সঙ্গে রাখার পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি ব্যক্তিগত নিরাপত্তা পরিকল্পনা পর্যালোচনা করা এবং বিকল্প চলাচলপথ আগে থেকেই নির্ধারণ করে রাখার কথাও বলা হয়েছে।