ঈদুল ফিতরের টানা ছুটি শেষে কর্মজীবী মানুষের ঢাকায় ফেরা শুরু হওয়ায় রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশন এলাকায় শনিবার (২৮ মার্চ) দেখা গেছে ব্যাপক যাত্রীচাপ। দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত যাত্রীদের ভিড়ে স্টেশন প্রাঙ্গণ ও ট্রেনগুলোতে সৃষ্টি হয় উপচে পড়া পরিস্থিতি।
সরকারি ছুটি ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে দীর্ঘ বিরতির পর রোববার (২৯ মার্চ) থেকে অধিকাংশ অফিস-আদালত পুরোদমে চালু হচ্ছে। ফলে অনেকেই শেষ মুহূর্তে ঢাকায় ফিরছেন। বিশেষ করে যারা ২৪ ও ২৫ মার্চ অতিরিক্ত ছুটি নিয়েছিলেন, তারা আজ ফিরতি যাত্রা করেছেন।
স্টেশন ঘুরে দেখা যায়, বিভিন্ন আন্তঃনগর ট্রেনের বগিতে ছিল কানায় কানায় পূর্ণ যাত্রী। অনেক ক্ষেত্রে ট্রেনের ছাদেও যাত্রীদের ঝুঁকিপূর্ণভাবে ভ্রমণ করতে দেখা গেছে।
চুয়াডাঙ্গার দর্শনা থেকে আসা ‘সুন্দরবন এক্সপ্রেস’র একজন যাত্রী জানান, অতিরিক্ত ছুটি নিয়ে গ্রামের বাড়ি গিয়েছিলাম। কাল থেকে অফিস, তাই আজই ফিরলাম। তবে ট্রেনে ভিড় অনেক বেশি ছিল।
এসি কামরার একনারী যাত্রী অভিযোগ করেন, আসনবিহীন যাত্রীরা এসি বগিতে প্রবেশ করায় যাত্রা কিছুটা অস্বস্তিকর হয়ে ওঠে। তিনি বলেন, ‘এতে নিরাপত্তা ঝুঁকিও ছিল। বিশেষ করে মালামাল নিয়ে চিন্তায় থাকতে হয়েছে।’
নওগাঁ থেকে আসা ‘চিলাহাটি এক্সপ্রেস’র অপর যাত্রী বলেন, প্রচণ্ড ভিড়ের কারণে শুরুতে নিজের আসনে বসতেই পারেননি। কয়েকটি স্টেশন পার হওয়ার পর পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়।