মাথায় গুলিবিদ্ধ হয়ে দীর্ঘ দেড় বছর চিকিৎসার পর মারা গেলেন জুলাই যোদ্ধা আশরাফুল (৩২)। গতকাল রোববার সকাল ৮টা ৩ মিনিটে রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। গত ২০২৪ সালের ৫ আগস্ট মিরপুর-১০ এলাকায় ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে তিনি মাথায় গুলিবিদ্ধ হন। গুরুতর অবস্থায় উদ্ধার হওয়ার পর দেশে এবং বিদেশে উন্নত চিকিৎসা দেওয়া হয়। উন্নত চিকিৎসার জন্য তাকে থাইল্যান্ডে পাঠানো হয়, যেখানে তিনি ১৪ মাস নিবিড় পর্যবেক্ষণে ছিলেন।
পারিবারিক ও হাসপাতাল সূত্রে জানা গেছে, থাইল্যান্ডে দীর্ঘ চিকিৎসা শেষে গত ৪ ফেব্রুয়ারি বাংলাদেশে ফেরানো হয়। দেশে ফেরার পরপরই ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে তিনি মৃত্যুবরণ করেন।
এদিকে জুলাই যোদ্ধা আশরাফুলের ইন্তিকালে গভীর শোক প্রকাশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা.শফিকুর রহমান বিবৃতি প্রদান করেছেন। তিনি বলেন, “ ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থান চলাকালে রাজধানীর মিরপুর-১০ এলাকায় আশরাফুল মাথায় গুলিবিদ্ধ হন। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে দেশে চিকিৎসা দেয়া হয়। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য তাকে থাইল্যান্ডে পাঠানো হয়। সেখানে টানা ১৪ মাস তিনি নিবিড় পর্যবেক্ষণে (আইসিইউ) চিকিৎসাধীন ছিলেন। দীর্ঘ চিকিৎসা শেষে চলতি বছরের ৪ ফেব্রুয়ারি তাকে দেশে ফিরিয়ে এনে তাকে আবার ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় আজ ৮ ফেব্রুয়ারি (রবিবার) সকালে তিনি ইন্তিকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আমি তাঁর ইন্তিকালে গভীর শোক প্রকাশ করছি।
তিনি আরও বলেন, এখনো বহু জুলাই যোদ্ধা হাসপাতালে চিকিৎসাধীন আছে। তাঁদের আত্মত্যাগ এখনো শেষ হয়ে যায়নি। যাদের মূল্যবান জীবন ও ত্যাগের বিনিময়ে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি- আশরাফুল তাদেরই একজন। জাতি তাঁদের শ্রদ্ধার সাথে স্মরণ করবে। আল্লাহ তাআলা তাঁর ভুল-ত্রুটিসমূহ ক্ষমা করে দিয়ে তাঁকে শহীদ হিসেবে কবুল করুন। প্রেস বিজ্ঞপ্তি।