বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় মিডিয়া ও প্রচার বিভাগের প্রধান এড. এহসানুল মাহবুব জুবায়ের শেরপুর-৩ আসনে জামায়াতে ইসলামীর মনোনীত জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী জনাব নূরুজ্জামান বাদলের গত ৩ ফেব্রুয়ারি আকস্মিক ইন্তেকালে গভীর শোক প্রকাশ করে তাকে জান্নাতবাসী করার জন্য আল্লাহর দরবারে দোয়া করেন এবং তার শোক সন্তপ্ত পরিবার-পরিজনদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে তাদের এ শোক সহ্য করার তাওফিক দেয়ার জন্য আল্লাহর দরবারে দোয়া করেন। তিনি গতকাল বুধবার বিকেলে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিং-এ বক্তব্য রাখছিলেন।

এড. এহসানুল মাহবুব জুবায়ের আরও বলেন, জামায়াতে ইসলামীর সহাকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি মাওলানা এটিএম মা’ছুম, শেরপুর জেলার শ্রীবরদীতে অনুষ্ঠিত নূরুজ্জামান বাদলের নামাজে জানাযা ইমামতি করেন। এ নামাজে জানাযায় জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ড. ছামিউল হক ফারুকীসহ বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের বিভিন্ন জেলা জামায়াতের আমীর, সেক্রেটারিসহ জামায়াত নেতৃবৃন্দ এবং বিপুল সংখ্যাক মানুষ শামিল হয়েছে।

তিনি বলেন, গত ২৮ জানুয়ারি শেরপুর জেলার শ্রীবরদীতে বিএনপির সন্ত্রাসীদের হামলায় শ্রীবরদী উপজেলা জামায়াতের সেক্রেটারি হাফেজ মাওলানা রেজাউল করিম মারাত্মকভাবে আহত হওয়ার পরে শাহাদাত বরণ করেন। তিনি তাকে শহীদ হিসেবে কবুল করার জন্য আল্লাহর নিকট দোয়া করেন। শেরপুর-৩ আসনের নির্বাচন স্থগিত ঘোষণা করা হয়েছে। পরবর্তীতে ঐ নির্বাচন নতুন তফসিল অনুযায়ী অনুষ্ঠিত হবে।

তিনি বলেন, আপনারা সবাই জানেন, আমাদের আমীরে জামায়াতের টুইটার হ্যাক করে তার বরাত দিয়ে মিথ্যা প্রচারণা চালানো হয়েছিলো। আমরা সাথে সাথেই প্রেস ব্রিফিং করে ঐ ঘটনার প্রতিবাদ জানিয়েছি এবং থানায় জিডি করেছিলাম। জামায়াতের একটি প্রতিনিধিদল বঙ্গভবনে গিয়ে এ ব্যাপারে সেখানকার কর্তৃপক্ষের কাছে উপযুক্ত তথ্য-প্রমাণ দিয়ে অভিযোগ করার পর ডিবি পুলিশ বঙ্গভবনের এক কর্মকর্তা সরোয়ার আলমকে চিহ্নিত করে গ্রেফতার করেছেন। গ্রেফতারকৃত ব্যক্তিকে আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তি প্রদান করার জন্য তিনি সরকারের নিকট জোর দাবি জানান।

জামায়াতের সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ারের ডিভাইজটিও হ্যাক করা হয়েছে। জামায়াতে শীর্ষ নেতৃবৃন্দের ডিভাইজ একাউন্টেও হামলা চালাচ্ছে। ভারত থেকে সাইবার অ্যাটাক করা হচ্ছে। এ ব্যাপারে পদক্ষেপ গ্রহণ করার জন্য তিনি সরকার ও নির্বাচন কমিশনের নিকট জোর দাবি জানান।

তিনি বলেন, ঢাকা-১৭ আসনে জামায়াতের মনোনীত জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী ডা. খালেদুজ্জামানের অনেক আগের একটি বিষয়কে সামনে এনে কিছু মিডিয়া অসৎ উদ্দেশ্যে প্রচার করছে। সেনাবাহিনীকে বিতর্কিত করার জন্য মীমাংসিত বিষয়টিকে প্রচার করছে। এ বিষয়ে আইএসপিআর বিবৃতি দিয়ে কিøয়ার করেছে যে, এ বিষয়টি সমাধান হয়েছে। এটা নিয়ে বিভ্রান্ত করার কিছু নেই। জাতীয়তাবাদী ব্যাংকার্স এসোসিয়েশন একটি দলের হয়ে মিছিল করে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করেছে। এ ব্যাপারে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করার জন্য নির্বাচন কমিশনের নিকট তিনি জোর দাবি জানান। আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান গতকাল কুড়িগ্রামের তিস্তা ব্যারেজ এলাকায় আয়োজিত এক নির্বাচনী জনসভায় বক্তব্য দিয়েছেন। তারপরে টাঙ্গাইলে এক নির্বাচনী জনসভায় বক্তব্য প্রদান শেষে ঢাকা এসেছেন। জামায়াতের সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার নারায়ণগঞ্জের কাঁচপুর এলাকায় আয়োজিত এক বিশাল নির্বাচনী জনসভায় বক্তব্য প্রদান করেছেন।

বাউফলে পুলিশ অভিযানে উদ্বেগ: শুধু সন্দেহের ভিত্তিতে পটুয়াখালী জেলার বাউফল থানা জামায়াতে ইসলামীর কার্যালয়ে অভিযান পরিচালনার প্রতিবাদ এবং গভীর উদ্বেগ জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের গতকাল বুধবার এক বিবৃতি প্রদান করেছেন।

বিবৃতিতে তিনি বলেন, “গতকাল ২ ফেব্রুয়ারি রাত আনুমানিক ১০টার দিকে বাউফল থানার পুলিশের একটি দল পটুয়াখালী জেলার বাউফল থানা জামায়াতে ইসলামীর কার্যালয়ে অভিযান পরিচালনা করে। অভিযানকালে পুলিশ কার্যালয়ে তল্লাশি চালালেও আপত্তিকর কিছু পায়নি। উদ্বেগের বিষয় হল, তল্লাশির সময় বাউফল থানা ছাত্রদলের আহ্বায়ক কয়েকজন অনুসারীসহ জামায়াতে ইসলামীর থানা কার্যালয় থেকে কিছুটা দূরে অবস্থান করছিলেন। এতে প্রতীয়মান হয় যে একটি বড় রাজনৈতিক দল ও তাদের অঙ্গসংগঠন ছাত্রদলের প্ররোচণায় পুলিশ পক্ষপাতদুষ্ট হয়ে এই অভিযান পরিচালনা করেছে। আমি পুলিশের এই পক্ষপাতদুষ্ট তল্লাশির তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং গভীর উদ্বেগ প্রকাশ করছি।”

তিনি আরও বলেন, “বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি নিয়মতান্ত্রিক ও গণতান্ত্রিক সংগঠন এবং নির্বাচন কমিশন কর্তৃক নিবন্ধিত একটি সুশৃঙ্খল রাজনৈতিক দল। ক্লিন ইমেজের দল হিসেবে দেশে-বিদেশে জামায়াতে ইসলামীর সুনাম রয়েছে। এমন একটি সংগঠনের বিরুদ্ধে অন্যের প্ররোচণায় অভিযান পরিচালনা করা অনাকাক্সিক্ষত, অনভিপ্রেত ও অনৈতিক। আমরা মনে করি, বাউফল থানার ওসি তার নিরপেক্ষতা হারিয়েছেন। তাকে বহাল রেখে আসন্ন জাতীয় নির্বাচনে সকল রাজনৈতিক দলের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা সম্ভব নয়।

অবিলম্বে এ ধরনের হয়রানিমূলক তৎপরতা বন্ধ করার পাশাপাশি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিষয়টি নিরপেক্ষভাবে তদন্ত করার আহ্বান জানাচ্ছি। সেই সাথে নির্বাচনী কাজের সাথে সংশ্লিষ্ট সকলকে নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের আহ্বান জানাচ্ছি। প্রেস বিজ্ঞপ্তি।