চট্টগ্রামের মীরসরাইয়ে সপ্তম শ্রেণির এক ছাত্রীকে নেশাজাতীয় দ্রব্য খাইয়ে সংঘবদ্ধ ধর্ষণ ও গাজীপুরে সনাতনী নারী ব্যবসায়ীকে নৃশংসভাবে হত্যার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। গতকাল সোমবার এক যৌথ বিবৃতিতে ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম ও সেক্রেটারি জেনারেল সিবাগাতুল্লাহ সিবগা এই প্রতিবাদ জানান।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, “চট্টগ্রামের মীরসরাইয়ে বারৈয়ারহাট বিশ্ববিদ্যালয় কলেজ শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ইমাম হোসেন ও তার সহযোগীদের দ্বারা সপ্তম শ্রেণির এক ছাত্রীকে সংঘবদ্ধ গণধর্ষণের ঘটনা ঘটে। গত ২৬ জানুয়ারি সন্ধ্যায় ওই ছাত্রীকে অপহরণ করে নেশাজাতীয় দ্রব্য সেবন করিয়ে পালাক্রমে ধর্ষণ করা হয় এবং পরবর্তীতে পরিবারকে মামলা না করার জন্য হুমকি দেওয়া হয়। মামলা দায়েরের পর গতকাল ঘটনার মূল আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। ক্রমাগত নারী হেনস্তা ও ধর্ষণের এই ভয়াবহ ঘটনা প্রমাণ করে যে, বিএনপি ও তার অঙ্গসংগঠনের সন্ত্রাসীরা রাজনৈতিক আশ্রয়-প্রশ্রয়ে দেশকে অন্ধকার যুগে নিমজ্জিত করতে চায়।”