বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সাজ্জাদুল হাসান কর্তৃক গৃহকর্মী নির্যাতনের ঘটনায় প্রতিবাদ ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে নারী অধিকার আন্দোলন। পাশাপাশি ন্যায়বিচার নিশ্চিত করতে ৪ দফা দাবি জানিয়েছে সংগঠনটি। গতকাল বুধবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ প্রতিবাদ জানান সংগঠনটির সভানেত্রী মমতাজ মাননান।
বিবৃতিতে বলা হয়, সম্প্রতি বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সাজ্জাদুল হাসান কর্তৃক গৃহকর্মী নির্যাতনের ঘটনাটি মানবাধিকারের চরম লঙ্ঘন এবং অত্যন্ত ন্যাক্কারজনক। একজন উচ্চপদস্থ সরকারি কর্মকর্তার বাসভবনে যেখানে একজন নারীর নিরাপত্তা নিশ্চিত হওয়ার কথা, সেখানে ক্ষমতার অপব্যবহার করে এমন অমানবিক শারীরিক ও মানসিক নির্যাতন চালানো কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এই ঘটনা প্রমাণ করে যে, আমাদের সমাজে প্রান্তিক ও শ্রমজীবী নারীরা কতটা নিরাপত্তাহীনতার মুখে রয়েছেন।
বিবৃতিতে বলা হয়, নারী অধিকার আন্দোলনের পক্ষ থেকে তারা এই পৈশাচিক ঘটনার তীব্র নিন্দা জানায়। অভিযুক্তকে ইতোমধ্যে গ্রেফতার করায় প্রশাসনকে সাধুবাদ জানিয়েছেন তারা। তবে আশঙ্কা প্রকাশ করেছেন, প্রভাবশালীদের চাপে এই বিচার প্রক্রিয়া যেন কোনোভাবেই বাধাগ্রস্ত না হয়।
ন্যায়বিচার নিশ্চিত করতে তাদের দাবিগুলো হলো- অভিযুক্ত কর্মকর্তাকে তার পদ থেকে অবিলম্বে স্থায়ীভাবে বরখাস্ত করতে হবে এবং ক্ষমতার প্রভাবমুক্ত থেকে নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করতে হবে। রিমান্ডের মাধ্যমে নির্যাতনের প্রকৃত কারণ ও নৃশংসতার স্বরূপ উদঘাটন করে দ্রুততম সময়ে নির্ভুল চার্জশিট দাখিল করতে হবে। ভুক্তভোগী গৃহকর্মীকে সরকারি তত্ত্বাবধানে উন্নত চিকিৎসা, পুনর্বাসন এবং সম্পূর্ণ আইনি সুরক্ষা প্রদান করতে হবে এবং দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে এই মামলার বিচার সম্পন্ন করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে, যেন ভবিষ্যতে আর কেউ এমন ধৃষ্টতা দেখানোর সাহস না পায়।
বিবৃতিতে স্পষ্টভাবে বলা হয়, গ্রেফতার যেন কেবল লোকদেখানো বা সাময়িক ক্ষোভ প্রশমনের উপায় না হয়। প্রশাসনকে অবশ্যই সকল প্রভাবের ঊর্ধ্বে থেকে মামলার চূড়ান্ত পর্যায় পর্যন্ত স্বচ্ছতা ও ন্যায়বিচার বজায় রাখতে হবে।