পবিত্র রমযান মাসের জুমার নামাজের গুরুত্ব মুসল্লিদের কাছে অপরিসীম। তাই রমযানের জুমার জামাতে অন্য সময়ের চেয়ে বেশি মুসল্লি অংশ নেন। প্রখর রোদ উপেক্ষা করেই রাজধানী অন্যতম বড় জুমা জামাতটি অনুষ্ঠিত হয় বায়তুল মোকাররম মসজিদে। নামাজ শেষে মোনাজাতে মুসল্লিরা নিজের এবং দেশের মানুষের কল্যাণ কামনা করেন। গতকাল শুক্রবার দুপুরে আজানের পর থেকেই দলে দলে মানুষ নামাজ আদায়ে মসজিদে আসতে শুরু করেন।

নগরীর নানা প্রান্ত থেকে বায়তুল মোকাররম মসজিদে এসে জুমার নামাজ আদায় করেন মানুষ।বায়তুল মোকাররমে দেখা গেছে, বেলা সাড়ে ১১টা থেকে বিভিন্ন এলাকায় নানা বয়সি মানুষ মসজিদে আসা শুরু করেন। দুপুর সাড়ে ১২টার দিকেই ভরে উঠে মসজিদের মূল ভবন। ফলে মসজিদের ভেতরে জায়গা না হওয়ায় কয়েক শতাধিক মুসল্লি বাইরে নামাজ আদায় করেন।

নগরীর নানা প্রান্ত থেকে বায়তুল মোকাররম মসজিদে এসে জুমার নামাজ আদায় করেন মানুষ। মুসল্লীরা বলেন, রমযানের সবগুলো জুমার নামাজ বায়তুল মোকাররমে পড়ার চেষ্টা করি, তাই আজ এসেছি।

সেগুনবাগিচা থেকে আগত মুসল্লী একরাম হোসেন বলেন, রমযানের সবগুলো জুমার নামাজ বায়তুল মোকাররমে পড়ার চেষ্টা করি, তাই আজ চলে আসলাম। মোহাম্মদপুর থেকে এসেছেন মুসল্লী মাহবুব আলম। তিনি বলেন, বায়তুল মোকাররমের নামাজ পড়ার শান্তিটাই অন্যরকম। তাই জুমা পড়তে এখানে চলে এসেছি। আরেক মুসল্লি সিয়াম মাহমুদ বলেন, পল্টনেই আমার অফিস। বায়তুল মোকাররমে বিশাল আকারে জুমার নামাজ আদায় করতে ভালো লাগে, তাই চলে আসা।

এদিকে জুমার নামাজ ঘিরে মসজিদের সম্মুখে ও আশপাশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি লক্ষ্য করা গেছে।