যুদ্ধাপরাধে অভিযুক্ত কয়েদি আব্দুর মান্নান হাওলাদার (৮৬) মারা গেছেন। তিনি রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। বৃহস্পতিবার রাত পৌনে ২টার দিকে হাসপাতালের মেডিসিন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার বাসিন্দা আব্দুর মান্নান হাওলাদার কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে পড়লে রাত ১১টার দিকে তাকে ঢাকা মেডিকেলে নেওয়া হয়। জরুরি বিভাগের চিকিৎসক তাকে মেডিসিন ভবনের ৬০১ নম্বর ওয়ার্ডে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতেই তিনি মারা যান। ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে সুরতহাল প্রতিবেদন তৈরি করা হবে। তিনি আরও জানান, ময়নাতদন্ত শেষে প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
জানা গেছে, ২০২৩ সালের ২০ জুলাই তখনকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. শাহিনুর ইসলামের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল আব্দুল মান্নানসহ চারজনকে মৃত্যুদণ্ড দিয়ে রায় ঘোষণা করেন। ট্রাইব্যুনালের অন্য দুই সদস্য ছিলেন- বিচারপতি আবু আহমেদ জমাদার ও বিচারপতি কে এম হাফিজুল আলম। চার আসামি হলেন- ভান্ডারিয়া উপজেলার হেতালিয়া এলাকার আব্দুল মান্নান হাওলাদার ওরফে আব্দুল মান্নান ডিলার ওরফে মান্নাফ, একই এলাকার আশ্রাব আলী ওরফে আশরাফ আলী হাওলাদার, চরখালী এলাকার মো. মহারাজ হাওলাদার ওরফে হাতকাটা মহারাজ এবং নুরুল আমিন হাওলাদার।