বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে দোকান ও বিপণিবিতানগুলোতে রোববার থেকে আলোকসজ্জা বন্ধ করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। ব্যবসায়ী সংগঠনগুলোর সঙ্গে বৈঠক করে এ বিষয়ে কয়েকটি নির্দেশনা নির্ধারণ করেছে সরকার। গতকাল রোববার বিদ্যুৎ বিভাগে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের সভাপতিত্বে ‘বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়’ বিষয়ক এক সভায় এসব সিদ্ধান্ত নেয়া হয়।
সভায় ব্যবসায়ী সংগঠনগুলোর প্রতিনিধিরা বিদ্যুৎ সাশ্রয়ে কয়েকটি পদক্ষেপ বাস্তবায়নে সম্মত হন। সিদ্ধান্ত অনুযায়ী, দেশের সব বিপণিবিতান ও ব্যবসায়ী স্থাপনার বাইরের আলোকসজ্জা বন্ধ রাখতে হবে। একই সঙ্গে শপিং মল ও ব্যবসাপ্রতিষ্ঠানে ব্যবহৃত শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রের (এসি) তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াস বা তার বেশি রাখতে হবে। এ ছাড়া দোকান বা প্রতিষ্ঠান বন্ধ করার সঙ্গে সঙ্গেই সাইনবোর্ডের আলো বন্ধ রাখার নির্দেশনা দেয়া হয়েছে। সভায় উপস্থিত ব্যবসায়ী নেতারা জানান, বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে সরকারকে সহযোগিতা করতে তারা এসব সিদ্ধান্ত বাস্তবায়নে কাজ করবেন।