অনলাইনে সাংবাদিক কার্ড ইস্যুর বর্তমান প্রক্রিয়াটি ব্যবহারবান্ধব নয় বলে স্বীকার করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএম নাসির উদ্দিন। তিনি বলেছেন, বিদ্যমান জটিলতা চিহ্নিত করা হয়েছে এবং কমিশন বৈঠকের পর দ্রুত এ প্রক্রিয়া সহজ করার সিদ্ধান্ত নেওয়া হবে।
গতকাল বৃহস্পতিবার নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলোচনায় বসে তিনি এসব কথা বলেন।
সিইসি বলেন, অনলাইনে সাংবাদিক কার্ড দেওয়ার প্রক্রিয়াটি ইউজার ফ্রেন্ডলি না। এটা আমার নতুন যাত্রা তো, এটা একটা সমস্যা হয়েছে। আপনারা ডিজিটালাইজেশনের বিপক্ষে নয় এটা আমরা বুঝি। ফার্স্ট টাইম যেহেতু বলছি নিশ্চয় এটা প্রবলেম হচ্ছে। ইনশাআল্লাহ এটা সমাধান করা হবে।
ভোটকেন্দ্রে প্রবেশ নিয়ে তিনি বলেন, প্রিজাইডিং কর্মকর্তাকে এটা জাস্ট অবহিত করা, পারমিশন নিয়ে ঢোকার দরকার নেই।
সিইসি বলেন, আপনাদের নিরাপত্তার বিষয়টা আমরা সার্কুলার করে নিয়েছি। আমরা ক্লিয়ার দিয়ে দিছি অলরেডি। আমরা আপনাদের কাজটাকে সহজ করতে চাই। আপনারা থাকলে, আপনাদের চোখ থাকলে, আমার জিনিসটা ট্রান্সপারেন্সি বাড়বে। আমরা চাই যে আপনারা দেখুন, পর্যবেক্ষণ করুন।
তিনি বলেন, আমরা প্রবলেমটা আইডেন্টিফাই করেছি। আমি তো সিদ্ধান্ত দিতে পারব না। কমিশন বৈঠকের পর আপনারা দ্রুত সময়ের মধ্যে ইনশা আল্লাহ সিদ্ধান্ত পেয়ে যাবেন, আই হোপ।
সভায় ঢাকা সাংবাদিক ইউনিয়নের ডিইউজের সভাপতি মো. শহীদুল ইসলাম, সাধারণ খুরশীদ আলম, রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসির সভাপতি কাজী এমাদউদ্দীন (জেবেল), সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীসহ বিভিন্ন গণমাধ্যমের সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।
বৈঠকে সাংবাদিকরা রোববারের মধ্যে সমস্যা সমাধানের আল্টিমেটাম দেন।