বিএনপি মহাসচিব ও এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সত্যিকার অর্থে মুক্ত গণমাধ্যমকে প্রতিষ্ঠিত করা আমাদের লক্ষ্য হওয়া উচিত। গতকাল বুধবার জাতীয় প্রেসক্লাবে বিএফইউজে ও ডিইউজে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তৃতাকালে তিনি এ মন্তব্য করেন।

মির্জা ফখরুল বলেন, আমরা সবসময় সংবাদপত্র ও গণমাধ্যমের স্বাধীনতার কথা বলি। আমাদেরকে অবশ্যই সেটাকে বিশ্বাস করতে হবে এবং সেই বিশ্বাসে কাজ করতে হবে। পাশাপাশি ফ্যাসিস্টদের মতো সাংবাদিকদের ওপরে চড়াও না হওয়ার কথাও বলেছেন তিনি। স্থানীয় সরকার মন্ত্রী আরও বলেন, এই পার্লামেন্টে আমরা নতুন গণতন্ত্রের কথা চিন্তা করছি। আমরা গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেব। পাশাপাশি সংসদকে সকল কর্মকা-ের কেন্দ্রবিন্দুতে পরিণত করব বলেও তিনি মন্তব্য করেন। মির্জা ফখরুল আহ্বান করেন, বাংলাদেশের রাজনীতিতে একটা নতুন সুযোগ সৃষ্টি হয়েছে। আসুন আমরা সবাই, যারা লিবারেল ডেমোক্রেসিতে বিশ্বাস করি, গণমাধ্যমে বিশ্বাস করি, তারা সেই সুযোগ কাজে লাগিয়ে সত্যিকার অর্থেই বাংলাদেশকে গণতান্ত্রিক ও উদারপন্থি রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করি।

ইফতার মাহফিলে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন, সমাজকল্যাণ মন্ত্রী ডা. এজেডএম জাহিদ হোসেন, তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান।

ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শহিদুল ইসলামের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, বিএফইউজের সভাপতি ওবায়দুর রহমান শাহীন, মহাসচিব কাদের গণি চৌধুরী। অনুষ্ঠান পরিচালনা করেন ডিইউজে সেক্রেটারি খুরশিদ আলম। উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুবু জোবায়ের, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের আমীর নূরুল ইসলাম বুলবুল এমপি, প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবু আব্দুল্লাহ এম সালেহ শিবলী, জাতীয় প্রেসক্লাবের সভাপতি হাসান হাফিজ, সেক্রেটারি আইয়ুব ভূইয়া, ডিইউজের সাবেক সভাপতি কবি আব্দুল হাই শিকদার, জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি কামাল উদ্দীন সবুজ, দৈনিক সংগ্রামের সম্পাদক আযম মীর শাহীদুল আহসান, দৈনিক আমার দেশ পত্রিকার নির্বাহী সম্পাদক সৈয়দ আবদাল আহমেদ, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি এলাহী নেওয়াজ খান সাজু প্রমুখ।

অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, সিয়ামের উদ্দেশ্য হচ্ছে পশুত্বকে দমন করবে এবং মানবিকতাকে জাগ্রত করবে। এই সিয়ামের সাধনা যদি কেউ রাসুল (সা:) নিদের্শনা অনুযায়ী মানতে পারে, তাহলে তার জন্য পরকালীন মঙ্গল থাকবে। আর তা না হলে উপবাস করার মধ্যে কোন মঙ্গল নেই। আমি সিয়াম সাধনার সাথে সাথে আমার চোখ নাক কানসহ অঙ্গ প্রতঙ্গকে খারাপ কাজ থেকে বিরত রাখবো। রোজা রেখে যদি মানুষ তার পাশবিকতা দমন করতে শিখে আর মনুষত্বের বিকাশ ঘটাতে পারে, সেই তাওফিক আমরা আল্লাহর কাছে চাইবো।

তিনি বলেন, পবিত্রতা, পরিচ্ছন্নতা, আধ্যাত্বিকতা আত্মশুদ্ধির মাস রমযান যদি আমাদের এভাবেই শেষ হয় তাহলে আল্লাহ আমাদের গুনাহ খাতাগুলো মাফ করুন। সিয়াম অবস্থায় সমস্ত গুনাহ খাতা থেকে নিজেকে বিরত রাখুন।

অধ্যাপক গোলাম পরওয়ার বলেন, সাংবাদিকদের অনেকে অনেক ভাষায় সমাদৃত করেন। জনগণ, রাজনৈতিক দল এবং গণমাধ্যম এই তিনটির সমন্বয়ের মধ্য দিয়ে একটা রাষ্ট্রের একটা সমাজ এবং সভ্যতার বিনির্মাণ ঘটে। তিনি আশা করেন ঢাকা সাংবাদিক ইউনিয়ন এবং ফেডারেল সাংবাদিক ইউনিয়ন সাংবাদিকদের গুরুত্ব ধরে রেখে পেশাগত দায়িত্ব পালন এবং ন্যায্য দাবি আদায়ের সংগ্রাামের লড়াই অব্যাহত রাখবে। রাজনৈতিক দল হিসেবে জামায়াত এই অধিকার আদায়ের সংগ্রামে পাশে থাকবো। জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমানের পক্ষ থেকে তিনি উপস্থিত সাংবাদিক সুধীসহ সবাইকে ধন্যবাদ জানান।