- মবের নেতৃত্ব দিলে ছাড় দেবে না পুলিশ : আইজিপি
- ধর্ষণের শিকার কিশোরী হত্যায় কেউ ছাড় পাবে না: ডিআইজি, ঢাকা
- ধর্ষণ হত্যা ও হামলায় উদ্বেগ প্রকাশ এশিয়া মানবাধিকার সংস্থার
সম্প্রতি রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে খুন-ধর্ষণ, ডাকাতি ও অপহরণসহ সন্ত্রাসী কর্মকান্ডের ঘটনা বেড়েছে। বিশেষ করে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পরে সংঘটিত কয়েকটি ঘটনায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। নির্বাচনের পরে এখনো সেনাবাহিনীসহ যৌথবাহিনীর টহল অব্যহত আছে। পুলিশ প্রশাসনসহ শীর্ষ কয়েকটি পদে পরিবর্তন আনা হয়েছে। এরপরও দলীয় পরিচয়ে দিনে-দুপুরে প্রকাশ্যে ঘটছে এসব ঘটনা। বিভিন্ন এলাকায় অনেকটো বেপরোয়া হয়ে ওঠছে দলীয় পরিচয় ব্যবহার করা অপরাধীরা।
এরমধ্যে বৃহস্পতিবার রাতে নরসিংদীতে ধর্ষণের বিচার চাওয়ায় ১৫ বছর বয়সী এক কিশোরীকে বাবার কাছ থেকে অপহরণ করে হত্যা করা হয়েছে। স্থানীয় বিএনপি নেতা এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে গ্রেফতার করা হয়েছে। এরআগে ঢাকায় ছয় বছরের এক শিশুকে ধর্ষণের পর হত্যা করা হয়। গত বুধবার রাতে মিরপুরের কালসিতে মাদক ব্যবসার অভিযোগ তুলে স্থানীয় কয়েকটি বাড়িতে ঢুকে লোকজনের ওপর হামলা চালিয়ে ২০ ভরি স্বর্ণালঙ্কার ও ১০ লাখ টাকা লুট করে নেয়ার অভিযোগ ওঠে এলাকার যুবদল নেতা ইব্রাহীম খলিলসহ আরো কয়েকজনের বিরুদ্ধে। ধারাবাহিকভাবে ঘটতে থাকা এসব ঘটনায় জনমনে দেখা দিয়েছে উদ্বেগ-আতঙ্ক।
এদিকে নির্বাচন ইস্যুতে সারাদেশে নারী ধর্ষণ, হত্যা ও হামলায় উদ্বেগ করেছে এশিয়া মানবাধিকার সংস্থা। অন্যদিকে ধর্ষণের বিচার চাওয়ায় ১৫ বছর বয়সী এক কিশোরীকে বাবার কাছ থেকে তুলে নিয়ে হত্যার ঘটনায় গভীর ক্ষোভ, উদ্বেগ ও তীব্র প্রতিবাদ জানিয়েছে মানুষের জন্য ফাউন্ডেশন (এমজেএফ)। ঢাকা ও নরসিংদীতে শিশু ধর্ষণ ও হত্যার ঘটনায় জাতি স্তম্ভিত বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান। তিনি গতকাল শুক্রবার সামাজিক মাধ্যমে দেয়া এক পোস্টে এমন মন্তব্য করেছেন। এছাড়া এসব ঘটনাতীব্র নিন্দা ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ। পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির বলেছেন, যারা দলের ব্যানারে মব কালচারের নেতৃত্ব দেবে, তাদের আইনের আওতায় আনা হবে। নরসিংদীতে ধর্ষণের শিকার কিশেরী হত্যার ঘটনায় জড়িতরা ছাড় পাবে নাবলে জানিয়েছেন ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক।
বাবার কাছ থেকে কিশোরীকে অপহরণ করে ধর্ষণের পর হত্যা: নরসিংদীতে ধর্ষণের বিচার চাওয়ায় ১৫ বছর বয়সী এক কিশোরীকে বাবার কাছ থেকে অপহরণ করে হত্যার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে সদর উপজেলার মহিষাশুড়া ইউনিয়নের বিলপাড় ও দড়িকান্দীর মাঝামাঝি একটি শর্ষেখেত থেকে ওই কিশোরীর লাশ উদ্ধার করা হয়। নিহত কিশোরী সদর উপজেলার মহিষাশুড়া ইউনিয়নের একটি এলাকার ভাড়াটিয়া। তার বাবা টেক্সটাইল কারখানার শ্রমিক। ওই এলাকার একটি ভাড়া বাসায় স্ত্রী, ছেলে ও মেয়েকে নিয়ে বসবাস করেন তিনি। পুলিশ, নিহত কিশোরীর পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, স্থানীয়ভাবে বখাটে হিসেবে পরিচিত নূরা নামের এক তরুণের সঙ্গে ওই কিশোরীর কথাবার্তা হতো। ১৫ দিন আগে ভাড়া বাসায় ফেরার পথে ওই কিশোরীর মুখ চেপে ধরে তুলে নিয়ে যান নূরার নেতৃত্বে পাঁচ-ছয়জন তরুণ। তখন তাকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ। এ ঘটনার বিচারের জন্য মহিষাশুড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) ৯ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য আহমদুল্লাহর শরণাপন্ন হয় ওই কিশোরীর পরিবার। তবে বিচার পায়নি পরিবারটি। তাদের এলাকা ছেড়ে চলে যেতে বলা হয়েছিল বলে অভিযোগ। অন্যদিকে সাবেক ইউপি সদস্যের কাছে অভিযোগ করায় ক্ষুব্ধ হন নূরাসহ ওই তরুণেরা। এমন পরিস্থিতিতে বুধবার রাতে মেয়েকে খালার বাড়িতে রেখে আসতে যাচ্ছিলেন বাবা। পথে বিলপাড় এলাকায় পৌঁছালে নূরার নেতৃত্বে ছয়জন তরুণ ওই কিশোরীকে বাবার কাছ থেকে অপহরণ করে নিয়ে যান। রাতভর বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও ওই কিশোরীর সন্ধান পাননি পরিবারের সদস্যরা। গতকাল শুক্রবার সকাল সাড়ে ৯টায় খোঁজাখুঁজির একপর্যায়ে বিলপাড় ও দড়িকান্দী এলাকার মাঝামাঝি একটি শর্ষেখেতে ওই কিশোরীর লাশ পড়ে থাকতে দেখেন স্থানীয় লোকজন। খবর পেয়ে মাধবদী থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। পরে সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে লাশ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। নিহত কিশোরীর বড় ভাই বলেন, ‘মেম্বার সাহেব বলছিল, মীমাংসা কইরা দিব। এ ছাড়া মীমাংসার পর এলাকা ছেড়ে চলে যেতে বলছিল। আমরা তারে বলছিলাম, ১ তারিখে এলাকা ছেড়ে চলে যাব।
নরসিংদীর (পলাশ) ও (মাধবদ) সংবাদদাতা আসাদুল হক, জানান, ঘটনা ধামাচাপা দিতে তরুণীকে পরিকল্পিত হত্যার ঘটনায় এখন পর্যন্ত পুলিশ ৫ জনকে গ্রেপ্তার করেছে। তবে ধরাছোঁয়ার বাইরে রয়েছেন ধর্ষণ ও হত্যাকাণ্ডের মূল হুতা নূর মোহাম্মদ নূরা। গতকাল শুক্রবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক এবং বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী-১ সদর আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকন। ঘটনাস্থল পরিদর্শন শেষে মাধবদী থানায় সাংবাদিকদের সাথে প্রেস ব্রিফিং করেন ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক। এসময় তিনি জানান, এ ঘটনায় ৯ জনের নাম উল্লেখ করে নিহতের মা ফাহিমা বেগম বাদী হয়ে মাধবদী থানায় মামলা দায়ের করেছেন। ডিআইজি রেজাউল করিম বলেন, ইতোমধ্যেই মোট পাঁচ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন- সাবেক মেম্বার আহম্মদ আলী দেওয়ান, তার ছেলে মো. ইমরান দেওয়ান, ধর্ষক নূরার চাচাতো ভাই মোহাম্মদ আইয়ুব, এবাদুল্লাহ ও হোসেন বাজার এলাকার গাফফার। গ্রেপ্তারকৃতদের মধ্যে ধর্ষণের সাথে জড়িত দুইজন এবং সালিশকারী তিনজনসহ মোট পাঁচ জন রয়েছে। তিনি আরও বলেন, বাকিদের গ্রেপ্তারের অভিযান অব্যাহত রয়েছে। দ্রুত সমেয়র মধ্যেই তাদের গ্রেপ্তার করা সম্ভব হবে বলেও আশ্বস্ত করছি। কোনো অপরাধীরাই রেহাই পাবে না। ঘটনাস্থল পরিদর্শন শেষে বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী-১ সদর আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকন বলেন, কিশোরীকে নৃশংস ও নিষ্ঠুরভাবে ধর্ষণের পর হত্যার ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে জানার পর পরই নরসিংদীর পুলিশ সুপারসহ সংশ্লিষ্টদের সাথে কথা বলে হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ দিয়েছি। যে ঘটনাটি ঘটেছে, সেটা অত্যন্ত নিন্দনীয়। অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত, যাতে এ ধরনের ঘটনা সমাজে আর না ঘটে। এদিকে নিহত আমেনার লাশের ময়নাতদন্ত নরসিংদী সদর হাসপাতাল মর্গে সম্পন্ন হয়েছে। নরসিংদী সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. ফরিদা গুলশানারা কবিরের নেতৃত্বে চার সদস্যের মেডিকেল বোর্ড ময়নাতদন্ত সম্পন্ন করেন। লাশ এখনো মর্গে রয়েছে। নিহতের মা ফাহিমা বেগম জানান, কোথায় লাশ দাফন করা হবে, তা অনিশ্চিত। নিহত আমেনার মা ফাহিমা বেগম, সৎ পিতা আশরাফ মিয়া ও ভাই সিফাত এখনও মাধবদী থানা হেফাজতে রয়েছে।
মিরপুরে প্রকাশ্যে লুট: জানা গেছে, বুধবার রাত সোয়া ৯টার দিকে মিরপুরের কালশীতে শারমিন নেগমসহ কয়েকটি বাড়িতে দেশীয় অস্ত্রশস্ত্রসহ হামলা চালায় ইব্রহাহীম খলিলসহ যুবদলের ২০/২৫ জন নেতা-কর্মী। তারা বাড়ির আশেপাশের সিসি ক্যামেরা ভেঙ্গে বাসায় ঢুকে ঘরের লোকজনকে মারধর করে মালামাল লুট করে। এসময় বাড়ির লোকজন আতঙ্কগ্রস্ত হয়ে ছুটোছুটি করেন। ৯৯৯- এ ফোন করে পুলিশের সহায়তা চাইলে কিছুক্ষন পর পুলিশ ঘটনাস্থলে আসলেও তারা রহস্যজনক নিরব থাকে বলে জানান বাড়ির লোকজন। প্রায় এক ঘন্টা ধরে কয়েকটি বাড়িতে ঢুকে এভাবে তান্ডব চালিয়ে মামলামাল লুট করে চলে যায়। শারমিন বলেন, স্থানীয় যুবদল কর্মী ইব্রাহীম খলিলের নেতৃত্বে তারা দলীয় পরিচয়ে লুটপাট করেছে। তারা জানান, অন্তত ২০ ভরি ওজনের স্বর্ণালঙ্কার ও নগদ ২০ লাখ টাকা লুট করে নিয়ে উল্টো থানায় তাদের বিরুদ্ধে মামলা করে। এ বিষয়ে পুলিশের কাছ থেকেও ক্ষতিগ্রস্তরা কোনো সহায়তা পায়নি বলে জানান।
মব তৈরি করে ডাকাতি বিতর্কিত ভূমিকা পুলিশের: হবিগঞ্জ শহরের রামকৃষ্ণ মিশন রোড এলাকার বাসিন্দা অ্যাডভোকেট শ্যামল কান্তি দাসের বাসায় দুর্র্ধষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতদল আইনজীবীর পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে গেছে। এ ঘটনায় ওই এলাকায় ডাকাত আতঙ্ক বিরাজ করছে। খবর পেয়ে গতকাল শুক্রবার সকালে সদর থানার একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এর আগে ভোর ৪টার দিকে ৬/৭ জনের একদল মুখোশধারী ডাকাতদল শ্যামল কান্তির বাসায় হানা দেয়। শ্যামল কান্তি দাস জানান, ভোর ৪টার দিকে হঠাৎ করে একদল ডাকাত দেশীয় অস্ত্র সস্ত্র নিয়ে তাদের বাসার সামনের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। পরে তারা পরিবারের সকলকে অস্ত্রের মুখে জিম্মি করে পুরো বাসায় তাণ্ডব চালায়। এসময় বাসায় থাকা দুই ভরি স্বর্ণ ও নগদ ১ লাখ টাকা লুট করে নিয়ে যায়। তবে ডাকাতদল অন্য কোনো মালামাল নেয়নি। এ বিষয়ে হবিগঞ্জ সদর মডেল থানার ওসি দোলোয়ার হোসেন বলেন, সকালে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
সৌদি প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি: নারায়ণগঞ্জের আড়াইহাজারে খাগকান্দা ইউনিয়নের কদমতলী গ্রামে বৃহস্পতিবার গভীর রাতে এক সৌদি প্রবাসীর বাড়িতে দুর্র্ধষ ডাকাতি সংঘটিত হয়েছে। এ ঘটনায় একজন গুরুতর আহত হয়েছেন। তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, রাত প্রায় ২টায় প্রায় ১০-১৫ জনের একটি ডাকাত দল সৌদি প্রবাসী আজাদের বাড়িতে হানা দেয়। ডাকাতরা প্রথমে গাছ দিয়ে বাড়ির কেচি গেট ভেঙে প্রবেশ করে। এরপর তারা ঘরের সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ ২৫ হাজার টাকা, দুইটি স্মার্টফোন এবং অন্যান্য মূল্যবান জিনিসপত্রসহ প্রায় দেড় লাখ টাকার মালামাল লুট করে।
হাত-পা বেঁধে আটকে রেখে এক বাড়িতে ডাকাতি: কুমিল্লার দাউদকান্দি উপজেলার ভাগলপুর গ্রামে দুই বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। গত সোমবার রাত দুইটার দিকে ডাকাতেরা বাড়ির সদস্যদের একটি ঘরে নিয়ে রশি দিয়ে হাত-পা বেঁধে আটকে রেখে ডাকাতি করে নিয়ে যায়। ভাগলপুর গ্রামের সিএনজিচালিত অটোরিকশার চালক শাহজালাল ভূঁইয়ার বাড়িতে এ ঘটনা ঘটে। তিনি বলেন, রাত দুইটার দিকে তাঁর পাকা ভবনের লোহার দরজা কেটে ভেতরে ঢোকে ১৫ থেকে ২০ জনের ডাকাত দল। তারা কালো মুখোশ ও হাফপ্যান্ট পরা ছিল, হাতে ছিল রামদা। তারা পরিবারের সবাইকে একটি কক্ষে নিয়ে রশি দিয়ে হাত-পা বেঁধে কাঁথা দিয়ে মুখমণ্ডল ঢেকে রাখে প্রায় এক ঘণ্টা। এ সময় স্টিলের আলমারি ও স্যুটকেসের তালা ভেঙে আট ভরি স্বর্ণ, নগদ ৩৫ হাজার টাকা, ৫টি দামি মুঠোফোন, বসতবাড়ির দলিল, ৪টি বিদেশি কম্বল, কাপড়চোপড়সহ সব লুট করে নিয়ে যায় ডাকাত দল।
ফোনে বাসা থেকে ডেকে নিয়ে খুন : হাজারীবাগের চরকঘাটা এলাকায় স্কুলছাত্রী শাহরিয়ার শারমিন বিন্তিকে মোবাইল ফোনে বাসা থেকে বাইরে ডেকে নিয়ে ছুরিকাঘাতে হত্যা করা হয়। এ ঘটনায় অভিযুক্ত সিয়াম হোসেন ইমনকে গ্রেপ্তার করেছে পুলিশ। হত্যায় ব্যবহৃত ছুরি ও রক্তমাখা জামা উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার সকালে রাজধানীর কলাবাগান থানার কাঁঠালবাগান এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিকেলে মিন্টোরোডে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে এক সাংবাদিক সম্মেলনে এ তথ্য জানানো হয়। এরআগে বুধবার রাত সাড়ে ৯টায় হাজারীবাগের চরকঘাটা এলাকায় চাকু দিয়ে শারমিনকে এলোপাতারি আঘাত করে হত্যা করা হয়।
এশিয়া মানবাধিকার সংস্থা: বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদীয় নির্বাচনের তফসিল-২০২৬ ঘোষণা ও পরবর্তী নির্বাচনী ইস্যুতে সারাদেশে রাজনৈতিক সহিংষতায় নিহত এবং নারী ও শিশু ধর্ষণ, হত্যা এবং হামলায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন এশিয়া মানবাধিকার সংস্থা। ”ত্রয়োদশ নির্বাচন ইস্যুতে” শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংস্থাটি এই উদ্বেগ প্রকাশ করেন। এশিয়া মানবাধিকার সংস্থার মহাসচিব নজরুল ইসলাম বাবলু বলেন, বাংলাদেশের ছাত্র জনতা গত ৫ই আগস্ট -২০২৪ বৈষম্যের বিরুদ্ধে রক্তদান করেছেন। লাশ হয়েছে প্রায় দুই হাজারের বেশি ছাত্র জনতা। শাসকদের উচিত জুলাই অভ্যুত্থানের নির্মম স্মৃতিগুলো স্মরণ রাখা এবং ছাত্র-জনতার আকাক্সক্ষাগুলো পূরণ করা। ছাত্র জনতার সংগ্রাম লাইনবিচ্যুতি হলে বাংলাদেশ হয়তো বহু বছর তার মাসুল গুনতে হবে। তিনি বলেন, সারাদেশে নারী ধর্ষণ ও নির্যাতনের মধ্য দিয়ে গত বৃহস্পতিবার ঢাকায় শিক্ষার্থীকে কুপিয়ে হত্যা ও নরসিংদীতে নারীকে দলবদ্ধ ধর্ষণ ও পরবর্তী হত্যার মত লোমহর্ষক ঘটনায় মনে হচ্ছে বাংলাদেশ একটি অস্বাভাবিক পরিস্থিতির দিকে চলে যেতে পারে।
এমজেএফ এর গভীর ক্ষোভ, উদ্বেগ: এদিকে নরসিংদীতে ধর্ষণের বিচার চাওয়ায় ১৫ বছর বয়সী এক কিশোরীকে বাবার কাছ থেকে তুলে নিয়ে হত্যার ঘটনায় মানুষের জন্য ফাউন্ডেশন (এমজেএফ) গভীর ক্ষোভ, উদ্বেগ ও তীব্র প্রতিবাদ জানিয়েছে। এমজেএফ ভুক্তভোগীর জন্য ন্যায়বিচার এবং অপরাধীদের জবাবদিহির আওতায় এনে শাস্তি নিশ্চিত করার আহ্বান জানায়। গতকার শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ওই ঘটনা আবারও প্রমাণ করে, দেশে নারী ও শিশুর নিরাপত্তা চরম হুমকিরমুখে। গণমাধ্যমের সূত্রমতে ওই কিশোরী ১৫ দিন আগে স্থানীয় এক বখাটের নেতৃত্বে পাঁচ-ছয় জনের একটি দল দ্বারা ধর্ষণের শিকার হয়। এ ঘটনার বিচারের জন্য স্থানীয় ইউনিয়ন পরিষদের সাবেক সদস্যের শরণাপন্ন হয় ওই কিশোরীর পরিবার। তবে বিচার পায়নি পরিবারটি। তাদের এলাকা ছেড়ে চলে যেতে বলা হয়েছিল বলে অভিযোগ উঠেছে।
দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের: নরসিংদীর মাধবদীতে সংঘটিত নির্মম শিশু ধর্ষণ ও হত্যার ঘটনায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ। শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংগঠনটির সভাপতি শাইখুল হাদিস মাওলানা উবায়দুল্লাহ ফারুক ও মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
মবের নেতৃত্ব দিলে ছাড় দেবে না পুলিশ, আইজিপি: পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির হুঁশিয়ারি দিয়ে জানিয়েছেন, যারা বিভিন্ন রাজনৈতিক দলের ব্যানারে থেকে মব কালচারের নেতৃত্ব দেবে, তাদের প্রত্যেককে আইনের আওতায় আনা হবে। বৃহস্পতিবার মধ্যরাতে রাজধানীর মোহাম্মদপুর এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি সরাসরি পরিদর্শন করতে গিয়ে তিনি এই কড়া বার্তা দেন। পরিদর্শনকালে আইজিপি মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্প, মোহাম্মদপুর টাউন হল এবং মোহাম্মদপুর তিন রাস্তার মোড়ে দায়িত্বরত পুলিশ সদস্যদের নিরাপত্তা কার্যক্রম ঘুরে দেখেন। তিনি বলেন, বর্তমানে কিশোর গ্যাং, ছিনতাইকারী এবং মাদক ব্যবসায়ীদের দৌরাত্ম্যের কারণে সাধারণ মানুষ এক ধরনের আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন। জনগণের এই ভীতি দূর করতেই তিনি নিজে পরিস্থিতি পর্যবেক্ষণে রাস্তায় নেমেছেন। আইজিপি স্পষ্ট করে বলেন, অপরাধী যে-ই হোক না কেন, তাদের কঠোরভাবে দমন করা হবে এবং এ ক্ষেত্রে কাউকে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। তিনি নতুন প্রজন্ম ও রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়ে বলেন, আপনারা আলোচনার টেবিলে বসে সকল সমস্যার সমাধান করুন। সতর্ক করে দেওয়ার উদ্দেশে তিনি বলেন, জনস্রোত বা মব কালচারকে ব্যবহার করে কোনো মহলকে ফায়দা লুটতে দেওয়া হবে না। পুলিশ প্রধান সাম্প্রতিক সময়ের বিভিন্ন অভিযান এবং দেশের সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রেক্ষাপট তুলে ধরার পাশাপাশি পুলিশের ইউনিফর্ম পরিবর্তনের বিষয়টিও উল্লেখ করেন। তিনি জানান, পুলিশের সব পর্যায় থেকে পোশাক পরিবর্তনের বিষয়ে আলোচনা চলছে। মাঠ পর্যায়ের সদস্যরা চাচ্ছেন এমন একটি পোশাক যা সহজেই চোখে পড়ে (ভিজিবল)। সরকারও এই বিষয়ে আন্তরিক এবং সবার সঙ্গে আলোচনার মাধ্যমে নতুন পোশাকের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।