রাজধানীতে হঠাৎ করেই নামল মুষলধারে বৃষ্টি হয়েছে। গতকাল বুধবার সন্ধ্যার পর বিভিন্ন এলাকায় ভারী বর্ষণের খবর পাওয়া গেছে। এক ঘণ্টার বেশি সময়ের এ বৃষ্টিতে জনজীবনে স্বস্তি ফিরলেও কিছুটা ভোগান্তিও দেখা দিয়েছে।
এসময় ঢাকা থেকে যারা ঈদের ছুটিতে বাসা থেকে গ্রামের বাড়ির উদ্দেশে বের হন, তারা পড়েন বিপাকে। ছাতা বা রেইন কোর্ট সঙ্গে না থাকায় অনেককেই বৃষ্টি থেকে মাথা বাঁচিয়ে নিরাপদ স্থানে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। এছাড়া পেশাজীবী শ্রেণির মানুষ, যারা এখনো ঢাকায় অবস্থান করছেন, কর্মস্থল থেকে বাসায় ফেরার পথে তারাও পড়েন হঠাৎ বিপদে। সঙ্গে রিকশাচালক এবং রাইড শেয়ারিং করা বাইক চালকদের ভোগান্তি তো আছেই। বৃষ্টির কারণে দীর্ঘ সময় যাত্রীর অভাবে তাদেরও দাঁড়িয়ে থাকতে হয় নিরাপদ স্থানে।
এদিন সন্ধ্যা সাড়ে ৭টার দিকে হঠাৎই ঝুম বৃষ্টি নেমে আসে রাজধানীতে। সঙ্গে আকাশের গুড়ুম গুড়ুম, হালকা ঝড়ো বাতাস এবং কিছু সময় বৃষ্টির সঙ্গে ছোট ছোট শিলা পড়তেও দেখা যায়। যদিও শহরের উঁচু উঁচু দালানে তা সেভাবে ঠাহর হয়নি। অন্যদিকে স্বস্তির জায়গা হলো, তাপমাত্রা কিছুটা কমেছে। পাশাপাশি শহরজুড়ে মশার যে ভয়ানক উৎপাত ছিল, মুষলধারে বৃষ্টির ফলে সেই সমস্যাও কিছুটা কমবে বলে মনে করা হচ্ছে।
এরআগে এদিন সকালে আগামী চারদিন সারা দেশে বজ্রসহ শিলাবৃষ্টির পূর্বাভাস দেয় আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটি জানিয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এছাড়া মৌসুমের স্বাভাবিক লঘুচাপটি বর্তমানে দক্ষিণ বঙ্গোপসাগরে রয়েছে। বুধবার সন্ধ্যা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ঢাকা ও চট্টগ্রামসহ আট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ী ঝোড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিন সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
বৃহস্পতিবার (১৯ মার্চ) সন্ধ্যা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাস অনুযায়ী, সিলেট বিভাগের কিছু জায়গায় এবং বাকি সাত বিভাগের দু-এক জায়গায় বজ্রসহ বৃষ্টি হতে পারে। এদিনও দেশের কোথাও কোথাও শিলাবৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
দেশজুড়ে বজ্রবৃষ্টি ও শিলাবৃষ্টির আভাস
সংগ্রাম ডেস্ক : পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় লঘুচাপের বর্ধিতাংশ অবস্থান করায় দেশের বিভিন্ন প্রান্তে অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বজ্রবৃষ্টির সম্ভাবনা দেখা দিয়েছে। বিশেষ করে সিলেট ও রংপুর বিভাগে বৃষ্টির প্রবণতা কিছুটা বেশি থাকতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে আগামী পাঁচদিনে দিন ও রাতের তাপমাত্রা আরও বাড়তে পারে বলেও জানিয়েছে সংস্থাটি।
গতকাল বুধবার বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হকের দেয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। আবহাওয়া অধিদপ্তর জানায়, আগামী ২৪ ঘণ্টায় সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
আজ বৃহস্পতিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝোড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
শুক্রবার (২০ মার্চ) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা ও বরিশাল বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝোড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।
২১ মার্চ সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝোড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
২২ মার্চ সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টা রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।