দীর্ঘ প্রতিকূলতা ও নির্যাতনের ইতিহাস স্মরণ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার বলেছেন, দৈনিক সংগ্রাম অতীতেও সংগ্রাম করে টিকে ছিল এবং ভবিষ্যতেও সংগ্রাম করেই সামনের দিকে এগিয়ে যাবে।

গতকাল শনিবার দৈনিক সংগ্রামের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক শুভেচ্ছা বিনিময় সভায় তিনি এসব কথা বলেন। এ সময় জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি এহসানুল মাহবুব জুবায়ের, জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও বাংলাদেশ পাবলিকেশন্স লি. এর চেয়ারম্যান আব্দুর রব, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও বাংলাদেশ পাবলিকেশন্স লি. এর ভাইস চেয়ারম্যান মো: মোবারক হোসাইন, দৈনিক সংগ্রাম সম্পাদক আযম মীর শাহীদুল আহসান, বার্তা সম্পাদক সামছুল আরেফীন, চীফ রিপোর্টার নাসির উদ্দিন শোয়েবসহ দৈনিক সংগ্রামের সাংবাদিক ও সংবাদকর্মীগণ উপস্থিত ছিলেন।

মিয়া গোলাম পরওয়ার বলেন, এক সময় একজন সাবেক রাষ্ট্রপতি মন্তব্য করেছিলেন যে, ‘দৈনিক সংগ্রাম সংগ্রাম করেই বেঁচে আছে’। আজ সেই সত্যই প্রতিষ্ঠিত। যে পত্রিকার ওপর বারবার হামলা হয়েছে, যার সম্পাদককে অপমানজনকভাবে নির্যাতন করে গ্রেপ্তার করা হয়েছে এবং যার সিনিয়র সাংবাদিকদের মিথ্যা মামলায় কারারুদ্ধ করা হয়েছেÑসেই পত্রিকা আজও নতুন রূপে টিকে থাকা একটি বড় বিজয়।"

তিনি আরও বলেন, নির্যাতনে তিলে তিলে অনেক সাংবাদিক পৃথিবী থেকে বিদায় নিলেও সংগ্রামের আপসহীন যাত্রা থামেনি। বর্তমান প্রকাশনা এটাই প্রমাণ করে যে, পত্রিকাটি তার স্বকীয়তা বজায় রেখে টিকে থাকবে।

বক্তব্যে তিনি সাবেক সম্পাদক আবুল আসাদ এবং মরহুম সাংবাদিক রুহুল আমিন গাজীর অবদান গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন। তিনি বলেন, "মরহুম রুহুল আমিন গাজী সংগ্রামের স্পেশাল করেসপনডেন্ট হিসেবে অনেক নির্যাতন ও অপমানের মুখোমুখি হয়েছেন, কিন্তু তিনি তাঁর পেশাগত প্রতিশ্রুতি থেকে এক চুলও বিচ্যুত হননি। সংগ্রামের আজকের অবস্থানে আসার পেছনে এমন অনেক ত্যাগী মানুষের অবদান রয়েছে।"

রাজনৈতিক পরিবর্তনের এই সন্ধিক্ষণে সংবাদপত্র জগতেও দৈনিক সংগ্রাম একটি ‘নবতর পরিবর্তন’ সূচনা করবে বলে আশাবাদ ব্যক্ত করেন মিয়া গোলাম পরওয়ার। তিনি পত্রিকার বর্তমান সম্পাদক, সাংবাদিক, পাঠক, বিজ্ঞাপনদাতা ও শুভাকাক্সক্ষীদের প্রতি কৃতজ্ঞতা জানান।

তিনি বলেন, "বর্তমান সম্পাদক একটি চ্যালেঞ্জিং সময়ে দায়িত্ব নিয়েছেন। আমরা আশা করি, দেশবাসী এই নির্ভীক পত্রিকার পাশে থাকবে।"