যানজট নিরসন ও রাজধানীতে মহিলাদের জন্য বাস চালুর নির্দেশনা প্রধানমন্ত্রী তারেক রহমানের। গতকাল সচিবালয়ে পৃথক বৈঠকে তিনি এ নির্দেশনা দেন।
সূত্রমতে, রাজধানী ঢাকার ভয়াবহ যানজট নিরসনে ট্রাফিক ব্যবস্থা ঢেলে সাজাতে বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। গতকাল সোমবার সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর দপ্তরে এই বৈঠক হয় বলে জানান সরকার প্রধানের অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন। অন্যদিকে রাজধানীতে নারীদের জন্য পৃথক বাস সার্ভিস চালু করতে সড়ক মন্ত্রীকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। এছাড়া আরও একাধিক মন্ত্রীর সাথে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী।
প্রতিদিনের ন্যায় গতকালও গুলশানের বাসা থেকে সকাল ৯টা ১৩ মিনিটে সচিবালয়ে পৌঁছান প্রধানমন্ত্রী। আগের দিন রোববারও সচিবালয়ে অফিস করেছেন তিনি। এদিনও তিনি ৯টার কিছু পরে অফিসে প্রবেশ করেন।
দিনের কর্মসূচি অনুযায়ী প্রধানমন্ত্রী ঢাকার যানজট নিরসনে বিশেষজ্ঞদের সাথে বৈঠক করেন। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব বলেন, অফিসে এসে সবার আগে ঢাকার যানজট নিরসনে ট্রাফিক ব্যবস্থা ঢেলে সাজাতে প্রধানমন্ত্রী বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলেছেন। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এম শামসুল হকসহ কয়েকজন বিশেষজ্ঞকে নিয়ে তিনি বৈঠক করেন এবং এ ব্যাপারে তাদের মতামত জানতে চান। এসময় বিশেষজ্ঞগণ প্রধানমন্ত্রীর কাছে যানজট নিরসনের বিষয়ে বিস্তারিত জানান এবং একটি লিখিত ডকুমেন্টও হস্তান্তর করেন। তারা বিভিন্ন দেশের উদাহরণ তুলে ধরে গণবসতিপূর্ণ রাজধানী ঢাকার যানজট নিরসনের বিষয়টি সমাধান সম্ভব বলে প্রধানমন্ত্রীকে জানান।
আতিকুর রহমান রুমন জানান, রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবরস্থলের সংস্কার ও উন্নয়নের বিষয়েও প্রধানমন্ত্রী স্থপতিদের সাথে কথা বলেছেন এবং তাদের মতামত শুনেছেন। তিনি দ্রুত মাজার প্রাঙ্গণের সংস্কারে করণীয় বিষয়ে দিক নির্দেশনা দিয়েছেন।
এছাড়া প্রধানমন্ত্রীর সাথে দেখা করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী হাফিজ উদ্দিন আহমেদ ও শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন। সাক্ষাতে মুক্তিযোদ্ধা মন্ত্রী মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ ‘জুলাই শহীদ’ পরিবার ও আহতদের পুনর্বাসনভুয়া মুক্তিযোদ্ধাদের তালিকা থেকে বাদ দেওয়া এবং প্রকৃত মুক্তিযোদ্ধাদের সর্বোচ্চ সম্মান নিশ্চিতকরণ নিয়ে আলোচনা করেন। এছাড়া আহতদের শিক্ষাভাতা ও কর্মসংস্থানের পরিকল্পনার বিষয়গুলোও প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরেন।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে বীর মুক্তিযোদ্ধাদের তালিকা আবার যাচাই চলছে জানিয়ে হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, ভুয়া ব্যক্তিদের পর্যায়ক্রমে তালিকা থেকে বাদ দেওয়া হবে। তবে বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কোনো আলোচনা হয়নি বলে জানান তিনি। হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম) বলেন, জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল (জামুকা) বীর মুক্তিযোদ্ধাদের তালিকা যাচাই-বাছাই করছে। ইতিমধ্যে ৩০০ ‘ভুয়া’ মুক্তিযোদ্ধাকে তালিকা থেকে বাদ দিয়েছে। এটা চলমান প্রক্রিয়া। যা কিছু সুযোগ-সুবিধা আছে, তা যাতে প্রকৃত মুক্তিযোদ্ধারা পান, এ জন্য উদ্যোগ গ্রহণ করা হবে। ‘ভুয়া’ মুক্তিযোদ্ধা পর্যায়ক্রমে বাদ দেওয়া হবে। আরেক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, যারা অন্যায়ভাবে আর্থিক সুবিধা পেয়েছেন, সেগুলো আবার ফিরিয়ে আনার চেষ্টা করা হবে।
জুলাই যোদ্ধাদের কল্যাণের বিষয়ে প্রধানমন্ত্রী ‘অত্যন্ত সজাগ’ জানিয়ে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী বলেন, এখন পর্যন্ত কী কী ব্যবস্থা নেওয়া হয়েছে, এ বিষয়ে প্রধানমন্ত্রী জানতে চেয়েছেন। জুলাই যোদ্ধাদের জন্য নেওয়া অন্তর্বর্তী সরকার ও বর্তমান সরকারের বিভিন্ন উদ্যোগের কথা প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরেন মন্ত্রী। এ ছাড়া আরও বিভিন্ন উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তিনি। এ সময় মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন উপস্থিত ছিলেন।
প্রধানমন্ত্রীর সাথে অনুষ্ঠিত বৈঠকে শিক্ষা মন্ত্রী শিক্ষাব্যবস্থার সামগ্রিক উন্নয়ন, আসন্ন এসএসসি পরীক্ষাও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি নিয়োগের মানদণ্ড নিয়ে আলোচনা হয়। এসময় প্রধানমন্ত্রী প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন বলে মন্ত্রী জানান।
অন্যদিকে প্রধানমন্ত্রীর সাথে বৈঠক করেছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল ইসলাম। এসময় প্রধানমন্ত্রী রাজধানীতে নারীদের জন্য আলাদা বাস সার্ভিস চালুর জন্য মন্ত্রীকে নির্দেশ দিয়েছেন। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বলেন, প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী দেখা করতে এলে তারেক রহমান সড়ক পরিবহনের বর্তমান অবস্থা সম্পর্কে রবিউল ইসলামের কাছ থেকে তথ্য নেন এবং প্রয়োজনীয় নির্দেশনাও দিয়েছেন। রুমন আরও বলেন, প্রধানমন্ত্রী রাজধানীতে নারী বাস সার্ভিস চালুর জন্য মন্ত্রীকে নির্দেশ দিয়েছেন।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব জানান, তারেক রহমান গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহেরকে শেরেবাংলা নগরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার কবর প্রাঙ্গণের সংস্কার ও উন্নয়ন কাজ ঈদের আগে শেষ করারও নির্দেশনা দিয়েছেন।