বাঙালির প্রাণের উৎসব অমর একুশে বইমেলার দ্বিতীয় দিন ছিল গতকাল শুক্রবার। সাপ্তাহিক ছুটির দিনে সকাল থেকেই মেলা প্রাঙ্গণে ছিল বিশেষ আয়োজন। বেলা ১১টায় দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হয় বইমেলার দুয়ার, আর বেলা ১টা পর্যন্ত চলে শিশুদের জন্য নির্ধারিত ‘শিশুপ্রহর’। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান ও বাংলা একাডেমি প্রাঙ্গণে এ সময় শিশু-কিশোরদের জন্য নানা আকর্ষণীয় আয়োজন ছিল। নতুন বইয়ের ঘ্রাণ আর রঙিন মলাটের মোহে খুদে পাঠকদের চোখে-মুখে ছিল উচ্ছ্বাস আনন্দ। অভিভাবকদের হাত ধরে আসা শিশুদের প্রাণবন্ত উপস্থিতিতে মুখর হয়ে উঠে মেলার মাঠ। সোহরাওয়ার্দী উদ্যান অংশের শিশুচত্বরে ৬৩টি প্রতিষ্ঠানের ১০৭টি ইউনিটে শিশুদের জন্য সাজানো হয়েছে নতুন বইয়ের পসরা।
জানা গেছে, প্রতি শুক্র ও শনিবার সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত ‘শিশুপ্রহর’ পালন করা হবে। অমর একুশে উদযাপনের অংশ হিসেবে শিশু-কিশোরদের চিত্রাঙ্কন, আবৃত্তি ও সংগীত প্রতিযোগিতারও আয়োজন রাখা হয়েছে, যা ছোটদের সৃজনশীলতা বিকাশে ভূমিকা রাখবে।
এবারের বইমেলা নানা সমীকরণে কিছুটা সংক্ষিপ্তÑমোট ১৮ দিনের আয়োজন। রমজান মাসের কারণে দর্শনার্থী উপস্থিতি ও বই বিক্রি নিয়ে শুরুতে দুশ্চিন্তা থাকলেও প্রথম দিনের বেচাকেনায় আশার আলো দেখছেন প্রকাশকরা। যদিও এখনও প্রায় ৪০ শতাংশ স্টলের কাজ পুরোপুরি শেষ হয়নি। প্রতিদিন দুপুর ২টা থেকে রাত ৯টা পর্যন্ত মেলা চলবে। তবে ছুটির দিনে মেলা শুরু হবে সকাল ১১টায় এবং চলবে রাত ৯টা পর্যন্ত। আগামী ১৫ মার্চ পর্যন্ত চলবে বাঙালির এই প্রাণের উৎসব। এছাড়া নানা আয়োজন থাকছে অমর একুশের বইমেলাকে ঘিরে। বেলা ৩টায় বইমেলার মূলমঞ্চে অনুষ্ঠিত হয় ‘স্মরণ: ফরিদা পারভীন’ শীর্ষক আলোচনা অনুষ্ঠান। প্রবন্ধ উপস্থাপন করেন মোহাম্মদ রোমেল। আলোচনায় অংশ নেন ড. আবু ইসহাক হোসেন। সভাপতিত্ব করেন লেখক ও কলামিস্ট ফরহাদ মজহার।
এর আগে বৃহস্পতিবার রাজধানীর বাংলা একাডেমি প্রাঙ্গণে প্রধানমন্ত্রী তারেক রহমান আনুষ্ঠানিকভাবে ‘অমর একুশে বইমেলা ২০২৬’ উদ্বোধন করেন। এবারের মেলার প্রতিপাদ্য ‘বহুমাত্রিক বাংলাদেশ’।