পশ্চিমবঙ্গের বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্য্য বাংলাদেশের খুলনা ও যশোর অঞ্চলকে ভারতের পশ্চিমবঙ্গের সাথে যুক্ত করার যে উসকানিমূলক বক্তব্য দিয়েছেন তাতে গভীর উদ্বেগ প্রকাশ করে এবং এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার ।

গতকাল রোববার প্রদত্ত বিবৃতিতে তিনি বলেন, সম্প্রতি ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্য্য বাংলাদেশের খুলনা ও যশোর অঞ্চলকে ভারতের সঙ্গে যুক্ত করার উসকানিমূলক মন্তব্য করেছেন। আমরা তার বাংলাদেশের অখ-তা বিরোধী এবং উগ্র ও অগ্রহণযোগ্য মন্তব্যে গভীর উদ্বেগ প্রকাশ করছি ও তীব্র নিন্দা জানাচ্ছি। তিনি এই ধরনের বক্তব্য প্রদান করে আন্তর্জাতিক নীতি ও বন্ধুত্বপূর্ণ প্রতিবেশী সম্পর্কের মূলে কুঠারাঘাত করেছেন। এতে তার উগ্র মানসিকতার নির্লজ্জ প্রকাশ পেয়েছে, যা বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতি চরম হুমকি।

তিনি আরও বলেন, আমরা মনে করি, রাজনৈতিক উদ্দেশ্যে সীমান্তে বাংলাদেশের সার্বভৌমত্বকে প্রভাবিত করার প্রচেষ্টা একটি মারাত্মক হুমকি। বাংলাদেশ সীমান্তে ভারতের চলমান সামরিক কার্যক্রম, ভারতীয় স্যাটেলাইটের পর্যবেক্ষণ এবং ধর্মীয় উসকানি ছড়ানোর কর্মকা- বাংলাদেশের সার্বভৌমত্ব ও আঞ্চলিক নিরাপত্তার জন্য গুরুতর চ্যালেঞ্জ। আমরা বিশেষভাবে উদ্বেগ প্রকাশ করছি যে, এসব প্রক্রিয়া বাংলাদেশের সীমান্তবর্তী জনগণের মধ্যে আতঙ্ক ও অস্থিরতা সৃষ্টি করছে।

তিনি বলেন, ভারতীয় নেতৃবৃন্দকে সতর্ক করছি যে, বাংলাদেশের সার্বভৌমত্বের প্রতি কোনোরকম হস্তক্ষেপকে বাংলাদেশের জনগণ কঠোরভাবে প্রত্যাখ্যান করে এবং আমরা আশা করছি বাংলাদেশ সরকার প্রয়োজনীয় কূটনৈতিক ও আইনি প্রতিকার গ্রহণে কোনো দ্বিধা করবে না। তিনি ভারতের রাজনৈতিক নেতৃত্বকে আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা রক্ষার স্বার্থে আন্তর্জাতিক আইন ও নিয়মনীতি মেনে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতি যথাযথ সম্মান প্রদর্শনের আহ্বান জানান। পাশাপাশি তার এই উগ্র মন্তব্যের জন্য দুঃখ প্রকাশ করে তা প্রত্যাহারেরও আহ্বান জানান।

তিনি বিজিবি নেতার উসকানিমূলক বক্তব্যের কড়া ভাষায় জবাব দেওয়ার জন্য বাংলাদেশ সরকারের প্রতি জোরালো আহ্বান জানিয়েছেন এবং যে কোনো মূল্যে বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব সমুন্নত রাখতে আঞ্চলিক শান্তি, স্থিতিশীলতা ও সহযোগিতা জোরদারের প্রতি দৃঢ় অবস্থান গ্রহণের আহ্বান জানিয়েছেন।

এদিকে উত্তর আফ্রিকা থেকে ইউরোপ যাওয়ার পথে গ্রিস উপকূলে একটি রাবারের নৌকায় অন্তত ১৮ বাংলাদেশির মর্মান্তিক মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করে এবং উদ্বেগ প্রকাশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার শোক বিবৃতি দিয়েছেন।

গতকাল প্রদত্ত বিবৃতিতে মিয়া গোলাম পরওয়ার বলেন, “গত ২৭ মার্চ (জুমআ বার) উত্তর আফ্রিকা থেকে ইউরোপগামী নৌকায় গ্রিস উপকূলে ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১৮ বাংলাদেশিসহ ২২ অভিবাসীর অকাল মৃত্যুতে আমরা গভীর শোক ও দুঃখ প্রকাশ করছি। এটি সত্যিই অত্যন্ত হৃদয়বিদারক। আমরা নিহতদের রূহের মাগফিরাত কামনা করছি এবং তাদের পরিবার ও আত্মীয়স্বজনের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।

তিনি আরও বলেন, জীবনঝুঁকি নিয়ে অবৈধভাবে সমুদ্রপথে যাত্রা করা অভিবাসীদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সরকার ও আন্তর্জাতিক সংস্থাগুলোর দ্রুত এবং কার্যকর পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন। আমরা আশা করি, এ ধরনের অনাকাক্সিক্ষত বিপর্যয় প্রতিরোধে মানবিক ও স্থায়ী সমাধান বাস্তবায়ন করা হবে। অভিবাসী সমস্যার স্থায়ী ও মানবিক সমাধান ছাড়া এ ধরনের বিপর্যয় থামানো সম্ভব হবে না।

তিনি অভিবাসীদের নিরাপত্তা নিশ্চিতে দ্রুত ও কার্যকর পদক্ষেপ গ্রহণের লক্ষ্যে সংশ্লিষ্ট দেশসমূহের সরকার ও আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর প্রতি জোরালো আহ্বান জানান। পাশাপাশি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে উপযুক্ত আর্থিক ক্ষতিপূরণ প্রদান করার জন্য বাংলাদেশসহ সংশ্লিষ্ট দেশের সরকার ও আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান।