সপরিবারে বাংলাদেশ মহিলা সমিতি মিলনায়তনে শিশুদের নাটক ‘কবি চিতাবাঘ’ দেখতে গেলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। গতকাল শনিবার সন্ধ্যায় রাজধানীর বেইলি রোডে সপরিবারে নাটকটি উপভোগ করেছেন তিনি।
বিএনপির মিডিয়া সেল থেকে বিষয়টি নিশ্চিত করে বলা হয়েছে শিশুতোষ নাটক কবি চিতাবাঘ দেখতে রাজধানীর বেইলি রোডের নাটকপাড়ায় গেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার সঙ্গে রয়েছেন স্ত্রী ডা. জুবাইদা রহমান ও মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান। শনিবার সন্ধ্যায় মহিলা সমিতিতে তারা শিশুতোষ নাটকটি উপভোগ করেন। শিকড় চিলড্রেন্স থিয়েটারের প্রযোজনায় বাংলাদেশ মহিলা সমিতি মিলনায়তনে নাটকটি মঞ্চস্থ হয়। এর আগে গত ৩ এপ্রিল মেয়ে জাইমাকে নিয়ে ধানমন্ডির সীমান্ত সম্ভারে অবস্থিত সিনেপ্লেক্সে প্রোজেক্ট হেইল মেরি সিনেমা দেখেন প্রধানমন্ত্রী।
মঙ্গলবার কৃষক কার্ড কর্মসূচির উদ্বোধন করবেন
আগামী মঙ্গলবার ১৪ এপ্রিল দেশব্যাপী ‘কৃষক কার্ড’ বিতরণের প্রি-পাইলট কর্মসূচি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ওই দিন সকাল ১০টায় টাঙ্গাইল সদরের শহীদ মারুফ স্টেডিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে এই কার্যক্রমের শুভ উদ্বোধন করা হবে। শনিবার তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের এক চিঠিতে জানানো হয়, এই কর্মসূচির আওতায় দেশের ১০টি উপজেলায় একযোগে ‘কৃষক কার্ড’ কার্যক্রমের যাত্রা শুরু হবে। কার্ড বিতরণের জন্য নির্বাচিত উপজেলাগুলো হলো, টাঙ্গাইল সদর, পঞ্চগড় সদর, পঞ্চগড়ের বোদা, বগুড়ার শিবগঞ্জ, ঝিনাইদহের শৈলকুপা, পিরোজপুরের নেছারাবাদ, কক্সবাজারের টেকনাফ, কুমিল্লার আদর্শ সদর, জামালপুরের ইসলামপুর, রাজবাড়ীর গোয়ালন্দ এবং মৌলভীবাজারের জুড়ী।
সরকারের এই উদ্যোগের ফলে প্রান্তিক পর্যায়ের কৃষকদের তথ্য সংরক্ষণ এবং কৃষিঋণসহ বিভিন্ন সরকারি প্রণোদনা সরাসরি কৃষকদের কাছে পৌঁছানো আরও সহজ হবে বলে আশা করা হচ্ছে। উদ্বোধনী অনুষ্ঠান কেন্দ্র করে টাঙ্গাইল জেলা প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।