আটজন প্রতিমন্ত্রীর দপ্তর পুনর্বণ্টন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। গতকাল বুধবার তাদের দপ্তর পুনর্বণ্টন করে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এ ছাড়া প্রধানমন্ত্রী তারেক রহমানের দুই উপদেষ্টার দায়িত্ব বাড়ানো হয়েছে।

বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা মো. শরীফুল আলমকে বস্ত্র ও পাট মন্ত্রণালয়; কৃষি মন্ত্রণালয়, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এবং খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা সুলতান সালাউদ্দিন টুকুকে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়; সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, রেলপথ মন্ত্রণালয় এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা হাবিবুর রশিদকে রেলপথ মন্ত্রণালয় এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে।

এছাড়া সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, রেলপথ মন্ত্রণালয় এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা মো. রাজিব আহসানকে নৌপরিবহন মন্ত্রণালয় এবং সেতু বিভাগ; অর্থ মন্ত্রণালয় এবং পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা মো. জোনায়েদ আব্দুর রহিম সাকিকে পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী করা হয়েছে।

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা ফারজানা শারমীনকে সমাজকল্যাণ মন্ত্রণালয়; শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা মো. নুরুল হককে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়; শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা ববি হাজ্জাজকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুই-তৃতীয়াংশ আসনে জয়লাভ করে গত ১৭ ফেব্রুয়ারি সরকার গঠন করে বিএনপি। ওই দিনই প্রধানমন্ত্রী, মন্ত্রী এবং প্রতিমন্ত্রীদের মধ্যে দপ্তর বণ্টন করা হয়। এখন ‘প্রধানমন্ত্রী রুলস অব বিজনেস, ১৯৯৬’-এর রুল ৩(৪) অনুযায়ী প্রতিমন্ত্রীদের মধ্যে এখন দপ্তর পুনর্বণ্টন করেছেন বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে। এ সরকারে প্রধানমন্ত্রী ছাড়াও ২৫ জন মন্ত্রী এবং ২৪ জন প্রতিমন্ত্রী রয়েছেন।

দুই উপদেষ্টার দায়িত্ব বাড়ল :

এদিকে পৃথক প্রজ্ঞাপনে প্রধানমন্ত্রী তারেক রহমানের ১০ উপদেষ্টার মধ্যে মধ্যে দুজনের দায়িত্ব পুনর্বণ্টন করা হয়েছে। এর মধ্যে নজরুল ইসলাম খান রাজনৈতিক উপদেষ্টার পাশাপাশি কৃষি মন্ত্রণালয় এবং রুহুল কবীর রিজভী আহমেদকে রাজনৈতিক উপদেষ্টার পাশাপাশি শিল্প মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে।

১৭ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন নতুন সরকারে মন্ত্রীÑপ্রতিমন্ত্রীর পদমর্যাদায় এই ১০ জনকে উপদেষ্টা পদে নিয়োগ দেওয়া হয়। এর আগে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রী এবং ২৫ জন পূর্ণ মন্ত্রী ও ২৪ জন প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেন।