আমীরে জামায়াত ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান গতকাল বুধবার দুপুর সাড়ে ১২টায় বনানী সামরিক কবরস্থানে শহীদ সেনা সদস্যদের কবর জিয়ারত করেন এবং তাদের রূহের মাগফিরাত কামনা করে দোয়া করেন। সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য এবং ঢাকা মহানগরী উত্তরের আমীর মো. সেলিম উদ্দিন এবং বনানী ও গুলশান থানা জামায়াতের বহু নেতাকর্মী তাঁর সঙ্গে ছিলেন।

এ সময় আমীরে জামায়াত শহীদ সেনা সদস্যদের পরিবারের উদ্দেশ বলেন, “আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকার ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি ঢাকার পিলখানায় পরিকল্পিতভাবে ৫৭ জন চৌকস সেনা কর্মকর্তাসহ মোট ৭৪ জনকে মর্মান্তিকভাবে হত্যা করা হয়েছে- তারা সকলেই ছিলেন দেশপ্রেমিক ও জাতির শ্রেষ্ঠ সম্পদ। আমরা নিহতদের গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি ও তাদের রূহের মাগফিরাত কামনা করছি। আল্লাহ তায়ালা আপনাদেরকে সবর করার তাওফিক দান করুন।

তিনি সরকারের উদ্দেশে বলেন, দেশবাসী ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি তারিখে সেনা হত্যার নির্মম ঘটনার প্রকৃত কারণ জানতে চায়। একই সঙ্গে আমি অন্তর্বর্তী সরকার কর্তৃক গঠিত ‘বিডিআর তদন্ত কমিশন’ এর রিপোর্ট অনুযায়ী দোষী ব্যক্তিদের নাম জাতির সামনে প্রকাশ করার দাবি জানাচ্ছি এবং তাদের দ্রুত গ্রেফতার করে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের আহ্বান জানাচ্ছি। প্রেস বিজ্ঞপ্তি।