দোহা, দুবাই ও আবুধাবি ব্যতীত মধ্যপ্রাচ্যগামী সব ফ্লাইট নির্ধারিত সময়ে যাত্রা করবে বলে জানিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। গতকাল রোববার সংস্থাটির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

বিমানের মহাব্যবস্থাপক (জনসংযোগ) বোসরা ইসলাম এক বার্তায় বিমান সব যাত্রীকে নির্ধারিত সময়ের চার ঘণ্টা আগে বিমানবন্দরে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন।

শনিবার সকালে যুক্তরাষ্ট্র ও ইসরাইল ইরানে হামলা শুরু করে। এর জবাবে ইসরাইলসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে মার্কিন ঘাঁটিতে আক্রমণ করে ইরান।

তিনদিনে ৭৪ ফ্লাইট বাতিল : শনিবার বিকেল থেকে ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডান তাদের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করে। এর সরাসরি প্রভাব পড়ে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। ফলে এখন পর্যন্ত বিভিন্ন এয়ারলাইন্সের মোট ৭৪টি ফ্লাইট বাতিল ঘোষণা করা হয়েছে।

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সূত্র জানায়, শনিবার মোট ২৩টি ফ্লাইট বাতিল করা হয়। এর মধ্যে ছিল এমিরেটসের ১টি, গালফ এয়ারের ১টি, ফ্লাইদুবাই ১টি, এয়ার অ্যারাবিয়া ৩টি, ইউএস-বাংলা এয়ারলাইন্সের ৬টি এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ১১টি ফ্লাইট।

গতকাল রোববার সারা দিনে বাতিল ফ্লাইটের সংখ্যা ৪০টি। এর মধ্যে জাজিরা এয়ারওয়েজের ২টি, এমিরেটস-এর ৫টি, গালফ এয়ার-এর ২টি, ফ্লাইদুবাই-এর ৪টি, কাতার এয়ারওয়েজ ২টি, সালাম এয়ারের ২টি, এয়ার অ্যারাবিয়ার ৮টি, কুয়েত এয়ারওয়েজের ২টি, ইউএস-বাংলা এয়ারলাইন্স-এর ৪টি এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্স-এর ৯টি ফ্লাইট বাতিল করা হয়েছে। এছাড়া এখন পর্যন্ত আজ সোমবারের ১১টি ফ্লাইট বাতিল করা হয়েছে। এর মধ্যে কাতার এয়ারওয়েজ-এর ৪টি, এমিরেটস-এর ৫টি এবং গালফ এয়ারের ২টি ফ্লাইট রয়েছে।

সব মিলিয়ে ২৮ ফেব্রুয়ারি থেকে আজ ২ মার্চ পর্যন্ত মোট ৭৪টি ফ্লাইট বাতিল ঘোষণা করা হয়েছে। এতে মধ্যপ্রাচ্যগামী ও সেখান থেকে আসতে চাওয়া কয়েক হাজার যাত্রী ভোগান্তিতে পড়েছেন।