ঢাকা নগরীর পরিবেশ ও পরিচ্ছন্নতা রক্ষায় সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মহানগরী উত্তরের আমীর মোহাম্মদ সেলিম উদ্দিন। তিনি গতকাল বুধবার রাজধানীতে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের বিভিন্ন ওয়ার্ডে পরিচ্ছন্নতা অভিযান ‘ক্লিন ঢাকা মহানগরী’ কর্মসূচিতে অংশ নিয়ে এসব কথা বলেন। কর্মসূচি সকাল ৭ টা থেকে ১০ টা পর্যন্ত এলাকার মসজিদ, মাদরাসা, স্কুল-কলেজ ও বাজারের আশেপাশে পালিত হয় । মহানগরী আমীর নিজেই পরিচ্ছন্নতা কাজে অংশ নেন। এ সময় মহানগরী আমীরের সাথে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শূরা ও ঢাকা মহানগরী উত্তরের কর্মপরিষদ সদস্য মোহাম্মদ জামাল উদ্দিন, উত্তরা মডেল থানা আমীর এডভোকেট ইব্রাহিম খলিল, উত্তরা অঞ্চলের সহকারী অঞ্চল পরিচালক মাহবুবুল আলম, উত্তরা পশ্চিম থানা আমীর মাজহারুল ইসলাম, তুরাগ মধ্য থানার নায়েবে আমীর কামরুল হাসান, জামায়াত নেতা ফিরোজ আলম ও হারুন অর রশীদ তারেক প্রমুখ।

সেলিম উদ্দিন বলেন, নগর জীবনকে পরিচ্ছন্ন, সুন্দর ও স্বাস্থ্যকর রাখতে সকলকে নাগরিক দায়িত্ব পালন করতে হবে। এ বিষয়ে কাউকে উদাসীন থাকার সুযোগ নেই। আর সুনাগরিক হিসাবে এ দায়িত্ব কেউই এড়াতে পারে না। আমীরে জামায়াত তার নির্বাচনী প্রতিশ্রুতি হিসাবে আজ ‘ক্লিন ঢাকা মহানগরী’ কর্মসূচির উদ্বোধন করেছেন। তিনি সকলকে সাথে নিয়ে নিজ হাতে রাস্তাঘাট পরিচ্ছন্ন করে তার দেওয়া অঙ্গীকার পালন করেছেন। আমরাও তার সাথে ছিলাম। নগরবাসীর জন্য মাহে রমযানকে স্বাচ্ছন্দপূর্ণ ও সাবলীল করতে আমাদের এ অভিযান মাসব্যাপী চলবে। তিনি ঢাকা নগরীর পরিবেশকে সুন্দর, স্বাস্থ্যকর ও পরিচ্ছন্ন রাখতে খোলা মন নিয়ে নগরবাসীকে এগিয়ে আসার আহ্বান জানান।

তিনি বলেন, বছর ঘুরে আমাদের মাঝে আবার হাজির হয়েছে পবিত্র মাহে রমযান। উদ্দেশ্য, তাকওয়া অর্জন এবং হক্ব-বাতিল এবং হারাম-হালাল চিনে বাস্তবজীবনে তার প্রতিফলন ঘটানো। এ মোবারক মাসেই বিশ^মানবতার মুক্তির সনদ মহাগ্রন্থ আল কুরআন নাজিল হয়েছে। মূলত, কুরআন মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে ধাবিত করে। তিনি দুনিয়ায় শান্তি ও আখেরাতে মুক্তির জন্য সকলকে ইসলামের ছায়াতলে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান।

মহানগরী উত্তর আমীর বলেন, সদ্য সমাপ্ত নির্বাচনী ফলাফলে প্রমাণিত হয়েছে যে, ঢাকা মহানগরী উত্তর ইসলামী আন্দোলনের দুর্গে পরিণত হয়েছে। মোট ৪ টি আসনে আমাদের প্রার্থীরা বিজয়ী হয়েছেন। একটিতে বিজয়ী হয়েছে শরীক দল এনসিপি । আরো দু’টি আসনে সামান্য ব্যবধানে হারলেও সেসব স্থানে নির্বাচনের স্বচ্ছতা নিয়ে প্রশ্নের সৃষ্টি হয়েছে। ঢাকা-১৮ আসনে জোটের একজন নবীন প্রার্থী ১ লাখ ২৬ হাজার ভোট পেয়ে আলোরণ সৃষ্টি করেছেন। তাই আগামী দিনে ঢাকা নগরীতে আমাদের জয়ের ধারা অব্যাহত রাখতে হবে। তিনি আগামী দিনে বিজয়ের ধারাবাহিকতা রক্ষা করতে সকলকে ময়দানে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান। প্রেস বিজ্ঞপ্তি।