ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শান্তিপূর্ণ হলেও গতকাল বৃহস্পতিবার দেশের বিভিন্নস্থানে নানা ধরনের অনিয়ম ও সহিংসতার ঘটনা ঘটেছে। নোয়াখালী-৬ হাতিয়া আসনে নির্বাচনী সহিংসতায় সাংবাদিকসহ অর্ধ শতাধিক ব্যক্তি আহত হয়েছেন। নওগাঁয় এক কেন্দ্রে রেজাল্ট শিটে আগে থেকে স্বাক্ষর করায় প্রিজাইডিং অফিসারকে প্রত্যাহার করা হয়। এছাড়াও আরো কিছু এলাকায় নানা ধরনের জাল ভোট ও গন্ডগোলের ঘটনা ঘটেছে।

সংবাদদাতাদের পাঠানো তথ্যে জানা গেছে, নোয়াখালী-৬ হাতিয়া আসনে নির্বাচনী সহিংসতায় সাংবাদিকসহ অর্ধ শতাধিক ব্যক্তি আহত হয়েছেন। এরমধ্যে বেশিরভাগই ১১ দলীয় জোট প্রার্থী এনসিপি নেতা আবদুল হান্নান মাসউদের সমর্থক বলে জানা গেছে। গতকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত সংসদ নির্বাচনকে কেন্দ্র করে প্রভাব বিস্তার নিয়ে কেন্দ্রে কেন্দ্রে এসব হামলা-সংঘর্ষ ও আহতের ঘটনা ঘটেছে।

সকাল ১০টার দিকে চরঈশ্বর ইউনিয়নের বাংলাবাজার এলাকায় কেন্দ্র পরিদর্শন শেষে ফেরার পথে হান্নান মাসুদের গাড়ী বহরে হামলা করে বিএনপি কর্মীরা। এসময় বাংলাদেশ টেলিভিশনের স্টাফ রিপোর্টার মিরাজ উদ্দিনসহ অন্তত ১০জন আহত হন। সাংবাদিক মিরাজের মাথায় ও পিঠে কুপিয়ে জখম করে সন্ত্রাসীরা।

বেলা ১১টার দিকে বুড়িরচর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের আসাদিয়া কেন্দ্র পরিদর্শনের সময় আবদুল হান্নান মাসউদের স্ত্রী শ্যামলী সুলতানা জেদনীর ওপর হামলার অভিযোগ পাওয়া গেছে। বিএনপি নেতা লিটন চৌধুরী ও স্বপন মেম্বারের নেতৃত্বে একদল দুর্বৃত্ত দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। এসময় সন্ত্রাসীরা তাকে রড দিয়ে পিটিয়ে জখম করে এবং হাতের মোবাইল ফোন কেড়ে নেয়। এমনকি ভিডিও করার সময় আরেক এনসিপি নেতার মোবাইল ফোন কেড়ে নেওয়া হয়।

দুপুরে হাতিয়া পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ওছখালী বাজারে হান্নান মাসউদের সমর্থক আবদুর কাদের ও তার ছেলে মো. ফয়সালের উপর হামলার ঘটনা ঘটেছে। আবদুল কাদের অভিযোগ করে বলেন হামলাকারীরা সবাই বিএনপির প্রার্থী মাহবুবের শামীমের সমর্থক। এছাড়াও হামলার ঘটনা ঘটেছে বুড়িরচর, জাহাজমারা ও সোনাদিয়া ইউনিয়নে।

উপজেলা স্বাস্থ কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক মানছুর উদ্দিন জানান, সকাল থেকে হাসপাতালে ৩০ জনের মতো লোক এসেছে। তাদের মধ্যে চারজন ভর্তি আছে। অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি চলে গেছে।

হাসপাতালে ভর্তি হওয়া কর্মী সমর্থকদের দেখতে আসেন হান্নান মাসুদ এর স্ত্রী শ্যমলী সুলতানা জেদনী। তিনি আহত রোগীদের খোজ খবর নেন। তাদের চিকিৎসার ব্যবস্থা করেন। এই সময় তিনি বিভিন্ন জায়গায় সন্ত্রাসীদের হামলায় উদ্বেগ প্রকাশ করেন। এই বিষয়ে পরে এনসিপির পক্ষ থেকে আনুষ্ঠানিক বক্তব্য দেওয়া হবে বলে জানান তিনি।

হাতিয় উপজেলা এনসিপির আহবায়ক শামছুল তিব্রিজ জানান, বুধবার রাত থেকে বিভিন্ন জায়গায় আমাদের নেতাকর্মীদের ওপর হামলা চালানো হয়। ভোট কেন্দ্রে যেতে সবস্থানে বাধা দেওয়া হয়।

তিনি বলেন, অনেক জায়গায় এনসিপির কর্মীদের উপর হামলা করে অন্তত ৫০ জনকে আহত করা হয়েছে। অনেককে হাসপাতালে পাঠানো হয়েছে। যানবাহন না থাকার কারনে অনেক লোককে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। এ বিষয়ে প্রশাসনকে জানানো হয়েছে।

অন্যদিকে বিএনপির মিডিয়া বিভাগের সদস্য জহির উদ্দিন তুহিন বলেন, এনসিপি কর্মীদের হামলায় বিএনপিরও অনেকে আহত হয়েছেন। এ বিষয়ে প্রশাসনের কাছে অভিযোগ করা হয়েছে।

হাতিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল আলম বলেন, কয়েকটি জায়গায় হামলা হয়েছে বলে তিনি শুনেছি। তবে যেখানে খবর পাওয়া গেছে সেখানে পুলিশ, কোস্টগার্ড ও নৌবাহিনী একযোগে তা নিয়ন্ত্রণ করেছে।

রাজধানীর মনিপুর উচ্চ বিদ্যালয় (বালিকা) ভোটকেন্দ্রে ভুয়া পোলিং এজেন্ট সেজে অবস্থানের অভিযোগে যুবদল নেতা শাকিল মোল্লাকে আটক করেছে সেনাবাহিনী। বৃহস্পতিবার ভোটগ্রহণ শেষে গণনা শুরুর দিকে এই ঘটনা ঘটে।

কেন্দ্র সূত্র জানায়, শাকিল মোল্লা নিজেকে পোলিং এজেন্ট পরিচয় দিয়ে ভোটকেন্দ্রে প্রবেশ করেন। ভোটগ্রহণ শেষ হওয়ার পর তিনি ভাইস প্রিন্সিপালের কক্ষে যান, যেখানে ভোটগণনার প্রস্তুতি চলছিল। এসময় তার পরিচয় নিয়ে সন্দেহ দেখা দিলে দায়িত্বরত সদস্যরা তাকে জিজ্ঞাসাবাদ করেন।

পরে প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে না পারা এবং সন্দেহজনক আচরণে তাকে তাৎক্ষণিকভাবে আটক করা হয়। এরপর তাকে কেন্দ্রের ভেতর থেকেই নিয়ন্ত্রণে নিয়ে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়।

তবে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হয় এবং ভোটগণনার কার্যক্রম অব্যাহত থাকে।

এ বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনের পক্ষ থেকে আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

এদিকে সারা দেশের বিভিন্ন এলাকায় জাল ভোট দেওয়ার চেষ্টা, ব্যালট ছিনতাই, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনসহ বিভিন্ন অপরাধে ৪৬ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত ও সংক্ষিপ্ত বিচারিক আদালত। গতকাল বৃহস্পতিবার সারা দিনে ১৪টি জেলার অন্তত ১৯টি এলাকায় এসব ঘটনা ঘটে।

কারাদণ্ড পাওয়া ব্যক্তিদের মধ্যে সর্বোচ্চ তিন বছর ও সর্বনিম্ন পাঁচ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে। এর মধ্যে ৪ জনকে ৩ বছর করে এবং ৯ জনকে ২ বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে। অন্যদিকে ৪২ জনকে সব মিলিয়ে জরিমানা করা হয়েছে ২ লাখ ২৩ হাজার ২০০ টাকা, অনাদায়ে কয়েকজনকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

ঝালকাঠি

ঝালকাঠির নলছিটিতে জাল ভোট দেওয়ার অভিযোগে ছাবিনা বেগম (৩৪) নামের এক নারীকে দুই বছর সশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার বিকেলে উপজেলার দপদপিয়া ইউনিয়নের ভরতকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে। দণ্ড পাওয়া ছাবিনা বেগম একই এলাকার শুকুর আলী হাওলাদারের মেয়ে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও ঝালকাঠি ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল আদালতের বিচারক মুক্তা রানী।

অন্যদিকে ঝালকাঠি পৌর আদর্শ মাধ্যমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে গোপন কক্ষে সিল দেওয়া ব্যালটের ছবি তোলার দায়ে বিপ্লব দাস (৫৩) নামের এক ভোটারকে পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। ‎বৃহস্পতিবার সাড়ে ১১টার দিকে তাঁকে এ দণ্ড দেওয়া হয়। বিপ্লব দাস পৌরসভার কালীবাড়ি এলাকার বাসিন্দা।

সিরাজগঞ্জ

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় জাল ভোট দেওয়ার চেষ্টার অভিযোগে রুবেল হোসেন (২২) নামের এক তরুণকে দুই বছরের কারাদণ্ড দিয়েছেন নির্বাচনী অনুসন্ধান ও বিচারক কমিটি। বৃহস্পতিবার দুপুরে উল্লাপাড়া উপজেলার কয়ড়া ফাজিল ডিগ্রি মাদ্রাসা ভোটকেন্দ্র থেকে আটকের পর তাঁকে সাজা দেওয়া হয়। দণ্ড পাওয়া রুবেল হোসেন উপজেলার কয়ড়া চরপাড়া গ্রামের আলতাফ হোসেনের ছেলে।

অন্যদিকে সিরাজগঞ্জের রায়গঞ্জে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে চারজনকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার রাতে উপজেলার ব্রহ্মগাছা ইউনিয়নের কয়ড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র এলাকায় এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাসুদ রানা। জরিমানা দেওয়া ব্যক্তিরা হলেন ব্রহ্মগাছা ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য মো. নূরনবী, কয়ড়া গ্রামের জাহাঙ্গীর আলম, আলী আকবর ও আলম।

বগুড়া

বগুড়ার শিবগঞ্জ উপজেলার রায়নগর ইউনিয়নের দারুস সুন্নত সিদ্দিকিয়া সিনিয়র মাদ্রাসা ভোটকেন্দ্রে অনুপ্রবেশের অভিযোগে তাহেরুল ইসলাম নামে বিএনপির স্থানীয় এক নেতাকে আটকের পর দুই হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার বেলা ১১টার দিকে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল মামুন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ দণ্ড দেন। তাহেরুল ইসলাম রায়নগর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক।

ফেনীতে ভোটের আগের রাতে জোর করে কেন্দ্রে প্রবেশ করার অভিযোগে আটকের পর ১৩ জনকে জরিমানা করেছেন সহকারী রিটার্নিং কর্মকর্তা। গতকাল বুধবার রাতে ফেনী-১ আসনের ছাগলনাইয়া পৌরসভার দক্ষিণ সতের সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে এ ঘটনা ঘটে। এ সময় সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ ফারহানা পৃথা তাঁদের ৩৯ হাজার টাকা জরিমানা করেন।

ফরিদপুর

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় ভোটকেন্দ্রে বিশৃঙ্খলা তৈরি করার দায়ে উপজেলা কৃষক দলের সভাপতি কামরুল হাসানকে (৪৩) ছয় হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার দুপুরে উপজেলা সদর ইউনিয়নের মৌলভীরচর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ভ্রাম্যমাণ আদালত চালান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) যায়েদ হোছাইন। কামরুল চরভদ্রাসন উপজেলার আব্দুল মজিদ খার ডাঙ্গী গ্রামের বাসিন্দা।

এদিকে ফরিদপুর সদর উপজেলার বিসমিল্লাহ শাহ দরগাহ ফাজিল মাদ্রাসা কেন্দ্রের ভোট কক্ষের ভেতরে ভোটারদের মধ্যে টাকা বিতরণের অভিযোগে বিএনপির প্রার্থীর এক পোলিং এজেন্টকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে এক মাসের কারাদণ্ডের আদেশ দিয়েছেন নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি। দণ্ড পাওয়া তানজির ইসলাম বিএনপির প্রার্থী চৌধুরী নায়াব ইউসুফ আহমেদের ধানের শীষের পোলিং এজেন্ট হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

কুষ্টিয়া

কুষ্টিয়ার মিরপুরে ভোট না দিয়ে ব্যালট নিয়ে বাইরে চলে যাওয়া এবং সাদা কাগজে কিছু লিখে ব্যালট বাক্সে ফেলার দায়ে শাহীন আলী (২০) নামের এক তরুণকে তিন বছরের কারাদণ্ড এবং এক হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ১৫ দিনের কারাদণ্ডের আদেশ দিয়েছেন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জান্নাতুল ইসলাম। গতকাল সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার তালবাড়িয়া উচ্চবিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে। শাহীন উপজেলার নওদা গোবিন্দপুর গ্রামের আবদুল মালিথার ছেলে।

কিশোরগঞ্জ

কিশোরগঞ্জের হোসেনপুরে জাল ভোট দেওয়ার অভিযোগে ইমরান মিয়া (২০) নামের এক যুবককে দুই বছরের কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল দুপুরে উপজেলার পিপলাকান্দি উচ্চবিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে। দণ্ড পাওয়া ইমরান মিয়া উপজেলার পিপলাকান্দি গ্রামের আবুল কাশেমের ছেলে।

টাঙ্গাইল

টাঙ্গাইলের মির্জাপুরে ভোটের সময় টাকা বিতরণের অভিযোগে জয়নাল আবেদীন নামে জামায়াতের এক নেতাকে আটকের পর তিন হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তারেক আজিজ তাঁর কাছ থেকে জরিমানার টাকা আদায় করেন। জয়নাল আবেদীন উপজেলার গোড়াই ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড জামায়াতের দপ্তর সম্পাদক।

রাজশাহী

রাজশাহীতে নির্বাচনী আচরণবিধি ভঙ্গের অভিযোগে দুজনকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। গতকাল সকালে নগরের শিরোইল কলোনি উচ্চবিদ্যালয় ভোটকেন্দ্র থেকে আটকের পর রাজশাহীর সিনিয়র সিভিল জজ এবং নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির প্রধান মো. শাহীন কবীর এ দণ্ড দেন। তাঁরা দুজনই শিক্ষার্থী।

পঞ্চগড়

পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় নমুনা ব্যালটসহ আটক জাতীয় যুবশক্তির এক নেতাকে তিন বছরের সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করেছেন নির্বাচনকালীন বিচারিক আদালত। গতকাল সকালে আটোয়ারী মডেল পাইলট উচ্চবিদ্যালয় কেন্দ্রের সামনে থেকে তাঁকে আটকের পর বিচারিক আদালতের বিচারক রানা পারভেজ এ দণ্ডাদেশ দেন। ওই ব্যক্তির নাম সুকুমার দাস (৪৪)। তিনি জাতীয় যুবশক্তির আটোয়ারী উপজেলা শাখার আহ্বায়ক এবং উপজেলার ফকিরগঞ্জ বাজার খ্রিষ্টান পাড়া এলাকার বাসিন্দা।

শেরপুর

শেরপুরে ব্যালট ছিনতাই ও অবৈধভাবে ধানের শীষ প্রতীকে সিল মারার দায়ে মাসুদ মিয়া (৩৫) নামের এক ব্যক্তিকে তিন বছরের সশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন সংক্ষিপ্ত বিচারিক আদালত। গতকাল দুপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. হাসান ভূঁইয়া এ রায় দেন। একই ঘটনায় নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে লাঙ্গল প্রতীকের এক এজেন্টকে দুই হাজার টাকা জরিমানা করা হয়। দণ্ড পাওয়া মাসুদ মিয়া সদর উপজেলার নলবাইদ এলাকার বাসিন্দা এবং লাঙ্গল প্রতীকের এজেন্টের নাম মো. বেলাল হোসেন (৪৮)। তিনি নলবাইদ এলাকার হাবিবুর রহমানের ছেলে।

সুনামগঞ্জ

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন ও গোপন কক্ষের ছবি তোলার অপরাধে সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার শরিশ্যাম, গাবী ও জিংলীগড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র এলাকার চারজন ব্যক্তিকে ১১ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সঞ্জয় ঘোষ তাঁদের জরিমানা করেন। চারজনের মধ্যে উপজেলার মীর্জাপুর গ্রামের মেহেদী হাসানকে (২১) পাঁচ হাজার টাকা, নিজগাবী গ্রামের হাসিবুল হককে (২১) তিন হাজার টাকা, বেরিকান্দি গ্রামের মো.রফিকুল ইসলামকে (৪২) দুই হাজার টাকা ও হাবিবুল্লাহকে (৩০) এক হাজার টাকা জরিমানা করা হয়।