তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যম মানুষের মনোজগৎ গঠনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বর্তমান বিশ্বে এই মাধ্যমগুলোর প্রভাব ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। ফলে এগুলোর ওপর নৈতিক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা এখন সময়ের অন্যতম বড়ো চ্যালেঞ্জ। গতকাল রোববার বাংলাদেশ চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউটের (বিসিটিআই) ছয়টি স্বল্পমেয়াদি কোর্সের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, মানুষ স্বভাবতই অন্যের কথা শুনতে, বুঝতে এবং বিশ্বাস করতে চায়। এই বিশ্বাসকে কেন্দ্র করে সমাজে প্রভাবশালী ব্যক্তিরা মানুষের চিন্তাকে প্রভাবিত করতে পারেন, যা একদিকে যেমন ইতিবাচক ভূমিকা রাখতে পারে, অন্যদিকে অপব্যবহারের ঝুঁকিও রয়েছে। তিনি বলেন, গণমাধ্যম, চলচ্চিত্র ও সৃষ্টিশীল খাতে যারা কাজ করেন, তাদের ওপর বর্তমানে বড় দায়িত্ব রয়েছে। নৈতিকতা ও পেশাগত মানদণ্ড অনুসরণ না করলে এই শক্তিশালী মাধ্যম সমাজের জন্য ক্ষতিকর হয়ে উঠতে পারে। তিনি আরো বলেন, সরকার ভবিষ্যতে সৃষ্টিশীল ও প্রশিক্ষণমূলক প্রতিষ্ঠানগুলোকে আরো আধুনিক, বিস্তৃত ও কার্যকর করার লক্ষ্যে কাজ করছে।
চলচ্চিত্রের প্রভাব সম্পর্কে মন্ত্রী বলেন, চলচ্চিত্র এমন একটি শক্তিশালী মাধ্যম- যা মানুষকে হাসাতে, কাঁদাতে এবং গভীরভাবে প্রভাবিত করতে পারে। এই শক্তিকে মানবতা ও সভ্যতার কল্যাণে কাজে লাগানোর আহ্বান জানান তিনি।
উদ্বোধনী বক্তব্যে তিনি কোর্সে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের প্রযুক্তিগত জ্ঞান অর্জনের পাশাপাশি নৈতিক মানদণ্ড ও দায়িত্ববোধকে সমান গুরুত্ব দেওয়ার পরামর্শ দেন। অনুষ্ঠান শেষে মন্ত্রী আনুষ্ঠানিকভাবে ছয়টি স্বল্পমেয়াদি কোর্সের উদ্বোধন ঘোষণা করেন এবং সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান। বাংলাদেশ চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউটের প্রধান নির্বাহী আবুল কালাম মোহাম্মদ শামসুদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মুহম্মদ হিরুজ্জামান এনডিসি, বাংলাদেশ বেতারের মহাপরিচালক এ এস এম জাহীদ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগের চেয়ারপার্সন ড. শাহ নিস্তার জাহান কবীর, বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের ভাইস চেয়ারম্যান এস এম আব্দুর রহমান।