বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা জানিয়েছেন, বাংলাদেশীদের জন্য স্থগিত থাকা ভারতীয় ট্যুরিস্ট ভিসা চালুর বিষয়ে আপাতত কোনো সুনির্দিষ্ট সুখবর নেই। তবে ভিসা প্রক্রিয়া পুনরায় স্বাভাবিক করার প্রচেষ্টা অব্যাহত রয়েছে এবং এটি চালু হলে যথাসময়ে তা জানিয়ে দেওয়া হবে। এর আগে গত ২ মার্চ তিনি দ্রুতই ভিসা কার্যক্রম স্বাভাবিক হওয়ার আশাবাদ ব্যক্ত করলেও আজকের বক্তব্যে কিছুটা ভিন্ন সুর লক্ষ্য করা গেছে।

গতকাল সোমবার প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীরের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি।

ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা বলেন, ভিসা চালুর চেষ্টা অব্যাহত রয়েছে। ভিসা যখন চালু হবে, তখনই জানা যাবে। চলতি মাসের শুরুর দিকে ভারতীয় হাইকমিশনার বলেছিলেন, খুব শিগগিরই ভারত ও বাংলাদেশের মধ্যে ভিসা কার্যক্রম স্বাভাবিক হবে।

প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টার সঙ্গে আলোচনার বিষয়ে ভারতীয় হাইকমিশনার বলেন, ভারত বাংলাদেশের ক্রস বর্ডার পাওয়ার ও ক্রসবর্ডার এনার্জি কানেক্টিভিটি নিয়ে আলোচনা হয়েছে। কীভাবে এটাকে আরও শক্তিশালী করা যায়, তা নিয়ে আমরা আলোচনা করেছি। আমরা চলমান প্রকল্প নিয়ে আলোচনা করেছি।