বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ বলেছেন, রাষ্ট্রীয় ব্যবস্থাপনার বিভিন্ন ক্ষেত্রে সরকারের অদক্ষতার কারণে জনগণের মধ্যে হতাশা ও উদ্বেগ ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, প্রশাসনিক দুর্বলতা এবং জনভোগান্তি নিরসনে কার্যকর উদ্যোগের অভাব দেশের মানুষের প্রত্যাশাকে ব্যাহত করছে।

গতকাল রোববার সকালে শরিয়তপুর জেলা জামায়াতের উপজেলা দায়িত্বশীলদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, জনগণ একটি দায়িত্বশীল, জবাবদিহিমূলক ও জনকল্যাণমুখী রাষ্ট্রব্যবস্থা প্রত্যাশা করে। কিন্তু গত কয়েক মাসের বাস্তবতায় দেখা যাচ্ছে, সরকারের বিভিন্ন পদক্ষেপ কাক্সিক্ষত ফলাফল অর্জনে ব্যর্থ হচ্ছে। এর ফলে সাধারণ মানুষ নিত্যদিনের জীবনযাত্রায় নানা ধরনের সংকট ও অনিশ্চয়তার মুখোমুখি হচ্ছে।

তিনি আরও বলেন দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি চরম অবনতি হচ্ছে। বিভিন্ন পত্রপত্রিকার রেফারেন্স দিয়ে তিনি বলেন, মাত্র চার মাসে ১,১৪২টি হত্যা, ৫,৯৯৮টি নারী-শিশু নির্যাতন, ৩৪৭টি অপহরণ এবং ৪,০৯৯টি চুরি-ছিনতাইয়ের ঘটনা-এ পরিসংখ্যানই দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতির নির্মম চিত্র। গণপিটুনি, ধর্ষণ, চাঁদাবাজি ও সহিংসতায় জননিরাপত্তা আজ চরম হুমকির মুখে। তিনি বলেন জনগণ প্রতিশ্রুতি নয়, নিরাপত্তা ও আইনের শাসনের কার্যকর বাস্তবায়ন দেখতে চায়।

সর্বশেষ তিনি আশা প্রকাশ করেন যে, জাতীয় স্বার্থ, সুশাসন এবং জনগণের কল্যাণকে প্রাধান্য দিয়ে সরকার প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করবে এবং দেশের চলমান সংকট উত্তরণে কার্যকর ভূমিকা পালন করবে।

শরিয়তপুর জেলা আমীর আব্দুর রব হাসেমীর সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন জেলা নায়েবে আমীর কেএম মকবুল হোসাইন, জেলা সেক্রেটারী মাসুদুর রহমান, জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা আনোয়ারুল হক ও মুহাম্মাদ মুজিবুল হকসহ কেন্দ্র ও জেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।