আজকের ছুটির দিনে আবারো জমে উঠবে অমর একুশে বইমেলা। অবিভাবকদের হাতে হাত রেখে কোমলমতি শিশুরা আসবে মেলা প্রাঙ্গণে। সপ্তাহজুড়ে ঠিক সেই অপেক্ষায় আছেন প্রকাশকরা। আজ শুক্রবার সাপ্তাহিক ছুটির দিন। প্রতিটি ছুটির দিনে ছবি আঁকা-গান ও আবৃত্তির আয়োজনে মেতে ওঠে শিশুরা। নতুন বই কেনার আনন্দে স্টলে স্টলে উচ্ছ্বাস নিয়ে ঘুরে বেড়ায় বাবা কিংবা মায়ের হাত ধরে। সন্তানদের এমন মুক্ত পরিবেশে সময় কাটাতে দেখে উচ্ছ্বসিত অভিভাবকেরাও।
এদিকে গতকাল বৃহস্পতিবার বইমেলার সোহরাওয়ার্দী উদ্যান অংশে মাদকসেবীদের উৎপাত, মশা, ধুলাসহ নানা অব্যবস্থাপনার কথা উল্লেখ করে বাংলা একাডেমির মহাপরিচালক বরাবর গতকাল চিঠি দিয়েছে প্রকাশক ঐক্য। এ বিষয়ে মেলা পরিচালনা কমিটির সদস্য সচিব সেলিম রেজা বলেন, প্রকাশক ঐক্য থেকে আমরা একটা চিঠি পেয়েছি। এটি মেলা কমিটির সভায় উপস্থাপন করা হবে এবং এ বিষয়ে পদক্ষেপ গ্রহণ করা হবে।
এদিন মেলায় নতুন বই এসেছে ৮১টি। এ দিন বিকেল ৩টায় মূলমঞ্চে অনুষ্ঠিত হয় ‘স্মরণ : সন্জীদা খাতুন’ শীর্ষক আলোচনা অনুষ্ঠান। প্রবন্ধ উপস্থাপন করেন মফিদুল হক। আলোচনায় অংশ নেন অধ্যাপক মোহাম্মদ আজম। সভাপতিত্ব করেন ভীষ্মদেব চৌধুরী।