জ্বালানি তেল বিক্রিতে রেশনিংসহ বিধিনিষেধ তুলে নেওয়ার আদেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। গতকাল রোববার মন্ত্রণালয়ে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের কনফারেন্স রুমে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে তিনি তথ্য জানান।

জ্বালানি মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, বর্তমানে জ্বালানি সরবরাহ পরিস্থিতির উন্নতি হওয়ায় আগের আরোপিত বিধিনিষেধ শিথিল করা হয়েছে। রেশনিং ব্যবস্থা তুলে নেওয়ার ফলে এখন ফিলিং স্টেশনগুলো নিজেদের চাহিদা অনুযায়ী ডিপো থেকে জ্বালানি তুলতে পারবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কর্মকর্তারা। এই সিদ্ধান্তের ফলে ডিপো থেকে কী পরিমাণ জ্বালানি নেওয়া যাবে সে বিষয়ে ফিলিং স্টেশনগুলোর ওপর আর কোনো সীমাবদ্ধতা থাকবে না।

এর আগে, মধ্যপ্রাচ্যে ইরান-ইসরাইল সংঘাতের কারণে বৈশ্বিক জ্বালানি সরবরাহ শৃঙ্খলে বিঘ্ন সৃষ্টি হওয়ায় দেশে চাহিদামতো জ্বালানি তেল পাওয়া নিয়ে উদ্বেগ তৈরি হয়েছিল। পরে চট্টগ্রাম বন্দরে আমদানি করা একাধিক তেলবাহী জাহাজ পৌঁছানোর পর সে উদ্বেগ অনেকাংশেই কমে গেছে। এর পরিপ্রেক্ষিতে রোববার থেকেই জ্বালানি রেশনিং প্রত্যাহারের কথা জানান বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। ইরান-আসরাইল সংঘাতে আন্তর্জাতিক জ্বালানি সরবরাহব্যবস্থা ব্যাহত হওয়ায় সম্ভাব্য ঘাটতি মোকাবিলায় কয়েকদিন আগে জ্বালানি বিতরণে রেশনিংসহ বেশ কয়েকটি বিধিনিষেধ আরোপ করেছিল সরকার।

প্রতিমন্ত্রী বলেন, চট্টগ্রাম বন্দরে আমদানি করা তেলের একাধিক চালান পৌঁছানোর পর জ্বালানি বিতরণে আরোপিত সব বিধিনিষেধ তুলে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”