সমাজের সুবিধাবঞ্চিত ও পথশিশু সহ ঈদের আনন্দকে সার্বজনীন এবং উৎসবমূখর করতে সরকার, সকল রাজনৈতিক দল সহ সমাজের সক্ষম ও বিত্তমান মানুষকে মুক্তহস্তে এগিয়ে আসার আহবান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমীর মোহাম্মদ সেলিম উদ্দিন।

তিনি আজ রোববার সকাল ১০ টায় রাজধানী উত্তরার রাজলক্ষ্মী মাঠে উত্তরা জামায়াত আয়োজিত পথশিশু ও রাস্তার মানুষের ঈদকে আনন্দঘন করতে তাদের পছন্দ মতো নতুন জামা-কাপড় কিনে উপহার প্রদান বিষয়ক ‘পথশিশুদের ঈদ আনন্দ’ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। উত্তরা পশ্চিম অঞ্চলের সহকারী পরিচালক মাহবুবুল আলমের সভাপতিত্বে ও কামরুল হাসানের পরিচালনায় কর্মসূচিতে উপস্থিত ছিলেন উত্তরা মডেল থানা সেক্রেটারি বদিউজ্জামাল বকুল, জামায়াত নেতা আনোয়ার হোসাইন মোল্লা ও বিশিষ্ট ব্যবসায়ী আনোয়ার হোসেন প্রমূখ।

সেলিম উদ্দিন বলেন, সমাজের অবহেলিত ও সুবিধাবঞ্চিত মানুষের সকল সমস্যা সমাধানের দায়িত্ব রাষ্ট্রের। কিন্তু সৎলোকের শাসনের অভাবে এসব প্রান্তিক জনগোষ্ঠী রাষ্ট্রের কল্যাণ থেকে বঞ্চিত হচ্ছে। মূলত, সাধারণ মানুষের কল্যাণ এবং ঈদকে উপভোগ্য ও আনন্দঘন করে তোলার জন্য রাষ্ট্রের কর্মসূচি থাকা দরকার। সকল শ্রেণির মানুষ যাতে সমানভাবে ঈদের আনন্দকে নিজেদের জন্য ভাগাভাগী করতে পারে সেজন্য সার্বিক পদক্ষেপ গ্রহণ করার দায়িত্ব সরকারের। কিন্তু রাষ্ট্্েরর উপর্যুপরি ব্যর্থতার কারণেই আজ আমরা সুবিধাবঞ্চিত শিশুদের জন্য ‘ইচ্ছে পূরণ-৩’ কর্মসূচি পালন করছি। যা প্রয়োজনের তুলনায় খুবই অপ্রতুল। কারণ, রাষ্ট্রের প্রয়োজন সাংগঠনিকভাবে সমাধান সম্ভব নয়। তাই ঈদকে আনন্দঘন সহ সাধারণ মানুষের মুখে হাসি ফোটাতে দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করার বিকল্প নেই। তিনি আর্ত-মানবতার কল্যাণ ও মুক্তির জন্য ন্যায়-ইনসাফের সমাজ প্রতিষ্ঠায় সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান।

তিনি বলেন, বছর ঘুরে আমাদের মাঝে ফিরে আসছে পবিত্র ঈদুল ফিতর। সর্বসাধারণের জন্য ঈদকে আনন্দঘন করার দায়িত্ব রাষ্ট্রের। কিন্তু আমাদের দেশে এখনো কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠিত না হওয়ায় এ দায়িত্ব এখন সমাজের সক্ষম, বিদ্যবান ও আত্মসচেতন মানুষের ওপর। এজন্য সকলকে ঐক্যবদ্ধ ও আন্তরিকতার সাথে কাজ করতে হবে। ঈদের আনন্দ ভাগাভাগী করে করে নিতে হবে সকলের সাথে। কাউকে ঈদ আনন্দ থেকে বঞ্চিত করা যাবে না। তিনি প্রান্তিক জনগোষ্ঠীকে ঈদের মূল ধারার আনন্দে সম্পৃক্ত করতে সকলকে সকলকে স্ব স্ব অবস্থান থেকে দায়িত্ব পালনের আহবান জানান।