বাংলা নববর্ষ ও পহেলা বৈশাখ উপলক্ষে এসএমই ফাউন্ডেশনের উদ্যোগে রাজধানীতে শুরু হয়েছে ৭ দিনের এসএমই বৈশাখী মেলা। বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে শুরু হওয়া এই মেলা চলবে ১৮ এপ্রিল পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত মেলা চলবে।
গতকাল রোববার বিকেলে রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে মেলার উদ্বোধন করেন শিল্প, বাণিজ্য এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
এ সময় আরও উপস্থিত ছিলেন এসএমই ফাউন্ডেশনের চেয়ারপারসন ও শিল্পসচিব মো. ওবায়দুর রহমান, এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক আনোয়ার হোসেন চৌধুরী প্রমুখ। মেলার আয়োজকরা জানান, মেলায় ১৫০টিরও বেশি স্টলে হস্ত ও কারুশিল্প পণ্য, পাটজাত পণ্য, তৈরি পোশাক ও ফ্যাশন সামগ্রী, কৃষি প্রক্রিয়াজাত পণ্য, ঐতিহ্যবাহী/হেরিটেজ পণ্য, প্রস্তুত খাবার ও স্ট্রিট ফুড, কৃত্রিম গয়না, চামড়াজাত পণ্য এবং সুগন্ধি ও লাইফস্টাইল পণ্যের এসএমই উদ্যোক্তারা তাদের পণ্য প্রদর্শন ও বিক্রয় করবে। এটি শুধু একটি মেলা নয়Ñএটি একটি পূর্ণাঙ্গ সাংস্কৃতিক আয়োজন, যেখানে একসঙ্গে উপভোগ করা যাবে কেনাকাটা, বিনোদন, লাইভ পরিবেশনা এবং লোকজ ঐতিহ্যের অসাধারণ সমন্বয়।
আয়োজকরা জানান, প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা (পহেলা বৈশাখ সকাল ৮টা থেকে বর্ষবরণ অনুষ্ঠান শুরু হবে) পর্যন্ত এই মেলা চলবে। ১২ এপ্রিল মেলায় বিশেষ আকর্ষণ হিসেবে থাকবে মণিপুরি নৃত্য ও গম্ভীরা গান। ১৩ এপ্রিলের বিশেষ আকর্ষণ শান্তা মারিয়াম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ ও কুদ্দুস বয়াতির পরিবেশনা। ১৪ এপ্রিল (পহেলা বৈশাখ) থাকবে সোহান আলী, প্রজন্ম (নৃত্য পরিবেশনা) ওশান মিউজিক ক্রু, নৃত্যছায়া ও বাউল সংগীত।
এসএমই ফাউন্ডেশন জানায়, মেলায় দর্শনার্থীদের জন্য নানা ধরনের ঐতিহ্যবাহী ও বিনোদনমূলক আয়োজনের মধ্যে থাকছে নাগরদোলা, ফেস পেইন্টিং, টিয়া পাখির মাধ্যমে ভাগ্য গণনা, বানর খেলা, কিডস জোন, বেলুন শুটিং, রণপা, আদিবাসী ও লোকজ নৃত্য (গম্ভীরা, মণিপুরি), লাইভ টি-শার্ট পেইন্টিং ও ঢাক-ঢোলের পরিবেশনা।
মেলায় একটি ব্যতিক্রমধর্মী আকর্ষণ হিসেবে থাকছে টোকাই গ্রুপ, যারা পুরো মেলাজুড়ে লাইভ স্ট্রিট পারফরম্যান্সের মাধ্যমে দর্শনার্থীদের সরাসরি সম্পৃক্ত করবে। মেলার অন্যতম প্রধান আকর্ষণ হিসেবে থাকছে টেস্ট অব বাংলাদেশ কর্নার, যেখানে দেশের বিভিন্ন অঞ্চলের ঐতিহ্যবাহী স্বাদের সমাহার ঘটবে। থাকবে বাংলাদেশের ৮টি জেলার বিশেষ খাবার।
আয়োজকরা জানান, মেলায় প্রবেশের জন্য দুই ধরনের টিকিটের ব্যবস্থা রাখা হয়েছে। সাধারণ টিকিট (প্রতিদিনের জন্য পৃথক) মূল্য ৩০ টাকা এবং এক্সপ্রেস টিকিট (৭ দিন)Ñ২০০ টাকা (পার্কিং ফ্রি সুবিধাসহ)।