রাজধানীর পল্লবীতে একই পরিবারের চার সদস্যের লাশ উদ্ধারের ঘটনায় রহস্য দানা বাঁধছে। বৃহস্পতিবার দুপুরে নিজ বাসা থেকে দুই শিশু সন্তানসহ স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার করা হলেও মৃত্যুর প্রকৃত কারণ নিয়ে এখনো অন্ধকারে পুলিশ ও স্বজনরা। ঘটনার ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও চার মৃত্যুর রহস্যজট এখনো খোলেনি। পুলিশের প্রাথমিক ধারণা, মাসুম তার স্ত্রী ও সন্তানদের হত্যার পর নিজেই গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন। শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে নিহত ফাতেমা আক্তার সুমির বড় ভাই নজরুল ইসলাম বলেন, গত ১৫ বছর আগে আমার বোন সুমির সঙ্গে প্রেমের সম্পর্কের সূত্র ধরে মাসুমের বিয়ে হয়। আমার বোনের দুই ছেলে ও এক মেয়ে ছিল।