বাংলাদেশে চলমান জাতীয় নির্বাচন ও গণভোটের বিষয়ে ইউরোপীয় ইউনিয়ন নির্বাচন পর্যবেক্ষণ মিশনের (ইইউ ইওএম) প্রধান পর্যবেক্ষক ইভার্স ইজাবস বলেছেন, আজকের (বৃহস্পতিবার) দিনটি বাংলাদেশের গণতন্ত্রের জন্য একটি তাৎপর্যপূর্ণ দিন। ইইউর পর্যবেক্ষক দল বর্তমানে সারাদেশে নির্বাচন পর্যবেক্ষণ করছে।
রাজধানীর নিউ বেইলি রোডের সিদ্ধেশ্বরী গার্লস কলেজে ভোটগ্রহণ শুরুর পরিস্থিতি পর্যবেক্ষণ শেষে তিনি সাংবাদিকদের বলেন, ‘আমি মনে করি, বাংলাদেশের গণতন্ত্রের জন্য এটা একটা বড় দিন।’ ইইউর পর্যবেক্ষক দল বর্তমানে সারাদেশে নির্বাচন পর্যবেক্ষণ করছে।
এই ঐতিহাসিক মুহূর্তে বাংলাদেশে একটি অংশগ্রহণমূলক, নির্ভরযোগ্য ও গ্রহণযোগ্য নির্বাচন প্রত্যাশা করে ইভার্স ইজাবস জানান, দিনব্যাপী ভোটগ্রহণ ছাড়াও তারা দিন শেষে ভোট গণনার প্রক্রিয়াও নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবেন।
নির্বাচন উপলক্ষে ইইউ নির্বাচন পর্যবেক্ষণ মিশন (ইইউ ইওএম) বাংলাদেশের ৬৪টি প্রশাসনিক জেলায় ৯০ জন স্বল্পমেয়াদি পর্যবেক্ষক নিয়োগ করেছে। এই পর্যবেক্ষকরা ভোটকেন্দ্র খোলা, ভোটগ্রহণ, কেন্দ্র বন্ধ করা এবং পরবর্তীতে ব্যালট গণনা ও ফলাফল তৈরির প্রক্রিয়া পর্যবেক্ষণ করবেন।
ইভার্স ইজাবস সাংবাদিকদের বলেন, ‘আমাদের স্বল্পমেয়াদি পর্যবেক্ষকরা দেশের প্রায় প্রতিটি সংসদীয় আসনের শহর ও গ্রামের কেন্দ্রগুলোতে উপস্থিত রয়েছেন। সারাদিন তাদের পাঠানো তথ্য ও প্রতিবেদনগুলো এই ঐতিহাসিক নির্বাচনের একটি নিরপেক্ষ ও তথ্যভিত্তিক মূল্যায়নের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’
তিনি আরো জানান, সারাদেশে ইইউর মোট ২০০ জন পর্যবেক্ষক নিয়োজিত ছিলেন। যারা এই ঐতিহাসিক নির্বাচনের স্বচ্ছতা নিশ্চিত করায় অবদান রাখছেন।