মধ্যপ্রাচ্যে সৃষ্ট নিরাপত্তা পরিস্থিতির কারণে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফ্লাইট বাতিলের হিড়িক পড়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুর পর্যন্ত গত ১৩ দিনে মোট ৪২৩টি ফ্লাইট বাতিল করা হয়েছে। এর মধ্যে গতকালই বাতিল হয়েছে ২৮টি। এ কারণে বিপাকে পড়েছেন মধ্যপ্রাচ্যগামী যাত্রীরা।

বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)-এর জনসংযোগ কর্মকর্তা কাওছার মাহমুদ জানান, ২৮ ফেব্রুয়ারি থেকে মধ্যপ্রাচ্যে সৃষ্ট নিরাপত্তা পরিস্থিতির কারণে ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডান তাদের আকাশসীমা বন্ধ রেখেছে। এ পরিস্থিতিতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফ্লাইট বাতিল শুরু হয়। পরিস্থিতি এখনো বলবৎ রয়েছে। তিনি আরও জানান, গতকাল বিভিন্ন এয়ারলাইনসের মোট ২৮টি ফ্লাইট বাতিল করা হয়েছে। আর ২৮ ফেব্রুয়ারি থেকে এ পর্যন্ত বাতিল হয়েছে মোট ৪২৩টি ফ্লাইট।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) সূত্র জানায়, যুদ্ধপরিস্থিতিতে আকাশপথ বন্ধের কারণে ঢাকা থেকে ২৮ ফেব্রুয়ারি ২৩টি, ১ মার্চ ৪০টি ফ্লাইট, ২ মার্চ ৪৬টি এবং ৩ মার্চ ৩৯টি, ৪ মার্চ ২৮টি, ৫ মার্চ ৩৬টি, ৬ মার্চ ৩৪টি, ৭ মার্চ ২৮টি, ৮ মার্চ ২৮টি এবং ৯ মার্চ ৩৩টি, ১০ মার্চ ৩২ টি, ১১ মার্চ ২৭টি এবং গতকাল ১২ মার্চ ২৮ ফ্লাইট বাতিল হয়।

গতকাল বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে রয়েছে– কুয়েত ৪টি, এয়ার অ্যারাবিয়া (শারজাহ,ইউএই) ৪টি, গালফ এয়ার (বাহরাইন) ২টি। কাতার এয়ারওয়েজ (কাতার) ৪টি, এমিরেটস এয়ারলাইনস (সংযুক্ত আরব আমিরাত) ৪টি, জাজিরা (কুয়েত) ৪টি, ফ্লাইদুবাই (সংযুক্ত আরব আমিরাত) ২টি, ইউএস-বাংলা এয়ারলাইন্স (বাংলাদেশ) ৪টি সহমোট ২৮টি ফ্লাইট বাতিল হয়েছে।