৯ম পে-স্কেলের গেজেট প্রকাশ ও বাস্তবায়নের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান নেয়া সরকারি কর্মচারীদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ হয়েছে। গতকাল শুক্রবার বেলা সোয়া ১১টার পর থেকে এই সংঘর্ষ চলে। এ সময় পুলিশ আন্দোলনকারীদের ওপর টিয়ার গ্যাস, জলকামান ও গ্রেনেড নিক্ষেপ করে।

দুপুর ১২টার দিকে ঘটনাস্থলে আসেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। মোতায়েন করা হয় বিজিবি সদস্যদেরও। এ সময় বেশ কয়েকজন আন্দোলনকারীকে আটক করে পুলিশ। এর আগে সকালে ৯ম পে-স্কেলের গেজেট প্রকাশ ও বাস্তবায়নের দাবিতে ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হন সরকারি চাকরিজীবীরা। এরপর সেখান থেকে মিছিল নিয়ে যমুনা অভিমুখে যাত্রা করেন তারা।

বেলা ১১টার দিকে হোটেল ইন্টারকন্টিনেন্টালের পাশের সড়কে পুলিশের দেয়া ব্যারিকেড ভেঙে যমুনা অভিমুখে যান তারা। এ সময় বিভিন্ন স্লোগন দেন সরকারি চাকরিজীবীরা। আন্দোলনকারীরা জানান, আজকের মধ্যেই ৯ম পে স্কেলের গেজেট প্রকাশ করতে হবে, অন্যথায় তারা বাড়ি ফিরবেন না। বিগত দিনে বারবার আশ্বাস দেয়া হলেও গেজেট প্রকাশ না করায় ক্ষোভ জানান তারা। এছাড়া অন্তর্বর্তী সরকারের সময় পে-কমিশন গঠন হলেও গেজেট প্রকাশ না হওয়ায় অবিচার করা হয়েছে বলেও অভিযোগ তাদের।

জামায়াতের উদ্বেগ

সরকারি কর্মচারীদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ ও বলপ্রয়োগের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারি সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বিবৃতি দিয়েছেন। বিবৃতিতে তিনি বলেন, নবম পে-স্কেলের গেজেট প্রকাশ ও বাস্তবায়নের দাবিতে সরকারি চাকরিজীবীরা সকালে ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে শান্তিপূর্ণভাবে সমাবেশ করেন। পরে সেখান থেকে মিছিল নিয়ে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার দিকে অগ্রসর হলে বেলা সোয়া ১১টার পর পুলিশ তাদের ওপর দফায় দফায় লাঠিচার্জ, টিয়ার গ্যাস ও জলকামান নিক্ষেপ করে। এতে বহু সরকারি কর্মচারী আহত হন। এই ঘটনায় আমি গভীর উদ্বেগ প্রকাশ করছি। তিনি আরও বলেন, শান্তিপূর্ণভাবে দাবি আদায় করা প্রত্যেক নাগরিকের সাংবিধানিক অধিকার। যৌক্তিক দাবি উত্থাপনের জবাবে বলপ্রয়োগের ঘটনা কোনো সমাধান বয়ে আনবে না। সরকারি কর্মচারীরা রাষ্ট্র পরিচালনার গুরুত্বপূর্ণ অংশীদার। তাদের ন্যায্য দাবিকে সম্মান জানিয়ে দ্রুত তা বাস্তবায়নে কার্যকর উদ্যোগ নেওয়া সরকারের দায়িত্ব। বাংলাদেশ জামায়াতে ইসলামীর সম্মানিত আমীর ডা. শফিকুর রহমান সরকারি কর্মচারীদের যৌক্তিক দাবি আলাপ-আলোচনার ভিত্তিতে সমাধানের পক্ষে। তিনি শান্তিপূর্ণ উপায়ে উদ্ভূত পরিস্থিতি সমাধানের জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন।