পবিত্র ঈদুল ফিতরের ছুটি কাটিয়ে আবারও কর্মব্যস্ত জীবনে ফিরতে রাজধানীমুখী হচ্ছেন কর্মজীবী মানুষ। ঈদের তৃতীয় দিন থেকেই ঢাকায় ফেরার এই চাপ স্পষ্ট হয়ে উঠেছে নদীপথে।
সোমবার (২৩ মার্চ) ভোর থেকে সদরঘাট লঞ্চ টার্মিনাল এলাকায় দক্ষিণাঞ্চল থেকে আসা বিভিন্ন রুটের লঞ্চ ভিড়তে শুরু করে। এতে করে টার্মিনালজুড়ে দেখা গেছে যাত্রীদের সরব উপস্থিতি।
যাত্রীরা বলছেন, দীর্ঘ ছুটি থাকায় এবারের ঈদে স্বজনদের সঙ্গে বেশি সময় কাটাতে পেরে তারা আনন্দিত। একই সঙ্গে বড় ধরনের ভোগান্তি ছাড়াই ঢাকায় ফিরতে পারায় স্বস্তিও প্রকাশ করেছেন অনেকে।
অন্যদিকে, ঈদের তৃতীয় দিনেও ঘরমুখো মানুষের যাত্রা পুরোপুরি থেমে নেই। কেউ কেউ রাজধানীতে ঈদ উদযাপন শেষে এখন গ্রামের পথে রওনা হচ্ছেন আত্মীয়-স্বজনদের সঙ্গে সময় কাটাতে। ঈদের আগের ভিড় এড়াতে অনেকে পরবর্তী সময়ে ভ্রমণ করছেন বলে জানান তারা।