শপথ গ্রহণ শেষে নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন বিদায়ী প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সাথে দেখা করেন প্রফেসর মুহাম্মদ ইউনূস।

এদিকে নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান ও মন্ত্রিসভার অন্য সদস্যদের শপথগ্রহণ অনুষ্ঠান প্রত্যক্ষ করেন বিদায়ী অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। তিনি জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় শপথগ্রহণ অনুষ্ঠানও প্রত্যক্ষ করেন। এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত সংসদ সদস্যদের, প্রধানমন্ত্রীর ও মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। সকালে শুরুতে সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠিত হয় কয়েক ধাপে। এরপর বিকেলে শুরুতে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন তারেক রহমান। এরপর শপথ নেন ২৫ মন্ত্রী, তারপর শপথ নেন ২৪ প্রতিমন্ত্রী।

ভূটানের প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে গতকাল ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সৌজন্য সাক্ষাৎ করেছেন ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে। সাক্ষাৎকালে তোবগে একটি সংকটময় সময়ে অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের জন্য প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানান। বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে নতুন মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে ভুটানের প্রধানমন্ত্রী ঢাকায় এসে পৌঁছান। তাকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্বাগত জানান পররাষ্ট্র উপদেষ্টা এম. তৌহিদ হোসেন।

বাংলাদেশ বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। প্রধান উপদেষ্টার প্রেস উইং এ তথ্য জানিয়েছে।