ইরান যুদ্ধের কারণে ১১ দিনে ঢাকা থেকে মধ্যপ্রাচ্যগামী ৩৬৭টি ফ্লাইট বাতিলের তথ্য দিয়েছে দেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ-বেবিচক। একই সময়ে সীমিত পরিসরে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও ওমানের বিভিন্ন গন্তব্যে যাত্রী নিয়ে ফ্লাইটও ঢাকা ছেড়ে গেছে। সব মিলিয়ে এই সময়ে ঢাকা ছেড়ে যাওয়া ফ্লাইটের সংখ্যা ৩২৫।

গেল ২৮ ফেব্রুয়ারি ইসরায়েল ও যুক্তরাষ্ট্র যৌথভাবে ইরানে হামলায় শুরু করে; জবাবে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালায় ইরান। সেদিন যুদ্ধের ধাক্কায় মধ্যপ্রাচ্যগামী ২৩টি ফ্লাইট বাতিলের তথ্য দেয় বেবিচক। তবে সেদিনও ছয়টি ফ্লাইট মধ্যপ্রাচ্যে গেছে। এর মধ্যে পাঁচটি ছিল সৌদি আরবগামী, আর একটি ওমানের মাস্কাটগামী।

বেবিচকের তথ্য অনুযায়ী, পরদিন ১ মার্চ বাতিল হয়েছে ৪০টি ফ্লাইট। একই দিনে পরিচালিত হয়েছে ২০টি ফ্লাইট। এর মধ্যে সৌদি আরবে ১৬টি ও মাস্কাটে ৪টি ফ্লাইট গেছে। এভাবে প্রতিদিনই মধ্যপ্রাচ্যের সৌদি আরব, ওমান ও সংযুক্ত আরব আমিরাতের বিভিন্ন গন্তব্যে ঢাকা থেকে ছেড়ে গেছে সৌদিয়া, সালাম এয়ার, এয়ার অ্যারাবিয়া, এমিরেটসসহ বিভিন্ন এয়ারলাইন্সের ফ্লাইট। সোমবার এই তিন গন্তব্যে গেছে ৪০টি ফ্লাইট। মঙ্গলবার মোট ৪২টি ফ্লাইট ছাড়ার কথা রয়েছে।

মধ্যপ্রাচ্য নিয়ে সিদ্ধান্তহীনতায় বিমান

তবে রাষ্ট্রীয় পতাকাবাহী এয়ারলাইন্স বিমান বাংলাদেশ এখনো তাদের মধ্যপ্রাচ্য রুট বন্ধ রেখেছে। সোমবার বিমানের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মধ্যপ্রাচ্যে উদ্ভূত পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যগামী যেসকল ফ্লাইট স্থগিত রাখা হয়েছিল, তার মাঝে দোহা, শারজাহ, কুয়েত ও দাম্মাম রুটের ফ্লাইট পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত থাকবে। অন্যদিকে, দুবাই ও আবুধাবি রুটের ফ্লাইট ১০ মার্চ পর্যন্ত স্থগিত থাকবে। পরবর্তীতে পরিস্থিতির উন্নতি এবং সেখানকার এয়ারপোর্ট কর্তৃপক্ষের অনুমোদনপ্রাপ্তি সাপেক্ষে ফ্লাইট দুটি পুনরায় চালু করা হতে পারে। তবে গতকাল মঙ্গলবার ওই দুটো ফ্লাইট চালুর বিষয়ে বিমানের পক্ষ থেকে কিছু জানানো হয়।

ফ্লাইট চালাচ্ছে ইউএস বাংলা

মাঝে অল্প কয়েকদিন বন্ধ থাকলেও এখন নিয়মিতই দুবাই ফ্লাইট চালাচ্ছে বেসরকারি এয়ারলাইন্স ইউএস বাংলা। ১৪ মার্চ থেকে শারজাহ ও আবুধাবি রুটে ফ্লাইট চালানোর ঘোষণাও দিয়েছে তারা। বর্তমানে ২৫টি এয়ারক্রাফটের বহর নিয়ে এটি এখন দেশের বৃহত্তম এয়ারলাইন্স।

ইউএস বাংলা গতকাল মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, আগামী ১৩ মার্চ থেকে শারজাহ এবং ১৪ মার্চ থেকে আবুধাবি রুটে পুনরায় ফ্লাইট শুরু করতে যাচ্ছে এয়ারলাইন্সটি। ১৩ এপ্রিল থেকে সপ্তাহে চারদিন (শুক্র, রবি, মঙ্গল ও বুধবার) ঢাকা থেকে রাত ৮টা ৪৫ মিনিটে শারজাহর উদ্দেশ্যে ছেড়ে যাবে এবং শারজাহ থেকে ঢাকার উদ্দেশ্যে স্থানীয় সময় রাত ১টা ৩০ মিনিটে ছেড়ে আসবে ইউএস বাংলার ফ্লাইট। আর ১৪ এপ্রিল থেকে সপ্তাহে তিন দিন (শনি, সোম ও বৃহস্পতিবার) রাত দেড়টায় ঢাকা ছাড়বে তাদের ফ্লাইট। এছাড়া প্রতি সোমবার চট্টগ্রাম থেকে আবুধাবি এর উদ্দেশ্যে সরাসরি ফ্লাইট ছেড়ে যাবে।

ঢাকা থেকে শনি ও বৃহস্পতিবার (সরাসরি) ৫টা ৫০ মিনিটে এবং সোমবার ৩টা ৫৫ মিনিটে চট্টগ্রাম হয়ে আবুধাবির উদ্দেশ্যে যাত্রা করবে এবং চট্টগ্রাম থেকে সোমবার ৫টা ৫০ মিনিটে আবুধাবি এর উদ্দেশ্যে ফ্লাইট ছেড়ে যাবে এবং আবুধাবি থেকে ঢাকার উদ্দেশ্যে স্থানীয় সময় রাত ১০টা ১০ মিনিটে ফ্লাইট ছেড়ে আসবে।

এছাড়া প্রতিদিন ঢাকা থেকে দুবাই রুটে ফ্লাইট পরিচালনা করে যাচ্ছে এয়ারলাইন্সটি। মধ্যপ্রাচ্যের অন্য গন্তব্য জেদ্দা, রিয়াদ, মাস্কাট রুটেও যাচ্ছে ইউএস বাংলার ফ্লাইট। খুব শিগগিরই ঢাকা থেকে দোহা রুটে পুনরায় ফ্লাইট পরিচালনা শুরুর পরিকল্পনাও তারা করছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।