ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ সুস্থ ও নিরাপদ আছেন বলে জানিয়েছেন তার ঘনিষ্ঠ এক উপদেষ্টা। ইরানজুড়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাম্প্রতিক হামলার প্রেক্ষাপটে তার মৃত্যুর গুঞ্জন ছড়িয়ে পড়লে গত রোববার এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে প্রতিক্রিয়া জানানো হয়।
নাম প্রকাশ না করার শর্তে ওই উপদেষ্টা তুরস্কভিত্তিক বার্তা সংস্থা আনাদোলুকে বলেন, তিনি সরাসরি আহমাদিনেজাদের সঙ্গে কথা বলেছেন। তার ভাষ্য, ‘আমি তার সঙ্গে যোগাযোগ করেছি। তিনি সম্পূর্ণ সুস্থ আছেন।’
উপদেষ্টা আরও জানান, শনিবার আহমাদিনেজাদের নিরাপত্তা কার্যক্রমে ব্যবহৃত একটি ভবনে হামলা চালানো হয়। ওই হামলায় ইরানের বিশেষ বাহিনী (আইআরজিসি)-এর তিন সদস্য নিহত হন। তারা সাবেক প্রেসিডেন্টের নিরাপত্তা দায়িত্বে নিয়োজিত ছিলেন।
তিনি বলেন, আহমাদিনেজাদের ব্যক্তিগত বাসভবন হামলার লক্ষ্যবস্তু ছিল না। এটি হামলার শিকার হওয়া ভবন থেকে প্রায় ১০০ মিটার দূরে অবস্থিত এবং সম্পূর্ণ অক্ষত রয়েছে।
এর আগে কয়েকটি আন্তর্জাতিক গণমাধ্যমে দাবি করা হয়, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিমান হামলায় আহমাদিনেজাদ নিহত হয়েছেন। তবে তার উপদেষ্টার বক্তব্য অনুযায়ী, এ ধরনের খবর ভিত্তিহীন।
উল্লেখ্য, মাহমুদ আহমাদিনেজাদ ২০০৫ সাল থেকে ২০১৩ সাল পর্যন্ত ইরানের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন।